০৬:০২ এম
শেষ রাতের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র কুরআন ও হাদিসে শেষ রাতে বিভিন্ন আমলের প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেন, ‘নিশ্চয়ই রাতে জাগরণ প্রবৃত্তি দমনে অধিক সহায়ক এবং স্পষ্ট উচ্চারণে অনুকূল।’ -সূরা মুজ্জাম্মিল
বুজুর্গ আলেমরা শেষ রাতে কিছু আমলের কথা উল্লেখ করেছেন। এই আমলগুলো হলো-
দোয়া ও ইস্তেগফার: শেষ রাতে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, দোয়া করা এবং কিছু চাইতে উৎসাহিত করা হয়েছে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আমাদের রব প্রতি রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন, যখন রাতের এক-তৃতীয়াংশ বাকি থাকে। তিনি বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইবে, আমি তাকে দেব; কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব।’ -সহিহ বুখারি: ১১৪৫
আরও পড়ুন: হজের বর্ধিত কোটায় নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বর
মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা: অন্য একটি হাদিসে এসেছে, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, রাতে আল্লাহতায়ালা তার দয়ার হাত প্রসারিত করেন যেন দিবসের অপরাধী তার কাছে তওবা করে। এভাবে দিনে তিনি তার হাত প্রসারিত করেন, যেন রাতের অপরাধী তার কাছে তওবা করে। এ প্রক্রিয়া চলতে থাকে পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত। -সহিহ মুসলিম: ৬৮৮২
সাধ্যমতো নফল নামাজ পড়া: শেষ রাতের নামাজ পড়ার ব্যাপারে প্রশংসা করা হয়েছে। পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, ‘আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করো তোমার অতিরিক্ত দায়িত্ব হিসেবে। আশা করা যায়, তোমার রব তোমাকে প্রশংসিত অবস্থানে প্রতিষ্ঠিত করবেন।’ -সূরা বনি ইসরাঈল: ৭৯
কুরআনে কারিম তেলাওয়াত করা: কুরআনে কারিম তেলাওয়াত একটি মর্যাদাপূর্ণ ইবাদত। রাতের বেলায় এ আমলের মর্যাদা আরও বৃদ্ধি পায়। পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, ‘হে বস্ত্রাবৃত! রাতে নামাজে দাঁড়ান, কিছু অংশ ছাড়া, রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছুটা কম। অথবা তার চেয়ে বাড়াও আর ধীরে ধীরে সুস্পষ্টভাবে কুরআন পাঠ করো।’ -সূরা মুজ্জাম্মিল: ১-৪
তাসবিহ ও জিকির করা: রাতের ইবাদত শুধুমাত্র নামাজ ও কুরআন পাঠের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং কিছু সময় আল্লাহর তাসবিহ পাঠ করাও অনেক সওয়াবের। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘এবং রাতের একাংশেও তুমি তার তাসবিহ পাঠ করো এবং নামাজের পরও।’ -সূরা কাফ: ৪০
আরও পড়ুন: সন্তানদের বঞ্চিত করে নাতি-নাতনিকে সম্পত্তি দেওয়া যাবে?
অন্য আয়াতে ইরশাদ হয়েছে, ‘আর রাতের একাংশে তার উদ্দেশে সিজদা করো এবং দীর্ঘ রাত ধরে তার তাসবিহ পাঠ করো।’ -সূরা দাহর: ২৬
মহান আল্লাহ আমাদের আমল কবুল করুন। আমিন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন