০৬:৫২ পি.এম
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টস (বিএজে) প্রধানমন্ত্রী রাশেদ খান কর্তৃক ফেসবুক লাইভে জাতীয় দৈনিক ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলা এবং পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
রোববার সংগঠনটির সভাপতি এম আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক আহমদ মতিউর রহমান এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে বিএজে নেতারা উল্লেখ করেন, একটি শীর্ষস্থানীয় সংবাদপত্র প্রকাশ্যে ছিঁড়ে ফেলা কেবল পত্রিকাটির প্রতি অবজ্ঞা নয়, বরং এটি মুক্ত সাংবাদিকতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত। যদি কোনো সংবাদ বা প্রতিবেদনে ভুল থাকে অথবা কোনো বক্তব্যে আপত্তি থাকে, তাহলে তথ্য ও যুক্তির মাধ্যমে প্রতিবাদ জানানো উচিত, পাশাপাশি প্রেস কাউন্সিল বা আইনি প্রতিকারের সুযোগও রয়েছে। এসব গণতান্ত্রিক পথ এড়িয়ে গিয়ে সংবাদপত্র ছিঁড়ে হুমকি দেওয়া দায়িত্বশীল আচরণ নয়।
আরও পড়ুন: ধর্মমন্ত্রী: চলতি অর্থবছরে ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সম্মানী দেবে সরকার
তারা আরও বলেন, মতের অমিলের জবাব যুক্তি ও সত্যের মাধ্যমে দিতে হবে, সংবাদপত্র ছিঁড়ে নয়। দায়িত্বশীল পদে থেকে এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সংকুচিত করে এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে।
বিবৃতিতে নেতারা উল্লেখ করেন, সংবাদপত্র ছিঁড়ে ফেলা যায়, কিন্তু সত্য প্রকাশের আকাঙ্ক্ষাকে স্তব্ধ করা সম্ভব নয়। গণতন্ত্রে ভিন্নমত ও সমালোচনার জবাব যুক্তি দিয়ে দিতে হয়, অবজ্ঞা বা বলপ্রয়োগের মাধ্যমে নয়।
বিএজে এই ঘটনার অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। একই সঙ্গে সংবাদপত্রের স্বাধীনতা, অবাধ মতপ্রকাশের অধিকার এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
আরও পড়ুন: কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন