কাঠালিয়া সংবাদদাতা ফাতিমা আক্তার মিম
০৯:৪৩ পি.এম
‘করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় অফিসার মো. মনিরুল ইসলাম। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মীরবহর, কাঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি ও আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হালিম, সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. কামরুল ইসলাম তালুকদার, সমবায়ী মো. হেমায়েত হোসেন, সুজয় কুমার বর্মন প্রমুখ।
অনুষ্ঠান শেষে ৩২জন সমবায়ী সদস্যদের মাঝে ৮০ হাজার টাকা করে ২৫ লাখ ৬০হাজার টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিভিন্ন সমবায় সমিতির উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
কাঠালিয়ায় ৩২জন সমবায়ী সদস্যদের মাঝে ৮০ হাজার টাকা করে ২৫ লাখ ৬০হাজার টাকার চেক বিতরণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় শিক্ষার মান উন্নয়ন, শৃঙ্খলা ও নিয়মিত পাঠদান নিশ্চিত করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়গুলোর শ্রেণিকক্ষ, হাজিরা খাতা, পাঠদান কার্যক্রম এবং সার্বিক পরিচ্ছন্নতা ও অবকাঠামোগত অবস্থা ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষকদের উপস্থিতির হার এবং শিক্ষার্থীদের পড়ালেখার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতি পাঠদানের মান আরও উন্নত করার এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে বলে তিনি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামের (তালতলা বাজার দাসের বাড়ি) ঐতিহ্যবাহী ২১৬তম শ্রী শ্রী কালীপূজা অনুষ্ঠিত হয়েছে। পূজা উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আমুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখতার হোসেন নিজাম মীরবহর।
পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হাওলাদার এবং কাঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. বাদল হাওলাদার।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা কমিটির অন্যান্য সদস্য এবং বিভিন্ন এলাকার ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। শতবর্ষের ঐতিহ্যবাহী এই পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহের ভালুকায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পুরস্কার পেয়েছেন আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ। তিনি ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান।
রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি এবং উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল গফুর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা চিফ ইঞ্জিনিয়ার শামসুল হক রাকিবসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী,স্থানীয় সমবায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন,সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টায় আত্মনির্ভরশীলতা অর্জন এবং আর্থসামাজিক উন্নয়নের অন্যতম মাধ্যম। সমবায়ের মাধ্যমে ব্যক্তি,পরিবার ও সমাজের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। এ ক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্ব,স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার কোনো বিকল্প নেই।
শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ সম্মাননা অর্জন করায় আলহাজ্ব সৌমিক হাসান সোহাগের প্রতি উপস্থিত নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানান। তাঁরা আশা প্রকাশ করেন, এ স্বীকৃতি তাঁকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে উৎসাহিত করবে।
সমবায়ে গড়ব দেশ,সবার জন্য বাংলাদেশ’প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো ভালুকাতেও ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা, শিক্ষা ও সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে দেশের ৬৪ জেলায় পর্যায়ক্রমে ৬৪টি প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান, বিশেষায়িত শিক্ষা এবং টেকসই পুনর্বাসনের সুযোগ বৃদ্ধি করার জন্যও উদ্যোগ নেওয়া হচ্ছে।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর ইস্কাটনে কেয়ারারস অ্যালায়েন্স বাংলাদেশ আয়োজিত ‘আন্তর্জাতিক কেয়ারারস দিবস ২০২৬’ উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মন্ত্রী উল্লেখ করেন, সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও প্রতিবন্ধী ব্যক্তিদের বহুমুখী সমস্যা সমাধানে সরকারের আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ সরকারের অন্যতম প্রধান নির্বাচনি অঙ্গীকার। ছেলে, মেয়ে, স্নায়ুবিকাশজনিত প্রতিবন্ধিতাসম্পন্ন (এনডিডি) কিংবা এ ধরনের প্রতিবন্ধিতা নেই—নির্বিশেষে সমাজের পিছিয়ে পড়া প্রতিটি মানুষের পাশে সরকার আন্তরিকভাবে দাঁড়াতে বদ্ধপরিকর।
মন্ত্রী আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির প্রশাসনিক কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। পাশাপাশি বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোতে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ দেওয়ার জন্য মালিক ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সার্বক্ষণিক পরিচর্যায় নিয়োজিত অভিভাবকদের ত্যাগের কথা তুলে ধরে সমাজকল্যাণমন্ত্রী বলেন, সন্তানদের পরিচর্যা করতে গিয়ে যেসব বাবা-মা কোনো পেশায় যুক্ত হতে পারেন না, তাঁদের বৃত্তিমূলক প্রশিক্ষণের পাশাপাশি আর্থিক সহায়তা ও কাজের প্রয়োজনীয় উপকরণ দেওয়া হবে। এর মাধ্যমে তাঁদের স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেওয়া হবে।
মন্ত্রী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের শুধু আনুষ্ঠানিক প্রশিক্ষণ দিয়েই সরকারের দায়িত্ব শেষ করতে চায় না। তাঁদের টেকসই পুনর্বাসনও নিশ্চিত করতে চায় সরকার।
দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষাদানের জন্য বিশেষায়িত শিক্ষকের সংকট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের জন্য দেশে মাত্র একটি সরকারি কলেজ রয়েছে। এ প্রশিক্ষণ কার্যক্রম দ্রুত বিভাগীয় পর্যায়ে সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের জন্য বিভিন্ন সহায়ক উপকরণ তৈরির সরকারি প্রতিষ্ঠানকে আরও আধুনিকায়ন করা হবে।
আন্তর্জাতিক প্যারা অলিম্পিকে বাংলাদেশের প্রতিযোগী ও ক্রীড়াবিদরা যাতে সাফল্য অর্জন করতে পারেন, সে লক্ষ্যে সাভারে আন্তর্জাতিক মানের অলিম্পিক ভিলেজ নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে বলেও জানান মন্ত্রী।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তিন শতাধিক পরিচর্যাকারী (কেয়ারার) তাঁদের অভিজ্ঞতা ও বাস্তব পরিস্থিতি তুলে ধরেন। এ সময় তাঁরা একটি সমন্বিত ‘জাতীয় কেয়ারার কাঠামো’ গড়ে তোলার জোর দাবি জানান।
কেয়ারারস অ্যালায়েন্স বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুল মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল। এ ছাড়া বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ