প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ক্ষমতা স্থায়ী করার উদ্দেশ্যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ হাজার মানুষকে হত্যার (এলিমিনেট) পরিকল্পনা করেছিলেন, এমন দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি উল্লেখ করেন, এই পরিকল্পনার লক্ষ্য ছিল আগামী ৫০ বছর বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো কণ্ঠস্বর বা শক্তি যেন না থাকে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গুম-খুনের মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন। মামলার সাক্ষী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ তৌহিদুল ইসলাম চৌধুরীর জবানবন্দির কিছু অংশ ট্রাইব্যুনালে পড়ে শোনান চিফ প্রসিকিউটর।
চিফ প্রসিকিউটর জানান, সাক্ষী তৌহিদুল ইসলাম তার জবানবন্দিতে উল্লেখ করেন, জিয়াউল ১৯ ডিভিশনে চলে যাওয়ার পরও তাঁদের মধ্যে যোগাযোগ অব্যাহত ছিল। এক সময় জিয়াউল ফোন করে জানায়, আগের দুটি পদোন্নতি বোর্ডে তাঁকে সুপারসিড করা হয়েছে এবং তিনি নিজে যোগাযোগ করে র্যাবে পোস্টিং নিচ্ছেন। তখন জিয়াউল মনে করেছিলেন, মেজর পদই তাঁর সর্বশেষ পদোন্নতি। সেই সময় জিয়াউল তাঁকে জানান, আগের রাতে নানকের মাধ্যমে তিনি গণভবনে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
জবানবন্দির উদ্ধৃতি দিয়ে চিফ প্রসিকিউটর আরও বলেন, তৌহিদুল ইসলামের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ তুলে জিয়াউল জানান, তখন দেশের পরিস্থিতি খারাপ ছিল এবং নতুন সরকার হওয়ায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে আলোচনা হয়। এক পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আর কখনো ক্ষমতা ছাড়বে না এবং দলটি যেন ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকতে পারে, সে জন্য পরিস্থিতি তৈরি করতে হবে। এ জন্য জিয়াউলকে দেশের যেকোনো স্থানে অভিযান পরিচালনার কর্তৃত্ব দেওয়ার কথা বলা হয় এবং ১০ হাজার মানুষকে হত্যার পরিকল্পনার কথা উল্লেখ করা হয়। জবানবন্দিতে বলা হয়, এসব মানুষকে সরিয়ে দেওয়া বা গুম করা গেলে আগামী ৫০ বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর মতো কোনো কণ্ঠ বা শক্তি থাকবে না।
চিফ প্রসিকিউটর জানান, তৌহিদুল ইসলাম তাঁর জবানবন্দিতে আরও বলেন, ওই ১০ হাজার ব্যক্তি কারা—এমন প্রশ্ন করলে জিয়াউল জানান, তাঁদের মধ্যে আনুমানিক ৬ হাজার বিএনপি, ২ হাজার জামায়াত এবং প্রায় ২ হাজার আওয়ামী লীগের লোকজনের কথা বলা হয়েছিল। এ বিষয়ে বিস্ময় প্রকাশ করে তৌহিদুল প্রশ্ন তুললে জিয়াউল জানান, প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী ওই ব্যক্তিরা বিএনপি-জামায়াত থেকে আওয়ামী লীগে আসা।
যুক্তিতর্ক শেষে চিফ প্রসিকিউটর বলেন, প্রসিকিউশন দলের পক্ষ থেকে সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করে যুক্তিতর্ক সম্পন্ন করা হয়েছে। তাদের বিশ্বাস, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করা সম্ভব হয়েছে। এ মামলায় জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড এবং তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রার্থনা জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন