প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বনদস্যুদের তাণ্ডবের কারণে বাবা-মায়ের জীবিকা ব্যাহত হওয়ায় সুন্দরবন উপকূলের শিক্ষার্থীরা নিজেদের পড়াশোনা ও পরিবারের ভবিষ্যৎ রক্ষার উদ্দেশ্যে মানববন্ধন, বিক্ষোভ এবং ‘উপকূলে জাগরণ যাত্রা’ কর্মসূচি পালন করেছেন। শুক্রবার সকাল সাড়ে দশটায় সোরা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা মাঠে এই কর্মসূচির সূচনা হয়। পরে শিক্ষার্থীরা বই-খাতা, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে উপকূলীয় সড়কে বিক্ষোভ করেন। কর্মসূচির সমাপ্তিতে অংশগ্রহণকারীরা খাতার পাতা ছিঁড়ে পানিতে ফেলে প্রতীকী প্রতিবাদ জানান।
স্থানীয়দের মতে, সুন্দরবনে অপহরণ ও চাঁদাবাজির আতঙ্কের কারণে মাছ, কাঁকড়া ও গোলপাতা আহরণ বন্ধ হয়ে যাওয়ায় উপকূলের হাজারো বনজীবী পরিবার আর্থিক সংকটে পড়েছে। এর ফলে অনেক শিক্ষার্থীকে পড়াশোনা ছেড়ে কাজের সন্ধানে বের হতে হচ্ছে। চাঁদনীমুখা এম এম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. রাসেল রানা বলেন, “বাবা-মায়ের বেকারত্ব আমাদের বই-খাতা কেড়ে নিচ্ছে; অবিলম্বে সাঁড়াশি অভিযান চালিয়ে দস্যুদের নির্মূল করতে হবে।”
মাদ্রাসার শিক্ষার্থী সাকিলা পারভীন বলেন, “দস্যুদের ভয়ে বাবা বনে যেতে পারছেন না, ঘরে হাঁড়িতে ভাত নেই। আমাদের পরীক্ষার ফি ও বই কেনার টাকা নেই, আমড়া বাঁচতে চাঁই ও স্কুলে যেতে চাঁই।” শিক্ষার্থী হীরা মণি বলেন, “দস্যুদের তাণ্ডবে একটি পুরো প্রজন্ম অন্ধকারে হারিয়ে গেলে সেই দায় কে নেবে?”
সংকটের বিষয়টি তুলে ধরে অভিভাবক মনোয়ারা খাতুন বলেন, “জীবিকার পথ বন্ধ হওয়ায় সংসার ও সন্তানের পড়াশোনা চালানো অসম্ভব হয়ে পড়েছে, দ্রুত ত্রাণ ও সহায়তা জরুরি।” অপর এক অভিভাবক কামরুল ইসলাম বলেন, “বনদস্যুদের দৌরাত্ম্য থামাতে না পারলে আমড়া না খেয়ে ও সন্তানদের অশিক্ষিত রেখে ধ্বংস হয়ে যাব।”
কর্মসূচিতে চাঁদনীমুখা পরিজান আলেম মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী মো. জুনায়েদ হোসেন, শিক্ষার্থী আশুরা খাতুন, মো. ওয়ায়েজ কুরুনী, মোছা. মুন্নি আক্তার, রাকিব হোসেন, মো. টুটুল ও মো. জিল্লুর রহমান বক্তব্য দেন। খুলনা বিএল কলেজের ইংরেজি সাহিত্যের সম্মান শ্রেণির শিক্ষার্থী মো. জিয়ারুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিটি সঞ্চালনা করেন কলেজ শিক্ষার্থী আশিকুর রহমান। এ সময় শিক্ষকদের পক্ষে মাস্টার আব্দুর রহিম ও শহিদুল ইসলাম এবং অভিভাবকদের পক্ষে গাজীবাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মো. শফিকুল ইসলামসহ স্থানীয়রা সংহতি প্রকাশ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন