০৩:১৯ পি.এম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত এবং প্রস্থানকারী যাত্রীদের জন্য নিরাপদ, সহজ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে সম্পূর্ণ বিনামূল্যে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অর্থায়নে পরিচালিত এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন বুধবার (৮ জুলাই) করা হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপির সামনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ এই সেবার উদ্বোধন করেন। বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: প্রমাণ পেলেন, জামায়াত-শিবির আ. লীগের অপতৎপরতা দমনে মাঠে থাকে না
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক বিমান চলাচল এবং পর্যটনমন্ত্রী, প্রতিমন্ত্রী ও বেবিচক চেয়ারম্যানের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এই ফ্রি শাটল সার্ভিসটি চালু হয়েছে। প্রথম পর্যায়ে বাসগুলো বিমানবন্দর থেকে বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসিমউদ্দিন মোড় থেকে বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা থেকে বিমানবন্দরের রুটে চলাচল করবে।
এটির মাধ্যমে যাত্রীরা বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংযোগস্থলের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে দ্রুত, নিরাপদ এবং আরামদায়কভাবে যাতায়াত করতে পারবেন।
এই সেবাটি বিশেষ করে প্রবীণ নাগরিক, নারী, শিশু, শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রী এবং ভারী লাগেজ বহনকারীদের জন্য বড় ধরনের সুবিধা নিয়ে হবে। একই সঙ্গে এতে ব্যক্তিগত যানবাহনের ওপর নির্ভরতা কমিয়ে বিমানবন্দর এলাকায় যানজট হ্রাস এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য এটি কার্যকর ভূমিকা পালন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, "দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সেবার মান উন্নয়ন ও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করার জন্য বেবিচক ধারাবাহিকভাবে বিভিন্ন যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করেছে।" তারই অংশ হিসেবে এই ফ্রি শাটল সার্ভিস চালু করা হয়েছে, যা যাত্রীদের সময় সাশ্রয় ও নিরাপদ চলাচল নিশ্চিত করবে।
আরও পড়ুন: নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিরোধে চট্টগ্রামের রাজপথে বিএনপি ও জামায়াতের প্রতিবাদ
‘সম্মানিত যাত্রী সর্বাগ্রে’ এই অঙ্গীকারকে ধারণ করে বেবিচক ভবিষ্যতেও যাত্রীসেবার মানোন্নয়নে এমন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। অনুষ্ঠানে বেবিচক এবং বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন