ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ডিমের দাম কমলেও খামারিরা লোকসানে


ডিমের দাম কমলেও খামারিরা লোকসানে

দেশে ডিমের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এর ফলে বাজারে সরবরাহও বেড়েছে। রাজধানীর পাইকারি ডিম ব্যবসায়ীরা জানিয়েছেন, চাহিদার তুলনায় প্রতিদিন বাজারে বেশি ডিম আসছে। তবে দুই মাস আগে যে চাহিদা ছিল, বর্তমানে সেটিতে বড় ধরনের ভাটা পড়েছে। আগে যেখানে আড়ত থেকে প্রতিদিন ৩০ হাজার ডিম বিক্রি হতো, সেখানে এখন বিক্রি কমে অন্তত পাঁচ হাজারে দাঁড়িয়েছে। চাহিদা কমেছে কিন্তু সরবরাহ বেড়েছে। এই কারণে ডিমের দাম কমে গেছে। দুই মাসের ব্যবধানে ডিমপ্রতি দাম দেড় টাকার বেশি কমেছে। ফলে উৎপাদন পর্যায়েই খামারিরা লোকসানের সম্মুখীন হচ্ছেন।

প্রাণিসম্পদ অধিদপ্তর, পোলট্রি শিল্প মালিক সমিতি, খামারি এবং ডিমের পাইকারি বিক্রেতাদের সঙ্গে আলোচনা করে এই তথ্য পাওয়া গেছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন দেশে গড় ডিমের উৎপাদন ছয় কোটি ৮৮ লাখ পিস। এর বিপরীতে চাহিদা পাঁচ কোটি আট লাখ পিস। এ হিসাবে প্রতিদিন উদ্বৃত্ত থাকে এক কোটি ৮০ লাখ পিস ডিম।

নাম প্রকাশে অনিচ্ছুক অধিদপ্তরের এক পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, ঢাকায় প্রতিদিন গড়ে দেড় কোটি পিস ডিম কেনাবেচা হয়। এর মধ্যে তেজগাঁওয়ের পাইকাররাই বিক্রি করেন কমপক্ষে ২০ লাখ ডিম। অন্যন্য বাজারে বাকি এক কোটি ৩০ লাখ ডিম বিক্রি হয়।

আরও পড়ুন: পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ, ১ ডিসেম্বর থেকে কার্যকর

তেজগাঁওয়ের ডিম ব্যবসায়ীদের সংগঠন এগ ট্রেডার্স মাল্টিপারপাস সমিতির নেতা আমানত উল্লাহ বলেছেন, গত অক্টোবর মাস থেকেই ডিমের দামে পতন শুরু হয়েছে। কিন্তু সরবরাহও ওই সময় থেকেই বাড়তে শুরু করেছে। তিনি বলেন, ‘দাম নির্ভর করে সরবরাহ ও চাহিদার ওপর। শীতের আগাম শাকসবজি বাজারে উঠতে উঠতে ডিমের দাম পড়ে গেছে। এ ব্যবসায় কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠান দাম কমাতে কিংবা বাড়াতে পারে না।’

রাজধানীর বিভিন্ন বাজারের ডিম ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক মাসের ব্যবধানে ডিমের দাম ডজনপ্রতি ১৫-২০ টাকা পর্যন্ত কমেছে। শীতের শুরুতেই ডিমের বাজারে এমন দরপতনে ভোক্তারা খুশি হলেও উদ্বেগ বাড়ছে খামারিদের মধ্যে। উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলেও বিক্রয়মূল্য কমে যাওয়ায় অনেক খামারি লোকসানের আশঙ্কা প্রকাশ করছেন।

কারওয়ান বাজারের ডিম বিক্রেতা পলাশ জানিয়েছেন, এক মাস আগে প্রতিদিন সাত থেকে আট হাজার ডিম বিক্রি করলেও বর্তমানে তিন থেকে চার হাজার ডিম বিক্রি করাই কঠিন হয়ে পড়েছে। দাম কমার পরও নিম্নআয়ের মানুষের ক্রয়ক্ষমতা কম থাকায় বিক্রি বাড়ছে না।

রংপুরের রাবেয়া পোলট্রি খামারের স্বত্বাধিকারী আমিনুর রহমান জানিয়েছেন, বর্তমানে তার খামারে সাড়ে সাত হাজার মুরগি আছে। প্রতিটি ডিমের উৎপাদন খরচ প্রায় ১০ টাকা হলেও খামার থেকে ৯ টাকার বেশি দামে বিক্রি করা যাচ্ছে না। ফলে প্রতি হাজারে তাকে এক হাজার টাকা করে লোকসান গুনতে হচ্ছে। ডিমের দাম আরো কমতে পারে। ফলে আরো কয়েক মাস লোকসানের বোঝা বইতে হবে।

আরও পড়ুন: ছয় মিউচুয়াল ফান্ডের অপসারণের সিদ্ধান্ত বহাল রাখল বিএসইসি

নাজিরপুরের খামারি রবিউল ইসলাম খান জানিয়েছেন, শীতের আগাম সবজি বাজারে আসার আগে প্রতিটি ডিম ১১ টাকা ৮০ পয়সা দরে বিক্রি করলেও গত তিন সপ্তাহে দাম কমে প্রায় ৯ টাকায় নেমেছে। শীতের সবজির সরবরাহ বাড়লে ডিমের দাম আরো কমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

ত্রিশাল উপজেলার খামারি আব্দুর রহিম জানিয়েছেন, তার খামারে বর্তমানে পাঁচ হাজার লেয়ার মুরগি আছে। এক মাসের ব্যবধানে প্রতিটি ডিমের দাম দুই টাকার বেশি কমেছে। শীতের অনুকূল আবহাওয়ায় ডিম উৎপাদন বেড়েছে, তবে বাজারে সবজির সহজলভ্যতা ডিমের চাহিদা কমিয়ে দিচ্ছে। তার মতে, একটি ডিমের দামে কেনা সবজি দিয়ে ছোট পরিবারের এক বেলার তরকারি হয়ে যায়। ফলে নিম্নআয়ের মানুষ ডিমের পরিবর্তে সবজি কিনছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিয়াকৈরে পোশাক কারখানায় যোগদানের ১ ঘণ্টা পর শ্রমিকদের আন্দোলন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১২:০৫ পি.এম


কালিয়াকৈরে পোশাক কারখানায় যোগদানের ১ ঘণ্টা পর শ্রমিকদের আন্দোলন

গাজীপুরের কালিয়াকৈরে পোশাক তৈরি কারখানায় যোগদানের ১ ঘণ্টা পর শ্রমিকরা আন্দোলনে ফিরে এসেছেন। বুধবার সকাল ৮টার দিকে শ্রমিকরা কাজে যোগদান করেন। এর ঘণ্টাখানেক পরই তারা কাজ ফেলে আন্দোলনে চলে আসেন।

স্থানীয় একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ২টা পর্যন্ত চলা দীর্ঘ বৈঠকের পর মজুরি বোর্ডের গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে বুধবার সকাল ৮ টায় কালিয়াকৈরে শ্রমিকেরা কাজে যোগদান করেন। কিন্তু ঘণ্টা খানেক পর শ্রমিক নেতারা মজুরি বোর্ডের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন শুরু করেন। আন্দোলনের কারণে কর্তৃপক্ষ কারখানায় ছুটি দিতে বাধ্য হয়। পরে সকল শ্রমিকদের সমন্বয়ে পুনরায় আন্দোলন শুরু হলে ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক অচল হয়ে পড়ে। আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বেলা ১১টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত কারখানা বন্ধ রেখে আন্দোলন চলমান রয়েছে।

শ্রমিক নেতা সোহেল জানান, "দাবি ছিল ৩০ টাকা, ঘোষণা হলো ১৭ হাজার টাকা। এটা আমাদের সাথে তামাশা করার শামিল। আমাদের দাবি পূরণ হয়নি, তাই আমরা বাধ্য হয়ে পুনরায় রাজপথে নেমেছি।"

কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম বলেন, "সকাল ৯টা থেকে শ্রমিকেরা আবার উত্তপ্ত হয়ে উঠেছে। আমরা চেষ্টা করছি পরিস্থিতি স্বাভাবিক রাখতে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিআই পণ্য ব্রান্ডিংয়ের জন্য ১৭ দফা রোডম্যাপ প্রণয়ন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১২:০৬ পি.এম


জিআই পণ্য ব্রান্ডিংয়ের জন্য ১৭ দফা রোডম্যাপ প্রণয়ন

দেশের নিবন্ধিত ৬৪টি ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যকে ঐতিহ্যের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সরকার ১৭ দফা রোডম্যাপ (কর্মপরিকল্পনা) প্রণয়ন করেছে। এই বিশেষ পরিকল্পনা রপ্তানি সম্প্রসারণ, মান নিয়ন্ত্রণ, নকল ও মেশিনে তৈরি পণ্য প্রতিরোধ, আন্তর্জাতিক আইনি সুরক্ষা এবং প্রান্তিক উৎপাদকদের বাণিজ্যিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নেওয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয় ইতোমধ্যে ১৬টি মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে দাপ্তরিক চিঠির মাধ্যমে এসব সুপারিশ পাঠিয়েছে, যা শিল্প মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সম্প্রতি শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে ‘ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের বাণিজ্যিকীকরণ : সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয় নির্ধারণ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে উঠে আসা সুপারিশগুলো বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিল্প মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব; পররাষ্ট্র, মৎস্য ও প্রাণিসম্পদ, বাণিজ্য, বস্ত্র ও পাট, কৃষি এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিবদের কাছে পাঠানো হয়েছে। একইসাথে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেড মার্কস অধিদপ্তর (ডিপিডিটি), বাংলাদেশ তাঁত বোর্ড, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং এসএমই ফাউন্ডেশনের শীর্ষ নির্বাহীদের কাছেও এটি পাঠানো হয়েছে।

জিআই স্বীকৃতিকে বৃহত্তর বাণিজ্যিক ব্যবস্থায় রূপান্তর করাই এ রোডম্যাপের লক্ষ্য। এর মাধ্যমে ঐতিহ্যবাহী উৎপাদকদের সঙ্গে মান সনদ, আধুনিক বিপণন, পর্যটন ও আন্তর্জাতিক বাণিজ্যের সংযোগ তৈরি হবে। শিল্প মন্ত্রণালয় মনে করে, এসব সুপারিশ কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের ঐতিহ্যবাহী জিআই পণ্য বিশ্ববাজারে স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পাবে এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে।

প্রথম পর্যায়ে পাঁচ-ছয়টি পণ্য নির্বাচন করা হবে। রোডম্যাপের গুরুত্বপূর্ণ প্রস্তাব হলো, দেশের নিবন্ধিত ৬৪টি জিআই পণ্যের মধ্যে সর্বোচ্চ বাণিজ্যিক সম্ভাবনাসম্পন্ন পাঁচ থেকে ছয়টি প্রধান পণ্য নির্বাচন করে সেগুলোর উন্নয়নে সময়সীমাভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ করা।

পাইলট প্রকল্পে টাঙ্গাইল শাড়ি

রোডম্যাপ বাস্তবায়নের পরীক্ষামূলক বা পাইলট প্রকল্প হিসেবে টাঙ্গাইল শাড়িকে বেছে নেওয়ার প্রস্তাব করা হয়েছে। এ প্রকল্পের আওতায় পণ্যটির আইনগত, একাডেমিক ও বাস্তবভিত্তিক চ্যালেঞ্জগুলো পর্যালোচনা করে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) বা ম্যানুয়াল তৈরি করা হবে, যা পরবর্তী সময়ে অন্যান্য জিআই পণ্যের বাণিজ্যিকীকরণে মডেল হিসেবে কাজ করবে।

ডিজিটাল নিবন্ধন ও পৃথক জিআই ইউনিট

প্রকৃত উৎপাদক শনাক্ত করতে অনুমোদিত জিআই ব্যবহারকারীদের একটি নির্দিষ্ট তালিকা তৈরি করে সরকারি গেজেট (জার্নাল) বা ওয়েবসাইটে প্রকাশের সুপারিশ করা হয়েছে। ডিপিডিটির মাধ্যমে অনুমোদিত ব্যবহারকারী নিবন্ধনের বিদ্যমান জটিল ও ম্যানুয়াল পদ্ধতি দূর করে কম খরচে অনলাইনভিত্তিক ডিজিটাল নিবন্ধন ব্যবস্থা চালুর কথা বলা হয়েছে। একই সঙ্গে নিবন্ধন, তদারকি, বাণিজ্যিকীকরণ ও সুরক্ষা কার্যক্রম সমন্বয়ে ডিপিডিটি বা শিল্প মন্ত্রণালয়ের অধীনে স্থায়ী জনবল ও ডেডিকেটেড টিমসহ একটি পৃথক ‘জিআই ইউনিট’ গঠনের সুপারিশ রয়েছে।

নকল ঠেকাতে যৌথ অভিযান ও কিউআর কোড ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জিআই পণ্যের পরিচয় ব্যবহার করে নকল ও যন্ত্রে তৈরি পণ্য বাজারজাত বন্ধ করার জন্য জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে মাঠে কঠোর মনিটরিং ও যৌথ অভিযানের প্রস্তাব দেওয়া হয়েছে।

পণ্যের স্বকীয়তা ও গুণগত মান নিশ্চিত করতে অ্যাসোসিয়েশন বা পৃথক তদারকি সংস্থার পাশাপাশি প্রয়োজনে তৃতীয় পক্ষের মাধ্যমে অডিটের ব্যবস্থা রাখা হবে। নির্ধারিত মান পূরণকারী পণ্যই কেবল জিআই লোগো ব্যবহারের অনুমতি পাবে। এছাড়া পণ্যের সত্যতা যাচাই ও ট্রেসেবিলিটি নিশ্চিত করতে প্যাকেজিংয়ে কিউআর কোড ব্যবহারে উৎপাদকদের উৎসাহিত করা হবে। সচেতনতা বাড়াতে বিসিক, এসএমই ফাউন্ডেশন ও ইপিবিকে গণমাধ্যমে প্রচার চালানোর দায়িত্ব দেওয়ার প্রস্তাব রয়েছে।

রপ্তানিতে শুল্কছাড়, ই-কমার্স ও পর্যটন রুট প্রসারের জন্য আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে জিআই পণ্য উৎপাদনে ব্যবহৃত আমদানি করা কাঁচামালের ওপর শুল্ক হ্রাস বা সম্পূর্ণ অব্যাহতির প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি রপ্তানির ক্ষেত্রে বিশেষ ‘জিআই বোনাস’, নগদ প্রণোদনা ও ডিউটি ড্র-ব্যাক সুবিধা চালুর সুপারিশ রয়েছে। অন্যদিকে অ্যামাজন ও আলিবাবার মতো বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্ম এবং দেশীয় অনলাইন বাজারে জিআই পণ্যের জন্য আলাদা ক্যাটাগরি চালুর কথা বলা হয়েছে।

দেশি-বিদেশি পর্যটক ও ক্রেতাদের কাছে ঐতিহ্যবাহী পণ্য তুলে ধরার জন্য প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনে ‘জিআই প্রোডাক্ট কর্নার’ বা ডিসপ্লে গ্যালারি স্থাপনের সুপারিশ করা হয়েছে। এছাড়া জাপান ও ভারতের মডেলের আদলে পর্যটনের সঙ্গে জিআই পণ্যের সংযোগ ঘটাতে আঞ্চলিক ‘ট্যুরিজম ট্রেইল’ চালুর পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ পর্যন্ত একটি ‘শাড়ি ট্রেইল’ গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তম জীবন-যাপনের জন্য ১০টি গুরুত্বপূর্ণ দোয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১২:০৭ পি.এম


উত্তম জীবন-যাপনের জন্য ১০টি গুরুত্বপূর্ণ দোয়া

মানুষের জীবনে রিজিকের গুরুত্ব অপরিসীম। জীবিকার জন্য, পরিবার-পরিজনের ভরণপোষণ, সন্তানদের লালন-পালন এবং মানুষের কল্যাণে অবদান রাখার জন্য অর্থ-সম্পদের প্রয়োজন হয়। তবে ইসলামের দৃষ্টিতে রিজিকের প্রকৃত সার্থকতা শুধুমাত্র তার প্রাচুর্যে সীমাবদ্ধ নয়; বরং এটি হালাল হওয়া, তাতে বরকত থাকা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হওয়ার মধ্যেই নিহিত। অনেক সম্পদ থাকা সত্ত্বেও কেউ অশান্তিতে ভুগতে পারে, আবার অল্প সম্পদেও কারও জীবন হতে পারে প্রশান্তি ও বরকতে পরিপূর্ণ। আল্লাহ বলেন, ‘হে মানুষ! পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র খাদ্যবস্তু রয়েছে, তা থেকে তোমরা আহার করো।’ (সুরা : বাকারা, আয়াত : ১৬৮)

এখানে হালাল রিজিক লাভ, ঋণ ও অভাব থেকে মুক্তি, উপার্জনে বরকত, কাজ সহজ হওয়া এবং দুনিয়া-আখিরাতের কল্যাণ অর্জনের জন্য কোরআন ও হাদিসে বর্ণিত ১০টি গুরুত্বপূর্ণ দোয়া আরবিতে বাংলা উচ্চারণ ও অর্থসহ তুলে ধরা হলো।

১. হালাল রিজিক লাভ ও হারাম থেকে বাঁচার দোয়া

اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ.

উচ্চারণ : আল্লাহুম্মাকফিনী বিহালালিকা আন হারামিকা, ওয়া আগনিনী বিফাদলিকা আম্মান সিওয়াক।

অর্থ : হে আল্লাহ! আপনার হালাল দ্বারা আমাকে আপনার হারাম থেকে যথেষ্ট করে দিন এবং আপনার অনুগ্রহে আপনি ছাড়া অন্য সবার মুখাপেক্ষিতা থেকে আমাকে মুক্ত করুন। (তিরমিজি, হাদিস : ৩৫৬৩)

২. ঋণের বোঝা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ.

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়াল আজযি ওয়াল কাসালি, ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়া দালা‘ইদ-দাইনি ওয়া গালাবাতির রিজাল।

অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার এবং মানুষের প্রভাব ও আধিপত্য থেকে। (সহিহ বুখারি, হাদিস : ৬৩৬৯)

৩. দারিদ্র্য, অভাব ও অপমান থেকে আশ্রয় চাওয়ার দোয়া

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْفَقْرِ، وَالْقِلَّةِ، وَالذِّلَّةِ، وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ.

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি, ওয়াল কিল্লাতি, ওয়ায-যিল্লাতি, ওয়া আউযু বিকা মিন আন আযলিমা আও উযলাম।

অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই দারিদ্র্য, স্বল্পতা ও অপমান থেকে। আর আপনার কাছে আশ্রয় চাই, যেন আমি কারও প্রতি জুলুম না করি এবং আমার প্রতিও জুলুম করা না হয়। (আবু দাউদ, হাদিস : ১৫৪৪)

৪. উপকারী জ্ঞান, পবিত্র রিজিক ও কবুল আমলের দোয়া

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا طَيِّبًا، وَعَمَلًا مُتَقَبَّلًا.

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন, ওয়া রিযকান তইয়িবান, ওয়া আমালান মুতাকাব্বালান।

অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র ও উত্তম রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করছি। (ইবনে মাজাহ, হাদিস : ৯২৫)

আমলের সময় : নবীজি (সা.) ফজরের নামাজের পর এই দোয়া পড়তেন। তাই ফজরের নামাজের পর দিনের শুরুতে এটি পড়া সুন্নাহ।

৫. দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা ও কল্যাণ লাভের দোয়া

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ.

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল-আফিয়াতা ফিদ-দুনইয়া ওয়াল-আখিরাহ।

অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা, সুস্থতা ও কল্যাণ প্রার্থনা করছি। (আবু দাউদ, হাদিস : ৫০৭৪)

৬. ক্ষমা ও তওবা কবুলের দোয়া

رَبِّ اغْفِرْ لِي وَتُبْ عَلَيَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ.

উচ্চারণ : রব্বিগফির লী ওয়া তুব আলাইয়্যা, ইন্নাকা আনতাত-তাওয়াবুর-রহীম।

অর্থ : হে আমার রব! আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি বারবার তওবা কবুলকারী, পরম দয়ালু। (আবু দাউদ, হাদিস : ১৫১৬)

৭. সংক্ষিপ্ত ইস্তিগফার

أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ.

উচ্চারণ : আসতাগফিরুল্লাহা ওয়া আতূবু ইলাইহি।

অর্থ : আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তাঁর কাছেই তওবা করছি। (সহিহ বুখারি, হাদিস : ৬৩০৭)

আমল : নিয়মিত ইস্তিগফার করা মুমিনের গুরুত্বপূর্ণ আমল। তবে ইস্তিগফারের সঙ্গে গুনাহ পরিহার, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া এবং হালাল পথে চলার আন্তরিক চেষ্টা থাকা জরুরি।

৮. দুনিয়া ও আখিরাতের সামগ্রিক কল্যাণের দোয়া

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ.

উচ্চারণ : রব্বানা আতিনা ফিদ-দুনইয়া হাসানাতাওঁ ওয়া ফিল-আখিরাতি হাসানাতাওঁ ওয়া কিনা আযাবান-নার।

অর্থ : হে আমাদের রব! আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। (সুরা : বাকারা, আয়াত : ২০১)

৯. আল্লাহর পক্ষ থেকে কল্যাণ ও রিজিক লাভের দোয়া

رَبِّ إِنِّي لِمَا أَنْزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ.

উচ্চারণ : রব্বি ইন্নী লিমা আনযালতা ইলাইয়্যা মিন খাইরিন ফাকীর।

অর্থ : হে আমার রব! আপনি আমার প্রতি যে কল্যাণই নাজিল করবেন, আমি তার মুখাপেক্ষী। (সুরা : কাসাস, আয়াত : ২৪)

প্রেক্ষাপট : হজরত মুসা (আ.) মিসর থেকে মাদইয়ানে পৌঁছে কঠিন পরিস্থিতিতে এই দোয়া করেছিলেন। আল্লাহ তাঁর জন্য আশ্রয় ও জীবিকার ব্যবস্থা করে দেন।

১০. কাজ সহজ হওয়া ও মানসিক প্রশান্তির দোয়া

رَبِّ اشْرَحْ لِي صَدْرِي ۝ وَيَسِّرْ لِي أَمْرِي.

উচ্চারণ : রব্বিশরাহ লী সদরী, ওয়া ইয়াসসির লী আমরী।

অর্থ : হে আমার রব! আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন। (সুরা : ত্ব-হা, আয়াত : ২৫–২৬)

আমলের সময় : চাকরির সাক্ষাৎকার, ব্যবসায়িক আলোচনা, পরীক্ষার প্রস্তুতি কিংবা গুরুত্বপূর্ণ কোনো কাজের আগে এই দোয়া পড়া যায়। এটি হজরত মুসা (আ.)-এর দোয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১২:১১ পি.এম


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭ জন

রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযান চলাকালীন গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।

আজ মঙ্গলবার, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগ বিভাগে ৪৩ জন, ওয়ারী বিভাগে ৬০ জন, মতিঝিল বিভাগে ৬৪ জন, তেজগাঁও বিভাগে ১০০ জন, মিরপুর বিভাগে ১১৭ জন, গুলশান বিভাগে ৪১ জন এবং উত্তরা বিভাগে ৪২ জন রয়েছেন।

অভিযানের সময় উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, চারটি রামদা, তিনটি ছুরি, একটি দা, একটি চাপাতি, পাঁচটি অবিস্ফোরিত হাতবোমা, তিনটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, এক লিটার কাঁচা পেট্রোল, ৫২২ পিস ইয়াবা, আট বোতল বিদেশি মদ, ১ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%