প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পলিয়ার ওয়াহিদ
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : বিকেল গড়িয়ে দুপুরের আলো। জাতীয় জাদুঘরের ছায়া শাহবাগের বুকে দীর্ঘ হয়ে নেমে এসেছে। সেই ছায়া ভেঙে জাদুঘরের সামনে দাঁড়িয়ে পড়ি। তৃতীয় তলায় পৌঁছানোর পর দেখা যায় ৩৭ নং গ্যালারি, যার নাম ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম: বাঙালি, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ’ ।
গ্যালারির ডানপাশের দেয়ালে তারুণ্যের রবীন্দ্রনাথ এবং যৌবনের বিদ্রোহী কবির দুটি সাদাকালো ছবি রয়েছে। রবীন্দ্রনাথের ছবির পাশে বাংলা ১৩০২ সনে লেখা ‘বঙ্গমাতা’ এবং কাজী নজরুলের ছবির পাশে ‘কাণ্ডারী হুঁশিয়ার’ কবিতা। নজরুলের সামনে থাকা ডেস্কটি খালি, কিন্তু রবীন্দ্রনাথের ডেস্কে একটি আবক্ষ মূর্তি রয়েছে। আরও সামনে এগিয়ে ২৯ নং গ্যালারিতে দেখা যায় বিশাল তানপুরা বাজিয়ে জলসা জমিয়ে ফেলেছেন গায়ক নজরুল। যে তানপুরা এতদিন ছবিতে দেখা গেছে, সেটি সরাসরি দেখা হলো।
এছাড়া জাদুঘরের বিশ্রামাগারের একটি তাকেও রাখা হয়েছে নজরুলের কয়েকটি বই।
এসব স্মৃতিচিহ্ন দেখার পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত জাতীয় জাদুঘরের স্বতন্ত্র কর্নারটি কোথায়? যেটি ‘নজরুল কর্নার’ নামে পরিচিত। অনুসন্ধান করে জানা যায়, সেটি ১৫ বছর ধরে বন্ধ রয়েছে। এটি অবিশ্বাস্য মনে হলেও সত্যি। বিগত ১৫ বছর ধরে জাতীয় জাদুঘরের ‘নজরুল কর্নার’ বন্ধ রাখা হয়েছিল। নজরুলের অমূল্য স্মৃতিচিহ্নগুলো এখন স্টোররুমে রয়েছে। তবে আশার কথা, দীর্ঘ বিরতির পর নতুন আঙ্গিকে কর্নারটি আবার চালুর উদ্যোগ নিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ।
কেন এত বছর ধরে ‘নজরুল কর্নার’ বন্ধ রাখা হয়েছিল? কেন কর্নারের অধিকাংশ স্মৃতিচিহ্ন জাদুঘরের স্টোরে ছিল? এসব প্রসঙ্গ জানতে প্রথমে কথা হয় জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদি শিল্পকলা বিভাগের পরিচালক মনিরুল হকের সঙ্গে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ কেন ১৫ বছর জাতীয় জাদুঘরের নজরুল কর্নার বন্ধ করে রেখেছিল, সে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাদুঘরের ট্রাস্ট্রি বোর্ডের সিদ্ধান্তে ১৭৫৭ সালের পলাশী থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ইতিহাসের ধারাবাহিকতা রক্ষায় ২০১১ সালে তৎকালীন সরকার ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে। সেই কমিটির অন্য সদস্যরা ছিলেন মুনতাসীর মামুন, আবু দেলওয়ার, ফিরোজ মাহমুদ (বর্তমানে বাকপ্রতিবন্ধী) ও পিডি জাহাঙ্গীর হোসেন। ফলে সেই কমিটির সিদ্ধান্তে নজরুল ও রোকেয়া কর্নার সরিয়ে ফেলা হয়।’
কোথায় সরিয়ে নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘নজরুল-রোকেয়ার সামান্য কিছু স্মৃতি রেখে সব ব্যবহার্য জিনিসপত্র স্টোরে রাখা হয়। জায়গা না থাকার কারণে কর্নার আর রাখা সম্ভব হয় না।’
জাতীয় জাদুঘর সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির সাবেক মহাপরিচালক, গবেষক ও ফোকলোরবিদ শামসুজ্জামান খান ২০০১ সালে ‘নজরুল কর্নার’ চালু করেছিলেন। কিন্তু ২০০৯-২০১০ সালের দিকে রাজনৈতিক পটপরিবর্তন ও নতুন ট্রাস্টি বোর্ড গঠনের পর, গ্যালারিতে বাংলাদেশের ইতিহাস—বিশেষ করে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং পরবর্তী ৭৫ সালের সময়কালের ঐতিহাসিক আলোকচিত্র, দলিল ও স্মারকগুলোর বিন্যাস আরও নিখুঁত ও আধুনিক করার সিদ্ধান্ত নেওয়া হয়। সে সময় মহাপরিচালকের দায়িত্বে ছিলেন প্রকাশ চন্দ্র দাশ।
উচ্চ পর্যায়ের কমিটির প্রধান ও ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলামকে ফোন করলে তিনি বলেন, ‘আমার শরীর ভালো না, কানেও শুনি না। অনেক আগের কথা এখন কিছু বলতে পারব না।’
ওই কমিটির প্রকল্প পরিচালক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘প্রায় ১৫ বছর আগের ঘটনা। যতটুকু মনে পড়ে ঐ গ্যালারিগুলো ছিল ইতিহাস বিভাগের। আর গ্যালারিগুলো খালি করে আমাকে কমিটির মাধ্যমে বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল দুটি বিষয়ভিত্তিক প্রদর্শনী উপস্থাপনার জন্য। আমরা ১৭৫৭ সাল থেকে ধারাবাহিকভাবে ইতিহাস উপস্থাপন করেছি। এই ধারণার সাথে কোনো কর্নার কনসেপ্ট যায় না।’
উচ্চ পর্যায়ের কমিটির সদস্য ও ইতিহাসবিদ মুনতাসীর মামুন বলেন, ‘আমি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। ১৫ বছর আগের কথা ঠিক মনে করতে পারছি না। তবে জাদুঘরের ট্রাস্ট্রি বোর্ডের সদস্য ছিলাম। সেই কমিটির কোনো মিটিংও হয়েছিল কি না সন্দেহ।’
বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ও গবেষক সুজিত মোস্তফা বলেন, ‘জাতীয় কবির নামে কর্নার হওয়া ছিল খুবই আনন্দের। কিন্তু একটা মহল নিশ্চয়ই নজরুলকে অবহেলা করেছে। নজরুল যতটা বড় ঠিক সেই বড়ত্ব ধারণ করা হয়নি। সেটা আমাদের পাঠ্য ও বিশ্ববিদ্যালয়গুলোর সিলেবাস দেখলেই বোঝা যায়। নজরুলকে মেনে নিতে কিছু কিছু মহলের আপত্তির কারণে হয়তো নজরুল কর্নার বন্ধ করা হয়েছিল।’
জাতীয় কবির নাতনি ও নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য খিলখিল কাজী বলেন, ‘যখন এটা উদ্বোধন করা হয় তখন আমি উপস্থিত ছিলাম। খুবই খুশি হয়েছিলাম। কিন্তু হঠাৎ করে জাতীয় কবির নামের এ কর্নার বন্ধ হয়ে যাওয়া তো ভালো লক্ষণ না। নজরুল কর্নার কেন বন্ধ হয়ে গিয়েছিল সেটা জানি না।’
কবি, প্রাবন্ধিক, নজরুল গবেষক ও নজরুলের জীবনীভিত্তিক উপন্যাস ‘তুমি শুনিতে চেয়ো না’ এর লেখক কবি মজিদ মাহমুদ বলেন, ‘জাতীয় জাদুঘরে নজরুল কর্নার করার পরে সরিয়ে নেয়া মোটও ভালো লক্ষণ নয়। এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা অবজ্ঞা রয়েছে। তবে যে কারণেই কর্নারটি সরানো হয়ে থাকুক, দ্রুত তা পুনঃস্থাপন করা প্রয়োজন। কোন সিদ্ধান্তে এটি সরানো হয়েছিল, কারা সেই সিদ্ধান্তের সঙ্গে যুক্ত ছিলেন তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। একজন নজরুল গবেষক ও লেখক হিসেবে আমি মনে করি, জাতীয় জাদুঘরে নজরুলের জন্য স্বতন্ত্র ও মর্যাদাপূর্ণ স্থায়ী প্রদর্শনব্যবস্থা থাকা অপরিহার্য।’
জাদুঘরের সাবেক মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী বলেন, ‘নজরুল কর্নার ছিল এটা মনে পড়ে না। ২০১৮ সাল পর্যন্ত কোন কর্নার ছিল না।’
এদিকে জাতীয় কবির স্মৃতি ও অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে আবারও ‘নজরুল কর্নার’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
জাদুঘরের বর্তমান মহাপরিচালক তানজিম ওয়াহাব বলেন, ইতিহাসের ধারাবাহিকতা রক্ষার নামে জাদুঘরে যা কিছু করা হয়েছে, তার পেছনে রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। তা না হলে নজরুলের ব্যবহার্য অমূল্য সামগ্রী স্টোরে পড়ে থাকবে কেন?
তিনি বলেন, সরকার নজরুল বর্ষ ঘোষণা করার পর ‘গাহি সাম্যের গান’ শিরোনামে নজরুল কর্নারের স্মারকসামগ্রী নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আশা করছি, ডিসেম্বর কিংবা জানুয়ারিতে নতুন আঙ্গিকে ‘নজরুল কর্নার’ চালু করতে পারব।
দীর্ঘদিন পর নজরুল কর্নার পুনরায় চালুর উদ্যোগ নিঃসন্দেহে আশাব্যঞ্জক। তবে শুধু একটি কর্নার চালু করাই যথেষ্ট নয়, কবির ব্যবহৃত সামগ্রী, দুর্লভ বই, আলোকচিত্র ও অন্যান্য স্মারকের যথাযথ সংরক্ষণ এবং সেগুলো নিয়ে গবেষণার সুযোগ নিশ্চিত করাও জরুরি। জাতীয় জাদুঘরে নজরুলের জন্য একটি স্থায়ী ও সমৃদ্ধ প্রদর্শনব্যবস্থা গড়ে উঠুক এমন প্রত্যাশা সকল নজরুল প্রেমীর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন