১১:০৩ এম
২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে মরক্কো ও নেদারল্যান্ডসের মধ্যে উত্তেজনায় ভরপুর লড়াই চলছিল শেষ মুহূর্ত পর্যন্ত। টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৩-২ ব্যবধানে হারিয়ে মরক্কো নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো।
নির্ধারিত সময়ের একেবারে শেষ দিকে মরক্কো গুরুত্বপূর্ণ গোল করে ম্যাচে সমতা ফেরায়। ফলস্বরূপ, ১-১ সমতায় শেষ হয় ৯০ মিনিটের খেলা এবং ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশের সময় সকাল ৭টায় মন্টেরির স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে।
আরও পড়ুন: স্বৈরাচারীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই: রুহুল কবির রিজভী
ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোলের দেখা পায়নি। কিছু সুযোগ তৈরি করলেও মরক্কো কিছুটা এগিয়ে ছিল। বাঁ পাশ থেকে ভেসে আসা একটি ক্রসে পোস্টের সামনে ফাঁকায় দাঁড়িয়ে থাকা ইসমাইল সাইবোরি বল ছুঁতে পারেননি। তাই বিরতিতে যায় দুই দল গোলশূন্য অবস্থায়।
দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। পাল্টা আক্রমণে বক্সে ঢুকেছিলেন সামারভিল। তার পাশে ছিল গাকপো। পেছন থেকে ফাউলের শিকার হয়েও সামারভিল বল পৌঁছে দেন গাকপোকে। গাকপোও ফাউলের শিকার হলেও তিনি ঠিকই বল জালে পাঠান।
তবে ৯১ মিনিটে দারুণভাবে সমতা ফেরায় মরক্কো। বদলি খেলোয়াড় তালবি বাঁ পাশ থেকে বক্সে লম্বা একটি বল ফেলেন। সেই ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান ঈসা দিওপ। এতে স্কোরলাইন দাঁড়ায় ১-১।
অতিরিক্ত সময়ের সপ্তম মিনিটে গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন সুফিয়ান রাহিমি। তবে নেদারল্যান্ডসের গোলরক্ষক ভেরব্রুগেন অবিশ্বাস্য সেভ করে দলকে বাঁচান। ফলে অতিরিক্ত সময়ও শেষ হয় ১-১ গোলে, এবং ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুটআউটে।
আরও পড়ুন: মাদ্রাসায় আগুনে আহত শিক্ষার্থীদের চিকিৎসা বিনামূল্যে হচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
টাইব্রেকারের প্রথম শট নেন কুপমাইনার্স। তার শট ডান পাশের পোস্ট দিয়ে জালে জড়িয়ে যায়। মরক্কো গোলরক্ষক ইয়াশিন বুনো একই দিকে ঝাঁপালেও বল আটকাতে পারেননি, এবং এতে এগিয়ে যায় নেদারল্যান্ডস।
মরক্কোর পক্ষে প্রথম শট নেন নেইল এল আইনানু। তবে তার শট আকাশে চলে যায়, এবং সমতা ফেরাতে পারেনি মরক্কো। এরপর নেদারল্যান্ডসের জাস্টিন ক্লুইভার্টও মিস করেন। বুনোকে ভুল দিকে পাঠিয়েও নিজের শট বাইরে মারেন তিনি।
পরের শটে সুফিয়ান রাহিমির শট ভেরব্রুগেনের হাতে লেগেও জালে জড়ায়, স্কোর দাঁড়ায় ১-১। এরপর ভের্গহর্স্টের শট জালে জড়িয়ে নেদারল্যান্ডস আবার এগিয়ে যায়। তবে মরক্কোর তালবিও স্পট কিকে সফল হন, ফলে স্কোর হয় ২-২।
এরপর নেদারল্যান্ডসের কুইন্টেন টিম্বার লক্ষ্যের অনেক বাইরে দিয়ে শট নেন মিস। মরক্কোর এগিয়ে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু আশরাফ হাকিমিও মিস করেন। তার শট বাঁ দিকের পোস্ট দিয়ে বাইরে চলে যায়। ফলে স্কোর থাকে ২-২।
আরও পড়ুন: ফরিদপুরে গ্রেপ্তার হলেন ঢাবি ছাত্রলীগ নেতা ফেরদাউস
এরপর নেদারল্যান্ডসের সামারভিলের শট ঠেকিয়ে দেন বুনো। তখন ম্যাচ পয়েন্ট পায় মরক্কো। সর্বশেষ শটে ইসমাইল সাইবারি ব্যর্থ হননি। তার শট জালে জড়াতেই মরক্কো ৩-২ গোলে পেনাল্টি শ্যুটআউট জিতে নেয়। গেল বারের সেমিফাইনালিস্টরা এবার চলে যায় প্রতিযোগিতার শেষ ষোলোয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন