মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
১২:৩৭ পি.এম
ইন্দোনেশিয়ার একটি বন্দরে আটক জাহাজ ‘এমভি স্টার লাইন’ নিয়ে বাংলাদেশবিরোধী অপপ্রচার চলছে। ভারতীয় মিডিয়া এই অপপ্রচারের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে। তারা দাবি করছে, চীন থেকে জাহাজটি ‘বিস্ফোরক দ্রব্য’ নিয়ে বাংলাদেশে আসছে। তবে, এখনো পর্যন্ত ওই জাহাজের বাংলাদেশের কোনো বন্দরে আসার শিডিউল নেই। দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের কাছেও মঙ্গলবার পর্যন্ত ওই জাহাজের বিষয়ে কোনো তথ্য আসেনি। দুই বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজটি সম্পর্কে তাঁদের কাছে কোনো তথ্য নেই। এনবিআরের সার্ভারেও এর কোনো ইমপোর্ট জেনারেল ম্যানিফেস্ট (আইজিএম) দাখিল করা হয়নি। ফলে জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কে, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।
জানা যাচ্ছে, জাহাজটি গত ৮ নভেম্বর মোংলা বন্দরে ভেড়ানোর শিডিউল ছিল। তবে ওই বন্দরে জাহাজটি ভেড়ানোর জন্য কোনো শিডিউল দেওয়া হয়নি। তার একদিন আগে, ৭ নভেম্বর, ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার বেলাওয়ান সমুদ্রসীমায় টহল জাহাজ কেআরআই সিগালু-৮৫৭ জাহাজটির সন্দেহজনক গতিবিধি শনাক্ত করে। নির্ধারিত রুট থেকে বিচ্যুত হওয়া এবং রেডিও কলে সাড়া না দেওয়ায় নৌবাহিনী জাহাজটিতে তল্লাশি চালিয়ে তা জব্দ করে। ২০ নভেম্বর ইন্দোনেশিয়ার নৌবাহিনী এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রকাশ করে। তল্লাশিতে জাহাজটির নিবন্ধন নথিপত্র স্থগিত (সাসপেন্ডেড) অবস্থায় পাওয়া গেছে। এছাড়া ১২ সেপ্টেম্বর চীনের লিয়ানইউনগাং বন্দর ছাড়ার পর প্রায় ১৭ দিনের পথ পাড়ি দিতে জাহাজটির অস্বাভাবিক সময় নেওয়া এবং যাত্রাপথে স্বয়ংক্রিয় ট্র্যাকিং ব্যবস্থা (এআইএস) বন্ধ রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে জাহাজটি বেলাওয়ান নিউ কনটেইনার টার্মিনালে কোদেরাল-১ সদর দপ্তরের নিয়ন্ত্রণে রয়েছে। ইন্দোনেশিয়ার নৌবাহিনী, কাস্টমস, পুলিশ, ফরেনসিক ল্যাব ও অভিবাসন বিভাগ যৌথভাবে জাহাজের ক্যাপ্টেন ও নাবিকদের জিজ্ঞাসাবাদ করছে। বাংলাদেশের কোন প্রতিষ্ঠান বা প্রাপকের কাছে এই চালানটি যাচ্ছিল, তা এখনো আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা যায়নি। অথচ ওই জাহাজকে ঘিরে ভারতীয় মিডিয়া বাংলাদেশবিরোধী নানা অপতথ্য ছড়িয়ে যাচ্ছে। বলা হচ্ছে, জাহাজটিতে সোডিয়াম পারক্লোরেট রয়েছে, যা বিস্ফোরক। যদিও বাংলাদেশে তা পোশাকশিল্পের কাঁচামাল হিসেবে আমদানি করা হয়।
এদিকে, জাহাজটি নিয়ে সংশ্লিষ্ট মহলে রহস্য সৃষ্টি হয়েছে। বেলাওয়ানের সমুদ্রপথ প্রায় ২ হাজার ৮০০ নটিক্যাল মাইল। সাধারণ পণ্যবাহী জাহাজের এই পথ পাড়ি দিতে লাগে সর্বোচ্চ ১৭ দিন। অথচ ৪০৫ টন রাসায়নিক ‘সোডিয়াম পারক্লোরেট’ ও বিপুল সিম কার্ড নিয়ে এমভি স্টার লাইন সময় নিয়েছে পুরো ৫৫ দিন। গত ১২ সেপ্টেম্বর চীন থেকে যাত্রা শুরু করে কমোরোসের পতাকাবাহী এই জাহাজটি। ৬ নভেম্বর পৌঁছায় উত্তর সুমাত্রার বেলাওয়ানে। পরদিন এটি আটক করে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। প্রায় দুই মাসের এই দীর্ঘ যাত্রা, ঘোষিত গন্তব্য ও আসলে কোথায় যাচ্ছিল তা জন্ম দিয়েছে কৌতূহল। উঠেছে অনেক প্রশ্ন।
আন্তর্জাতিক জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম ভেসেল ফাইন্ডার ও ম্যাজিকপোর্টের তথ্য বলছে, জাহাজটির এআইএস ট্রান্সপন্ডারে অফিসিয়াল গন্তব্য লেখা ছিল বাংলাদেশের মোংলা বন্দর। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর ২০ নভেম্বরের সংবাদ সম্মেলনের পর বিষয়টি সামনে আসে।
তবে, জাহাজটি সরাসরি আসছিল, নাকি মাঝপথে অন্য কোনো দেশে পণ্য সরানোর পরিকল্পনা ছিল—তা এখনো স্পষ্ট নয়। কারণ, মোংলা বন্দরে এই জাহাজের কোনো আগাম ঘোষণা নেই। চট্টগ্রাম বন্দরেও এই জাহাজ আসার আগাম ঘোষণা মেলেনি। ওপেন ওয়াটার্স এআইএসের পুরোনো রেকর্ডে জাহাজ আসার তারিখে অসংগতি মিলেছে। অক্টোবরের শুরুতে জাহাজটির ট্রান্সপন্ডারে মোংলা বন্দরে পৌঁছানোর তারিখ (ইটিএ) ছিল ১৬ অক্টোবর। পরে তা তিন সপ্তাহ পিছিয়ে ৮ নভেম্বর করা হয়। এই তিন সপ্তাহ দেরির কারণ এখনো অজানা। ৫ হাজার ৬৬ টন ধারণক্ষমতা ও ৪.২ মিটার ড্রাফটের এই জেনারেল কার্গো জাহাজ মোংলা চ্যানেলে ঢুকতে সক্ষম। তবে শিপিং বিশ্লেষকদের মতে, চীন থেকে এত দীর্ঘ সমুদ্রপথে সরাসরি ছোট বাল্ক বা জেনারেল কার্গো জাহাজে কনটেইনারভর্তি বিপজ্জনক রাসায়নিক নিয়ে আসা স্বাভাবিক নয়। সাধারণত বড় লাইনার জাহাজে ট্রান্সশিপমেন্ট বন্দর হয়ে ফিডার জাহাজে এসব পণ্য বাংলাদেশে আসে। কারণ এসব পণ্য দেশের গার্মেন্টস শিল্পে ব্যবহৃত হয়। তা ছাড়াতে সরকারি কঠোর কড়াকড়ি আছে।
শিপিং সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক নজরদারি এড়াতেই কাগজে-কলমে মোংলাকে ‘ডামি’ গন্তব্য দেখিয়ে অন্য কোথাও পণ্য সরানোর ছক ছিল কি না, সেই সন্দেহও উড়িয়ে দেওয়া যায় না।
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ৯৭ মিটার দীর্ঘ এমভি স্টার লাইনের (আইএমও: ৮৩৫৬৯৬২) গড় গতি ঘণ্টায় ৭ থেকে ১০ নট। এই গতিতে বেলাওয়ানে পৌঁছাতে সর্বোচ্চ আড়াই সপ্তাহ লাগার কথা। কিন্তু মেরিটাইম অপটিমার রেকর্ডে দেখা গেছে, জাহাজটি মাঝপথে সিঙ্গাপুর ইস্টার্ন ওপিএল (আউটার পোর্ট লিমিটস) এলাকায় দীর্ঘ সময় অবস্থান করেছে। আন্তর্জাতিক জার্নাল লয়েডস লিস্ট ইন্টেলিজেন্স ও ঝুঁকি বিশ্লেষক সংস্থা উইন্ডওয়ার্ড বলছে, মালাক্কা প্রণালী ও দক্ষিণ চীন সাগরে ‘ডার্ক ফ্লিট’ বা ছায়া জাহাজগুলো নজরদারি এড়াতে অনেক জাহাজ এআইএস বন্ধ রেখে গভীর সাগরে পণ্য অদলবদল করে। সেই সময়ে এমন কিছু ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী।
ইন্দোনেশিয়ার নৌবাহিনী (টিএনআই এএল), কম্পাস, কুম্পারান ও ইন্দোনেশিয়া ডিফেন্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটিতে মোট ৩৬টি কনটেইনার ছিল। এর ১৫টিতে পাওয়া গেছে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট। এটি রকেটের জ্বালানি ও বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। পাশাপাশি ৫৪টি প্যালেটে মিলেছে লাখো অনিবন্ধিত খালি ৪জি সিম কার্ড।
তবে বাকি কনটেইনারগুলোতে কী আছে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ। সেগুলোর ওপর সেখানকার কাস্টমস ও ফরেনসিক পরীক্ষা চলছে।
ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম কম্পাস ও মালয়েশিয়ার দৈনিক কোসমো জানিয়েছে, চীন থেকে আসার পথে জ্বালানি (বাংকারিং) নেওয়ার কথা বলে নির্ধারিত সমুদ্রপথ ছেড়ে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলে অনির্ধারিত যাত্রাবিরতি করে জাহাজটি। নৌবাহিনীর নজরদারিতে জাহাজটির গতিবিধি সন্দেহজনক মনে হয়। ৭ নভেম্বর টহল জাহাজ রেডিও চ্যানেলে যোগাযোগ করলেও এমভি স্টার লাইন জাহাজ সাড়া দেয়নি। পরে নৌসদস্যরা জাহাজে উঠে তল্লাশি চালালে এই রাসায়নিক ধরা পড়ে। এতে জাহাজের বেশ কিছু নিবন্ধন নথি মেয়াদোত্তীর্ণ ও স্থগিত (সাসপেন্ডেড) অবস্থায় পাওয়া যায় এবং জাহাজটি জব্দ করা হয়। আটকের পর থেকে এমভি স্টার লাইন বেলাওয়ানে কোদেরাল-১ সদর দপ্তরের নিয়ন্ত্রণে নোঙর করা আছে।
ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড-১ (কোদেরাল-১)-এর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা জানিয়েছেন, জাহাজের ক্যাপ্টেন (নাখোদা), নাবিক ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে দেশটির নৌবাহিনী বা গণমাধ্যম এখনো আনুষ্ঠানিকভাবে ক্রুদের মোট সংখ্যা কিংবা তাঁদের নাগরিকত্ব প্রকাশ করেনি। সাধারণত ৫ হাজার টন ধারণক্ষমতার এই শ্রেণির জেনারেল কার্গো জাহাজে ১২ থেকে ১৮ জন নাবিক থাকেন।
ইন্দোনেশিয়ার নৌবাহিনী, কাস্টমস, পুলিশ, ফরেনসিক ল্যাব, অভিবাসন বিভাগ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা যৌথভাবে তদন্ত চালাচ্ছে। তদন্তে শুল্ক ফাঁকি, স্থগিত নথিতে জাহাজ চালানো ও বিপজ্জনক পণ্য পরিবহন বিধি লঙ্ঘন প্রমাণিত হলে জাহাজ ও পণ্য রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত হতে পারে। একই সঙ্গে নাবিক ও মালিকপক্ষের বিরুদ্ধে ফৌজদারি মামলার মুখোমুখি করা হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে বিদেশি নভোচারী হিসেবে প্রথমবারের মতো যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানে অংশগ্রহণ করে এই ইতিহাস গড়তে যাচ্ছেন তিনি। এর মাধ্যমে চীনের মানববাহী মহাকাশ কর্মসূচির ইতিহাসে প্রথমবারের মতো চীনা ও বিদেশি নভোচারীদের যৌথ মহাকাশযাত্রা ঘটতে যাচ্ছে।
উত্তর-পশ্চিম চীনের গোবি মরুভূমিতে অবস্থিত জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে বুধবার (২৫ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে মহাকাশযানটি উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) চীনের মানববাহী মহাকাশ সংস্থা (সিএমএসএ) তিন সদস্যের নভোচারী দলের নাম প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, নভোচারীরা সুস্থ অবস্থায় রয়েছেন এবং উৎক্ষেপণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এই অভিযানে ৪০ বছর বয়সী জিশান আলীর সঙ্গে চীনের দুই নভোচারী তাং হংবো ও উ ই উপস্থিত থাকবেন। ৫১ বছর বয়সী তাং হংবো মিশন কমান্ডারের দায়িত্ব পালন করবেন। ৩৯ বছর বয়সী উ ই ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবেন। পাকিস্তান বিমানবাহিনীর পাইলট জিশান আলী পেলোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করবেন।
মহাকাশ স্টেশনে স্বল্পমেয়াদি অবস্থানকালে চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে চারটি বৈজ্ঞানিক প্রকল্পে কাজ করার পরিকল্পনা রয়েছে জিশানের। এসব গবেষণার মধ্যে রয়েছে জীবপ্রযুক্তি ও বিভিন্ন উপাদান নিয়ে গবেষণা। এছাড়া আলোকসংশ্লেষণকারী অণুজীব নিয়ে কক্ষপথে একটি পরীক্ষা পরিচালনার কথাও রয়েছে। গবেষণার পাশাপাশি স্টেশনের দৈনন্দিন কার্যক্রমে অংশগ্রহণ করবেন তিনি।
স্বল্পমেয়াদি মিশন শেষে জিশান শেনঝৌ-২৩ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরে আসবেন। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, এই অভিযানে তাং হংবো তৃতীয়বারের মতো তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রবেশ করবেন। এর ফলে তিনবার এই স্টেশনে যাওয়া প্রথম নভোচারী হিসেবে পরিচিতি পাবেন তিনি। অন্যদিকে, উ ই প্রথমবারের মতো মহাকাশযাত্রা করবেন।
চীন ও পাকিস্তানের মধ্যে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত একটি সহযোগিতা চুক্তির অংশ হিসেবে এই যৌথ মহাকাশ অভিযান পরিচালিত হচ্ছে। ২০২১ সাল থেকে চীনের শেনঝৌ মিশনগুলো তিনজন নভোচারীকে ছয় মাসের জন্য তিয়াংগং মহাকাশ স্টেশনে নিয়ে যাচ্ছে। শেনঝৌ-২৪ অভিযানের মাধ্যমে স্টেশনে থাকা নভোচারীদের সঙ্গে নতুন দলের দায়িত্ব হস্তান্তর বা কক্ষপথে নভোচারী পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের চাঁদে মানুষ পাঠানোর প্রতিযোগিতার প্রেক্ষাপটে এই অভিযান অনুষ্ঠিত হতে যাচ্ছে। চীন ২০৩০ সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা ২০২৮ সালে চাঁদের পৃষ্ঠে নভোচারী পাঠানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট, রয়টার্স, এপি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যশোরের অভয়নগরে নাশকতার মামলায় সাবেক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত মধ্যরাত থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। অভয়নগর থানার ওসি মো. জিয়াউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের মৃত হরমুজ আলী তরফদারের ছেলে জাকির হোসেন তরফদার, যিনি জাকির মেম্বার নামে পরিচিত (৫২), উপজেলার বুইকারা গ্রামের শওকত গাজীর ছেলে সাফায়েত হোসেন রাজ (২৬) এবং একতারপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে নাজমুল হক সুমন (২৪)।
জাকির মেম্বার চলিশিয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অপরদিকে, সাফায়েত হোসেন রাজ ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী এবং নাজমুল হক সুমন ওয়ার্ড ছাত্রলীগের সদস্য হিসেবে পরিচিত।
অভয়নগর থানার ওসি মো. জিয়াউর রহমান কালের কণ্ঠকে জানান, ‘সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সাবেক ইউপি সদস্যসহ নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের তিনজনকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) নতুন একটি হরমোন থেরাপির ওষুধ অনুমোদন করেছে, যা স্তন ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত হবে। এই ওষুধটির নাম উইলসার্ডলি (গিরেডেস্ট্র্যান্ট) এবং এটি প্রাথমিক পর্যায়ের নির্দিষ্ট ধরনের স্তন ক্যানসারে আক্রান্ত রোগীদের জন্য কার্যকর হবে। দুই দশকের বেশি সময় পর এ ধরনের ক্যানসারের জন্য নতুন হরমোন থেরাপির অনুমোদন প্রদান করেছে সংস্থাটি।
এফডিএ সোমবার (২৩ নভেম্বর) এই ওষুধটির অনুমোদনের কথা জানায়। সুইজারল্যান্ডভিত্তিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রোশের সহযোগী প্রতিষ্ঠান জেনেনটেক এই ওষুধটি তৈরি করেছে। প্রতিদিন একবার সেবনযোগ্য এই ট্যাবলেটটি অস্ত্রোপচারের পর ক্যানসার পুনরায় ফিরে আসার ঝুঁকি কমাতে ব্যবহৃত হবে।
তবে, এই ওষুধটি সব ধরনের স্তন ক্যানসারের চিকিৎসায় ব্যবহার করা যাবে না। এফডিএর অনুমোদন অনুযায়ী, প্রাপ্তবয়স্ক যেসব রোগীর ক্যানসার ইস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ (ইআর-পজিটিভ) এবং এইচইআর২-নেগেটিভ, তাদের নির্দিষ্ট পর্যায়ের রোগে এটি ব্যবহার করা যাবে। বিশেষ করে অস্ত্রোপচারের পর যাদের ক্যানসার ফিরে আসার ঝুঁকি মাঝারি থেকে বেশি, তারা এই চিকিৎসার আওতায় আসবেন।
ইআর-পজিটিভ স্তন ক্যানসারের ক্ষেত্রে ইস্ট্রোজেন হরমোন ক্যানসার কোষের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন ওষুধটি ক্যানসার কোষের ইস্ট্রোজেন রিসেপ্টরকে বাধাগ্রস্ত করার পাশাপাশি সেটি ভেঙে ফেলতে সাহায্য করে। ফলে ক্যানসার কোষের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সংকেত বন্ধ হয়ে যায়।
ওষুধটির অনুমোদনের ভিত্তি ছিল ৪ হাজার ১৭০ জন রোগীর ওপর পরিচালিত তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল। এই ট্রায়ালে গিরেডেস্ট্র্যান্টের কার্যকারিতার সঙ্গে প্রচলিত হরমোন থেরাপির তুলনা করা হয়। প্রচলিত চিকিৎসায় ট্যামোক্সিফেন অথবা অ্যারোমাটেজ ইনহিবিটর ব্যবহার করা হয়েছিল।
ট্রায়ালের ফলাফল অনুযায়ী, প্রচলিত হরমোন চিকিৎসার তুলনায় নতুন ওষুধটি ব্যবহারে ক্যানসার ফিরে আসা অথবা মৃত্যুর সম্মিলিত ঝুঁকি ৩০ শতাংশ কমেছে। চিকিৎসা শুরুর তিন বছর পর গিরেডেস্ট্র্যান্ট গ্রহণকারী রোগীদের ৯২ দশমিক ৪ শতাংশ ক্যানসার ফিরে আসা ছাড়াই বেঁচে ছিলেন। অন্যদিকে, প্রচলিত চিকিৎসা গ্রহণকারীদের ক্ষেত্রে এই হার ছিল ৮৯ দশমিক ৬ শতাংশ।
তবে, এই ওষুধটি রোগীদের সামগ্রিক আয়ু বাড়াতে পারে কি না, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে আরও পর্যবেক্ষণ চলমান রয়েছে। দীর্ঘমেয়াদি চিকিৎসার ফলাফল জানার জন্য রোগীদের ওপর নজরদারি অব্যাহত রাখবে বলে জানিয়েছে এফডিএ।
ওষুধটির সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে পেশি ও অস্থিসন্ধিতে ব্যথা, শরীরে গরম অনুভূতি, ক্লান্তি, মাথাব্যথা, বমিভাব ও মাথা ঘোরা। এছাড়া, রক্ত পরীক্ষায় যকৃতের এনজাইম, রক্তকণিকা এবং রক্তে চর্বির মাত্রায় পরিবর্তন দেখা যেতে পারে।
এর আগে গত ১৬ নভেম্বর উন্নত পর্যায়ের নির্দিষ্ট ধরনের স্তন ক্যানসারের চিকিৎসায় অন্য একটি ওষুধের সঙ্গে গিরেডেস্ট্র্যান্ট ব্যবহারের অনুমোদন দিয়েছিল এফডিএ। নতুন অনুমোদনের ফলে প্রাথমিক পর্যায়ের নির্দিষ্ট ধরনের স্তন ক্যানসারে আক্রান্ত রোগীদের চিকিৎসায় আরও একটি বিকল্প যুক্ত হলো।
সূত্র: রয়টার্স
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস-২০২৬ উদযাপনের জন্য যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোকশেদ উল্লাহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মো. আহসান মাহমুদ, পৌর নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা সমবায় কর্মকর্তা লতিফা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আলম মৃধা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস এবং গৌরনদী মডেল থানার এএসআই মিঠুন।
এছাড়া গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরিফ, সদস্য সচিব মো. শফিকুর রহমান শরিফ স্বপন এবং গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মো. জহুরুল ইসলাম জহিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সুধীজন সভায় উপস্থিত ছিলেন।
সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ, বাস্তবায়ন এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ