০৭:৪২ পি.এম
প্রকৌশলীদের জাতীয় পেশাজীবী সংগঠন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ২০২৬ সালের নির্বাচনে রাজশাহী কেন্দ্র থেকে বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পাঁচ শিক্ষক। নির্বাচিত শিক্ষকরা সবাই বিএনপিপন্থি অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব) সমর্থিত প্যানেলের প্রার্থী ছিলেন।
সংশ্লিষ্টরা তাদের এই অর্জনকে প্রকৌশলীদের অধিকার রক্ষায় রুয়েটের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ হিসেবে দেখছেন। তারা মন্তব্য করেছেন যে, প্রকৌশল খাতে বিভিন্ন অধিকার আদায় এবং বৈষম্য দূর করতে তারা অঙ্গীকারবদ্ধ। নির্বাচিত শিক্ষকদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী ভাইস চেয়ারম্যান (একাডেমিক অ্যান্ড এইচআরডি) পদে নির্বাচিত হয়েছেন।
এছাড়া, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য পদে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক এবং ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল এবং তড়িৎ ও তড়িৎকৌশল (ইইই) বিভাগের অধ্যাপক ড. মো. সামিউল হাবিবও কাউন্সিল সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ, ঢাকা ও সন্তোষে কর্মসূচি
নির্বাচনে জয়ী হওয়ার পর উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক প্রকৌশলীদের অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, "আইইবি রাজশাহী কেন্দ্র থেকে কেন্দ্রীয় কাউন্সিলে প্রতিনিধি হিসেবে প্রকৌশলীদের মতামত, দাবি, প্রত্যাশা ও আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন ঘটাতে চান।" তিনি প্রকৌশলী সমাজের স্বার্থ, অধিকার ও মর্যাদা রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আশ্বাসও দেন।
কেন্দ্রীয় কাউন্সিল সদস্য অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার প্রকৌশলীদের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টার গুরুত্ব দেন। তিনি প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় পর্যায়ে ইঞ্জিনিয়ারদের কণ্ঠস্বর আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
কাউন্সিল সদস্য অধ্যাপক ড. এইচ এম রাসেল মন্তব্য করেন, "বাংলাদেশের উন্নয়নে প্রকৌশলীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তারা নানা ক্ষেত্রে যোগ্যতা ও অবদানের যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন।" তিনি যোগ করেন, "আমাদের প্রথম এবং প্রধান কাজ হবে প্রকৌশলীদের নিয়োগ, পদোন্নতি ও পদায়নে বৈষম্য দূরীকরণ, যোগ্যতা অনুযায়ী দায়িত্ব বন্টন, ন্যায্য বেতন কাঠামো, চাকরির নিরাপত্তা এবং নীতিনির্ধারণীতে প্রকৌশলীদের অংশগ্রহণ সুনিশ্চিত করা।"
তিনি আরও জানান, আইইবির একজন নির্বাচিত কাউন্সিলের সদস্য হিসেবে রাজশাহী সহ সারা দেশের প্রকৌশলীদের দাবি, বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা যথাযথভাবে তুলে ধরতে কাজ করতে চান। প্রকৌশলীদের ন্যায্য অধিকার রক্ষা করা তার প্রধান অঙ্গীকার।
আরও পড়ুন: পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার ডেথ রেফারেন্সের রায় আজ
প্রকৌশল খাতের বৈষম্য দূরীকরণ ও পেশাগত অধিকার প্রতিষ্ঠার দাবিতে পরিচালিত আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের সঙ্গেও যুক্ত ছিলেন এসব শিক্ষকেরা। নির্বাচিত হওয়ার পর তারা প্রকৌশলী অধিকার আন্দোলনের (ইঞ্জিনিয়ার্স রাইটস মুভমেন্ট, ইআরএম) মৌলিক দাবি গুলো বাস্তবায়নের মাধ্যমে তরুণ প্রকৌশলীদের অধিকার আদায়ের সংগ্রামের বাস্তব রূপ দিতে চান।
উল্লেখ্য, ২০২৭-২০২৮ মেয়াদের জন্য গত ১২ নভেম্বর দেশব্যাপী একযোগে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকা সহ দেশের ১৮টি কেন্দ্র ও ৩৫টি উপকেন্দ্রে ভোটগ্রহণ চলে। শুক্রবার (১৩ নভেম্বর) নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। রাজশাহী কেন্দ্রের স্থানীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান স্বাক্ষরিত ফলাফল বিবরণীতে রুয়েটের নির্বাচিত শিক্ষকদের নাম প্রকাশ করা হয়। স্থানীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, রাজশাহী কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৬৯৮ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ৪০৪ জন। বৈধ ভোটের সংখ্যা ৩৮৮ এবং ভোটদানের হার ৫৭ দশমিক ৮৮ শতাংশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন