১০:৩২ এম
ছারছীনা দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (হাফি.) মুসলিম উম্মাহর ঐক্য, মানবসেবা এবং তাসাউফের আদর্শে জীবন গড়ার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) মিশরের রাজধানী কায়রোর নাসর সিটিতে অবস্থিত বুরজ আত-তাতবিকিয়্যিনের গ্র্যান্ড কনফারেন্স হলে তিনি একটি আধ্যাত্মিক সংবর্ধনা, ফিলিস্তিনি শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ এবং দোয়া মাহফিলে এই আহ্বান জানান।
‘ছারছীনা দারুসসুন্নাত সোসাইটি’ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করে। ছারছীনা দরবার শরীফের পীর সাহেবের মিশর সফরের উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন দেশের ছাত্র প্রতিনিধিরা, ধর্মীয় ব্যক্তিত্ব এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: তিন নির্বাচনে কলকাঠি নেড়েছিল গোয়েন্দা সংস্থার নির্বাচনী সেল
পীর সাহেব হুজুর তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের আখিরাতমুখী জীবন গঠন, বিশুদ্ধ আকিদা, উত্তম চরিত্র, তাকওয়া অর্জন এবং সুন্নতে নববীর আদর্শ অনুসরণ করে মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান।
এছাড়া অনুষ্ঠানে ছারছীনা শরীফের মরহুম পীর, মুজাদ্দিদে জামান আলহাজ্ব শাহ সূফি মোহাম্মাদ মোহেব্বুল্লাহ (রহ.)-এর জীবন, দ্বীনি খেদমত ও আধ্যাত্মিক অবদান নিয়ে আলোচনা করা হয়। সেইসাথে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মিশরের ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতিব ক্বারী ফাদিলাতুশ শাইখ মোহাম্মাদ সাইদ। পরে বিভিন্ন অতিথি ছারছীনা দরবার শরীফের দ্বীনি শিক্ষা, তাসাউফ চর্চা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের বিবিধ দিক তুলে ধরেন।
বক্তারা উল্লেখ করেন যে, ছারছীনা দরবার শরীফ দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা, আধ্যাত্মিক চর্চা ও মানবসেবায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাসাউফ ও ইসলামের খেদমতে এই প্রতিষ্ঠানের অবদান মুসলিম উম্মাহর জন্য অনুসরণীয়।
আরও পড়ুন: ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালক কালাচাঁন শেখের মৃত্যু
অনুষ্ঠানে 'হেমায়েতে ইসলাম বাংলাদেশ' নামক সংস্থার উদ্যোগে মিশরে অবস্থানরত ফিলিস্তিনি উদ্বাস্তুদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পীর সাহেব হুজুরকে সম্মাননা স্মারক, ক্রেস্ট এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। মিশরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন এবং আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও এতে উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্যে পীর সাহেব হুজুর মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য, ভ্রাতৃত্ব এবং সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন। এরপর দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আরও পড়ুন: ফেনীতে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে বেসরকারি কোম্পানি কর্মকর্তার মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন