০৫:১৭ পি.এম
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনসহ (বিটিভি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালীকরণ এবং একীভূত তথ্য ক্যাডার গঠনের লক্ষ্যে অচিরেই উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি।
আজ বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
কমিটির সভাপতি বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ‘শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে’-ডা. শফিকুর রহমান
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ১৫টি প্রতিষ্ঠানকে গণমুখী ও শক্তিশালী করার পাশাপাশি একীভূত তথ্য ক্যাডার গঠনে উচ্চ পর্যায়ের সংসদীয় সাব কমিটি গঠন করা হবে।
বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত গণতন্ত্র রক্ষার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় উল্লেখ করা হয়, যখন দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, তখন একটি মহল ষড়যন্ত্রের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কাউকে দেশের সঙ্গে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। এ বিষয়ে সরকারি দল ও বিরোধী দল ঐকমত্য প্রকাশ করেছে। সভায় বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, বাসসসহ মন্ত্রণালয়ের সব প্রতিষ্ঠানকে জনমত গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
বৈঠকে বিগত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনামলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থাসমূহে পদোন্নতি বঞ্চিত এবং চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ বিষয়ে পরবর্তী বৈঠকে একটি যাচাই-বাছাই কমিটি গঠন এবং উক্ত কমিটির মাধ্যমে প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপনের বিষয়ে মত প্রকাশ করা হয়। একই সঙ্গে পদোন্নতি থেকে বঞ্চিত করা ও চাকরিচ্যুতির পেছনে দায়ী নির্দেশদাতা এবং অতিউৎসাহী ব্যক্তিদের তালিকা প্রস্তুত ও প্রকাশের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে বিসিএস তথ্য সাধারণ ক্যাডারকে একীভূতকরণের বিষয়ে আলোচনা করা হয়। সীমিত জনবল দিয়ে অধিকতর কাজ সম্পাদন এবং সরকারের ব্যয় সাশ্রয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মাদক মামলায় হাসির মন্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড
বৈঠকে বাংলাদেশ বেতারকে আরও জনপ্রিয় ও শ্রোতাদের কাছে গ্রহণযোগ্য করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। এ লক্ষ্যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান, ১৯৯০ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা এবং ২০২৪-এর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ইতিহাস বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে যথাযথ গুরুত্বসহকারে তুলে ধরার বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে আগামী ১৬ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) এবং বাংলাদেশ বেতার পরিদর্শনের সুপারিশ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান বাবুল, মো. মজিবুর রহমান, ফাহমিদা হক, মো. শফিকুল ইসলাম এবং মোসা. নাজমুন নাহার অংশগ্রহণ করেন।
বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তরসমূহের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ফ্যাসিস্টকে রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন আমিনুল হক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন