প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাড়ির দরজায় দাঁড়িয়ে রয়েছে লাশবাহী গাড়ি। ভেতরে শুয়ে আছেন ৮১ বছরের বৃদ্ধ মফিজ উল্লার নিথর দেহ। বাবার লাশ বাড়িতে রেখেই সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা ও দলিল-দস্তাবেজ নিয়ে সন্তানদের মধ্যে হামলা, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। বাবার শেষ বিদায়ের প্রস্তুতির সময় এমন ঘটনার কারণে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এটি লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের বেপারীবাড়ির ঘটনা। মফিজ উল্লা ওই বাড়ির জালাল আহমেদের পুত্র। গতকাল মঙ্গলবার দুপুর ১টা ১৫ মিনিটে মফিজ উল্লা তার প্রবাসী ছেলে মনিরের বাড়িতে স্ট্রোকে মারা যান। বুধবার বেলা ১১টার পর স্থানীয়দের সাহায্যে মনিরের বাড়িতে তাকে দাফন করা হয়।
পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধের কারণে মফিজ উল্লা ও তার স্বজনদের হয়রানি করা হচ্ছিল। এ বিষয়ে একাধিক মামলা চলমান রয়েছে।
অভিযোগ করা হয়েছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মনিরের বাড়িতে তার ভাই মিলন, ফারুক এবং বোন রোজিনা ও নাসিমা হামলা চালিয়ে দলিল-দস্তাবেজ নিয়ে যান এবং ভাঙচুর ও মারামারি করেন। এই হামলার ফলে মনিরের স্ত্রী আখি বেগম, সৎমা নাজমুন নাহার ও শাশুড়ি কুলসুম বেগম আহত হন।
পরিবারের দাবি, হামলার পর থেকে নাজমুন নাহার নিখোঁজ রয়েছেন। তাদের দাবি, সিসিটিভি ফুটেজে তাকে মারধরের দৃশ্য দেখা গেছে।
জানা গেছে, মফিজ উল্লার পাঁচ ছেলে ও দুই মেয়ে রয়েছে। মারা যাওয়ার সময় পর্যন্ত তিনি প্রবাসী সন্তান মনিরের বাড়িতে বসবাস করতেন। এর আগে জমি নিয়ে তার সন্তানদের মধ্যে বিরোধ তৈরি হয়েছিল। এ নিয়ে মামলাও হয়েছে। পারিবারিক বিরোধের কারণে মফিজ উল্লাকে মনিরের বাড়িতে থাকতে হয়েছিল।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পরিবারটির মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। বৃদ্ধের মৃত্যুর পর লাশ বাড়িতে থাকা অবস্থায় সংঘাতের ঘটনা অত্যন্ত দুঃখজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিরোধের আইনসম্মত সমাধানের দাবি করেছেন।
অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মিলন ও ফারুক বলেছেন, জমির দলিল হারানোর আশঙ্কায় তারা দলিলপত্র উদ্ধার করতে গিয়েছিলেন। তবে তাদের যাওয়ার আগে কে বা কারা ভাঙচুর কিংবা হামলা করেছে, তা তারা জানেন না।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেছেন, বিষয়টি তার জানা নেই। এ বিষয়ে কোনো অভিযোগও তিনি পাননি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন