প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলা ও ককটেল বিস্ফোরণের ফলে রাজু মোল্যা নামক কৃষকদলের এক নেতা নিহত হয়েছেন।
এই ঘটনার সময় সন্ত্রাসীরা মহাসড়কে আগুন জ্বালিয়ে এবং দেশীয় অস্ত্র নিয়ে তাণ্ডব চালিয়ে চারটি মোটরসাইকেলে আগুন দেয়। তারা স্থানীয় বিএনপির কার্যালয়ও ভাঙচুর করে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাজু মোল্যা নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুড়া গ্রামের আকতার মোল্যার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে বিক্ষোভ শুরু করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকরা। এই বিক্ষোভের ফলে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
খবর পেয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় বিক্ষোভকারীরা তাদের লক্ষ্য করে একাধিক ককটেল নিক্ষেপ করেন। ককটেল বিস্ফোরণে রাজু মোল্যা গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিএনপির মোটরসাইকেল বহরে থাকা কয়েকজন নেতাকর্মী জানান, তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় গুলিবর্ষণের পাশাপাশি একাধিক ককটেল নিক্ষেপ করা হয়। তারা জানান, ককটেল বিস্ফোরণেই রাজু মোল্যার মৃত্যু হয়েছে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. তানজীরুল ইসলাম মামুন রাজুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন