০১:৫৩ পি.এম
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল–সায়েদ জয়ী হওয়ার দাবি করেছেন। তবে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলমান রয়েছে। তাই এই আসনে শেষ পর্যন্ত কে বিজয়ী হবে, তা এখনো নিশ্চিত নয়।
বুধবার (৪ নভেম্বর) স্থানীয় সময় ভোরে মিশিগানে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে সিনেটে জয়ের দাবি করেন ডেমোক্র্যাটিক দলের সিনেট প্রার্থী আবদুল এল-সায়েদ।
সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘আপনারা এমন একজন প্রার্থীর ওপর আস্থা রেখেছেন, যার জয়ের সম্ভাবনা ছিল সবচেয়ে কম।’
আরও পড়ুন: মার্কিন পঞ্চম নৌবহরের প্রধানের ইসরাইলি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় জোরদার
তিনি আরও জানান, ‘মিশিগান, আপনাদের সেবা করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ এ সময় তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারণার সমালোচনা করে বলেন, তারা মুসলিম ধর্মবিশ্বাসকে প্রচারণার মূল ইস্যু বানিয়ে ফেলেছিল।
সায়েদ অভিযোগ করেন, ‘দীর্ঘদিন পর আমরা এমন এক নোংরা প্রচারণা দেখলাম, যেখানে তারা আমার নাম ও ধর্মবিশ্বাসকে কেন্দ্র করে আমাকে আক্রমণ করেছে।’
তিনি আরো বলেন, ‘তারা এমন এক আমেরিকা চেয়েছিল যা আমাদের অনেকের জন্যই সংকীর্ণ। কিন্তু আমরা জানি, এই আমেরিকা আমাদের সবার জন্য যথেষ্ট বড়।’
বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের বিরুদ্ধে এল-সায়েদের এই লড়াইয়ের চূড়ান্ত ফলাফলের জন্য সবাই অপেক্ষা করছে। এখনো পর্যন্ত বিজয়ী কে হতে পারেন, তা নিশ্চিত করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: ১৮ ঘণ্টা পরও মাইক্রোসফটের সেবা স্বাভাবিক হয়নি, কোটি ব্যবহারকারী ভোগান্তিতে
এদিকে রিপাবলিকান প্রার্থী রজার্স সমর্থকদের বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের জেতার পথ এখনো খোলা আছে। আপনারা বাড়ি গিয়ে একটু ঘুমান; ঘুম থেকে ওঠার পর দেখবেন আপনারা বিজয়ী হয়েছেন।’
বিবিসি-র মার্কিন সহযোগী সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, মিশিগানের গভর্নর পদে ডেমোক্র্যাট জোসেলিন বেনসন জয়ী হতে চলেছেন, ফলে এই পদটি ডেমোক্র্যাটিক পার্টির দখলে থাকবে।
এছাড়া এই অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে ৭৮ শতাংশ ভোট গণনার পর ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ রিপাবলিকান মাইক রজার্সের তুলনায় এগিয়ে রয়েছেন।
সূত্র: বিবিসি
আরও পড়ুন: আসামে মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত, আহত ৭
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন