১২:৪৬ পি.এম
সরকার তাবলিগের ধর্মীয় কাজের উদ্দেশ্যে ২৯৮ জন বিদেশি নাগরিককে বাংলাদেশে প্রবেশের জন্য শর্তসাপেক্ষে অনুমতি প্রদান করেছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় তাদের ১২০ দিনের ভিসা দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে।
গত ২৫ নভেম্বর, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয় শাখা থেকে এই সংক্রান্ত সম্মতিপত্র পররাষ্ট্র সচিবের কাছে পাঠানো হয়েছে।
এই বিদেশিরা বিভিন্ন দেশের নাগরিক, যেমন পাকিস্তান, ভারত, থাইল্যান্ড, ফ্রান্স, তিউনিসিয়া, মরক্কো, দক্ষিণ আফ্রিকা, জর্ডান, আমেরিকা, ইন্দোনেশিয়া, মিয়ানমার, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া এবং মালয়েশিয়া।
আরও পড়ুন: টেকনাফে সাগরপথে অবৈধ মালয়েশিয়া পাচারকালে ৩১৭ উদ্ধার, ৭ পাচারকারী আটক
সম্মতিপত্রে উল্লেখ করা হয়েছে, মাদরাসা উলূমি দীনিয়া মালওয়ালী মসজিদ তথা ঢাকার তাবলিগ সেন্ট্রাল মার্কাজের আবেদনের প্রেক্ষিতে এই সম্মতি প্রদান করা হয়েছে। ২০২৬ সালের ভিসানীতির ৩৪ নম্বর ক্রমিকে বর্ণিত ‘আরটি’ ক্যাটাগরিতে তাদের ভিসা প্রদান করা হবে।
তবে, এসব বিদেশি নাগরিককে বাংলাদেশে অবস্থানকালে কিছু শর্ত মেনে চলতে হবে। শর্ত অনুযায়ী, তারা বাংলাদেশে অবস্থানকালে প্রচলিত ধর্ম, কৃষ্টি ও সংস্কৃতিবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়াতে পারবেন না। তাবলিগ সেন্ট্রাল মার্কাজের বাইরে অন্য কোনো সংস্থার কাজে যুক্ত হতে পারবেন না। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কর্মস্থল পরিবর্তন করার অনুমতি নেই।
এছাড়া, তারা বাংলাদেশে অবস্থানকালে শুধুমাত্র ধর্মীয় বা মিশনারি কাজে নিয়োজিত থাকবেন। ধর্মীয় কাজের বাইরে অন্য কোনো কাজে যুক্ত হতে পারবেন না। তাদের অবস্থানের বিষয়ে স্থানীয় পুলিশকে নিয়মিত অবহিত করতে হবে।
সম্মতিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, বিদেশি নাগরিকরা বাংলাদেশে অবস্থানকালে কোনো রাজনৈতিক বক্তব্য বা বিবৃতি দিতে পারবেন না। রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ কিংবা রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ থেকেও বিরত থাকতে হবে।
আরও পড়ুন: পাকিস্তান-বাংলাদেশ গণমাধ্যম সহযোগিতা বৃদ্ধি জোরদার
অন্য ধর্মের প্রতি বিদ্বেষ ছড়ায় এমন বক্তব্যও দেওয়া যাবে না। এই সম্মতি একবার প্রবেশের ক্ষেত্রে ১২০ দিনের জন্য কার্যকর থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন