০৭:৩৪ পি.এম
ভারতের মহারাষ্ট্রে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ‘শেখ’ পদবিধারী ভোটারদের নাম সবচেয়ে বেশি বাদ পড়েছে। রাজ্যটির ভোটার তালিকা থেকে এই পদবির ৭ লাখ ৫৩ হাজার ৯৭৮ জনের নাম বাদ দেওয়া হয়েছে। সাবার ইনস্টিটিউটের প্রাথমিক বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, বাদ পড়া ভোটারদের মধ্যে মুসলিম নামধারীদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। রাজ্যজুড়ে মোট ২ কোটি ৬ লাখ ৮০ হাজার ভোটারের নাম বাদ পড়েছে। তাদের মধ্যে ৩০ লাখ ২০ হাজার ১৭৩ জন মুসলিম নামধারী, যা বাদ পড়া মোট ভোটারের ১৪ দশমিক ৬ শতাংশ।
অন্যদিকে, আদমশুমারির তথ্য অনুযায়ী, মহারাষ্ট্রের মোট জনসংখ্যায় মুসলিমদের আনুমানিক হার ১২ দশমিক ১ শতাংশ। অর্থাৎ, জনসংখ্যার তুলনায় ভোটার তালিকা থেকে বাদ পড়াদের মধ্যে মুসলিম নামধারীদের হার বেশি দেখা যাচ্ছে।
আরও পড়ুন: আফগানিস্তানের বহুমাত্রিক সভ্যতার জনপদ: ইতিহাস, ধর্ম ও জাতিসত্তার বৈচিত্র্য
মুম্বাইয়ে এই ব্যবধান আরও বেশি। সেখানে বাদ পড়া ভোটারদের ২১ দশমিক ৩ শতাংশ মুসলিম নামধারী। মহারাষ্ট্রের অন্যান্য অংশে এ হার ১৩ দশমিক ২ শতাংশ।
পদবিভিত্তিক তালিকায় শেখের পর পাটিল পদবির ভোটারদের নাম বাদ পড়েছে ৪ লাখ ৮৩ হাজার ৫২৬ জন। এছাড়া, খান পদবির ৩ লাখ ৬৮ হাজার ৬৪৯, যাদব পদবির ৩ লাখ ৩৯ হাজার ৭৯৬ এবং পাওয়ার পদবির ২ লাখ ৭৪ হাজার ৬০৭ জন ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাদ পড়া শেখ পদবিধারীদের ৮৮ শতাংশের ক্ষেত্রে মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি। বরং তাদের স্থায়ীভাবে অন্যত্র চলে যাওয়া, অনুপস্থিত থাকা বা খুঁজে না পাওয়া এবং আগে থেকেই অন্যত্র ভোটার হিসেবে নিবন্ধিত থাকার মতো কারণ উল্লেখ করা হয়েছে।
বাদ পড়া শেখ পদবিধারীদের মধ্যে প্রায় ৩০ শতাংশ মুম্বাইয়ের বাসিন্দা। তাদের মধ্যে ৪৭ শতাংশ নারী। মহারাষ্ট্রের ২৮৮টি বিধানসভা কেন্দ্রেই এই পদবির ভোটারদের নাম বাদ পড়েছে। সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে মুম্বরা-কালওয়া কেন্দ্রে।
আরও পড়ুন: ইরানের অবরোধে উপসাগরে বিমা খরচ বেড়ে গেল, পরিবহন সক্ষমতা কমছে
তবে সাবার ইনস্টিটিউট সতর্ক করে বলেছে, শুধুমাত্র পদবির তালিকা দেখে ধর্মীয় বা বর্ণভিত্তিক লক্ষ্যবস্তু করার প্রমাণ হিসেবে বিষয়টিকে বিবেচনা করা যাবে না। এই তালিকা মূলত বাদ পড়া ভোটারদের মধ্যে কোন পদবি কত বেশি প্রচলিত, তা তুলে ধরে; নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের মোট ভোটারের কত অংশ বাদ পড়েছেন, তা নয়।
মুসলিম নামধারী ভোটারদের বিষয়ে ইনস্টিটিউটের পৃথক বিশ্লেষণে তালিকা থেকে বাদ পড়াদের মধ্যে তাদের সামগ্রিক উপস্থিতির চিত্র উঠে এসেছে।
সূত্র: মাকতুব মিডিয়া
আরও পড়ুন: হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন