০৭:৩৩ পি.এম
রাজধানীর মোহাম্মদপুরে ধর্ষণের অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার কথিত পীর মো. সোহেল রানাকে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালত রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।
আসামিপক্ষের আইনজীবী আরটিএন আমিত দেওয়ানজী এ তথ্য নিশ্চিত করে জানান, সোহেল রানার পক্ষে জামিনের আবেদন করা হয়েছিল। তবে আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে জামিন শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন নির্ধারণ করেছেন।
এর আগে, মামলাটির তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইখতিয়ার হোসেন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আরও পড়ুন: আজ জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে, ভার্চুয়ালি থাকতে পারেন তারেক রহমান-পুতিন
আবেদনে উল্লেখ করা হয়, প্রাথমিক তদন্তে মামলার ঘটনায় আসামির সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। জামিনে মুক্তি পেলে আসামি পলাতক হতে পারে, যা তদন্ত কার্যক্রমকে ব্যাহত করতে পারে। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন।
গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুরের নুরজাহান রোডের নিজ বাসা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-২) একটি দল। ১১ নভেম্বর মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত)-এর ৯(১) ধারায় সোহেল রানার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী এক নারী। তিনি মামলার এজাহারনামীয় আসামি।
মামলার এজাহার অনুসারে, ভুক্তভোগী নারী একজন সাংস্কৃতিককর্মী। ২০২১ সালে তার স্বামীর ব্যবসায়িক সূত্রে সোহেল রানার সঙ্গে পরিচয় হয়। পরে ভুক্তভোগীর শারীরিক অসুস্থতার কথা জানতে পেরে চিকিৎসার কথা বলে সোহেল রানা তাকে মোহাম্মদপুরের নুরজাহান রোডে নিজের আস্তানায় ডেকে নেন। ২০২৩ সালের ২৪ আগস্ট বিকালে চিকিৎসা ও আধ্যাত্মিক চর্চার কথা বলে ভুক্তভোগীর চোখ ও মুখ কালো কাপড় দিয়ে বেঁধে একটি বিশেষ কক্ষে নিয়ে যান সোহেল। সেখানে তাকে ধর্ষণ করা হয়।
বাদী আরো অভিযোগ করেন, পরবর্তী সময়ে এ ঘটনার ভিডিও ধারণ করা হয়েছে বলে ভয় দেখিয়ে আসামি তাকে চুপ থাকতে বাধ্য করেন। এভাবে একাধিকবার তাকে ধর্ষণ করা হয়েছে। চলতি বছরের ১২ সেপ্টেম্বর অনাগত সন্তানের জন্য তদবির দেওয়ার কথা বলে ভুক্তভোগীকে আবারও নিজের আস্তানায় ডেকে নেন সোহেল রানা। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: সরকার ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন