০৭:৫২ পি.এম
ব্রাহ্মণবাড়িয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) পদে অতিরিক্ত দায়িত্বে থাকা চিকিৎসক ডা. আশরাফুল আমিন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সরকারি কর্মঘণ্টায় কর্মস্থলে অনুপস্থিত থেকে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার।
অভিযোগে বলা হয়েছে, তিনি প্রতি শনিবার সকাল থেকে রাত পর্যন্ত নাসিরনগর উপজেলা সদরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন। সপ্তাহের অন্যান্য দিনেও দুপুর আড়াইটা থেকে রাত ৮টা পর্যন্ত সেখানে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার অভিযোগ রয়েছে।
সরকারি নিয়ম অনুযায়ী, শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত তার সরকারি দায়িত্ব পালন করার কথা। এই সময়ে বেসরকারি প্রতিষ্ঠানে রোগী দেখার সুযোগ নেই।
আরও পড়ুন: টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, পুলিশ আসছে শুনেই পালালেন ঝর্ণা আক্তার
শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্রে তার সরকারি চেম্বারে গিয়ে দেখা যায়নি তাকে। তবে একই সময়ে নাসিরনগর উপজেলা সদরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখতে পাওয়া যায়। সেখানে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। এ সময় ভিডিও ধারণেও বাধা দেন চিকিৎসক আশরাফুল আমিন।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ২টার দিকে সরেজমিন মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গিয়েও তাকে পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, সেদিনও সরকারি কর্মঘণ্টার মধ্যে তিনি বেসরকারি চেম্বারে রোগী দেখছিলেন।
মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসা নিতে আসা কয়েকজন জানান, এখানে তিনজন চিকিৎসক থাকার কথা থাকলেও পদায়ন করা হয়েছে মাত্র একজনকে। কিন্তু প্রায়ই কেন্দ্রে এসে চিকিৎসককে পাওয়া যায় না। দূরদূরান্ত থেকে এসেও চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হয় অনেককে।
চিকিৎসা নিতে আসা মিজান মিয়া বলেন, সকাল ১১টার দিকে স্ত্রীকে চিকিৎসক দেখাতে এসে তিনি দেখেন, ডা. আশরাফুল আমিন চৌধুরীর কক্ষের দরজা বন্ধ। পরে হাসপাতালের একজন কর্মী জানান, চিকিৎসক মাঠপর্যায়ে কাজে গেছেন। এর আগেও কয়েক দিন চিকিৎসক না পেয়ে ফিরে যেতে হয়েছে তাকে।
আরও পড়ুন: অর্থমন্ত্রী: সরকার সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব দিচ্ছে, ব্যাংকগুলোকে বিনিয়োগের আহ্বান
কেন্দ্রের অফিস সহায়ক মো. এরশাদ বলেন, স্যার আজকে আসেননি। অন্য কোথাও হয়তো গিয়েছেন। তিনি সদর, বিজয়নগর ও আখাউড়ার দায়িত্বেও আছেন।
সরকারি কর্মঘণ্টায় কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং বেসরকারি প্রতিষ্ঠানে রোগী দেখার বিষয়ে জানতে চাইলে ডা. আশরাফুল আমিন চৌধুরী বলেন, "আমি অসুস্থ থাকায় আজকে ছুটিতে আছি। উপপরিচালক স্যারকে বলে মাঝেমধ্যে শনিবারে আমি একটু ছুটিতে থাকি। কেউ হয়তো শত্রুতা করে আপনাদের জানিয়েছে।"
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, "অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে সরকারি কর্মঘণ্টায় বেসরকারি চেম্বারে রোগী দেখার সুযোগ নেই। আমি এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।"
আরও পড়ুন: গোপালগঞ্জের সংকেত ও জাতীয় ঐক্য নিয়ে আলোচনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন