০৪:২৬ পি.এম
স্পেনের ফুটবলে শোকের ছায়া নেমে এসেছে। ম্যাচ চলাকালে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষের ফলে গুরুতর আহত হয়ে হাসপাতালে মারা গেছেন সিডি টেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেল। ৩০ বছর বয়সী এই ফুটবলার মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সোমবার (২ নভেম্বর) এফসি আন্দোরার বিরুদ্ধে অনুষ্ঠিত ম্যাচে এই মর্মান্তিক ঘটনা ঘটে। টেনেরিফের মাঠ এস্তাদিও হেলিওদোরো রদ্রিগেজ লোপেজে ম্যাচের শেষ পর্যায়ে বলের দখল নিতে গিয়ে প্রতিপক্ষ গোলরক্ষক হেসুস ওনোর সঙ্গে সংঘর্ষে জড়ান দে মিগেল। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, গোলরক্ষকের হাঁটু বা শরীরের আঘাত তার বুকে লাগে।
সংঘর্ষের পরপরই মাঠে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এই স্ট্রাইকার। চিকিৎসক দল দ্রুত মাঠে প্রবেশ করে তাকে জরুরি চিকিৎসা প্রদান করে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে ইনটিউবেশন করা হয়। পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়ার সময় তার হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। প্রায় ২০ মিনিট ধরে সিপিআর দেওয়ার পর অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুন: ভারত সফরে শচীনের সঙ্গে ক্রিকেট খেললেন ব্রিটেনের যুবরাজ উইলিয়াম
ঘটনার সময় ম্যাচটি ২-২ গোলে সমতায় ছিল। দুর্ঘটনার পর খেলা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। অবশেষে ১০৮ মিনিটে কর্মকর্তারা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।
দে মিগেলকে ক্যানারি দ্বীপপুঞ্জের সান্তা ক্রুজ শহরের ইউনিভার্সিতারিও নুয়েস্ত্রা সেনোরা দে কান্দেলারিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রথমে তার অবস্থা গুরুতর হলেও টেনেরিফ কর্তৃপক্ষ জানায়, তা স্থিতিশীল ছিল। তবে পরবর্তীতে তার স্নায়বিক অবস্থার অবনতি ঘটে।
মঙ্গলবার সকালে দে মিগেলের মৃত্যুর খবর নিশ্চিত করে সিডি টেনেরিফ। ক্লাবটি জানায়, স্থানীয় সময় সকাল ৮টায় মারা যান এই ফুটবলার। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ক্লাব কর্তৃপক্ষ।
২০১৫ সালে লেগানেস বি দলের হয়ে সিনিয়র ক্যারিয়ার শুরু করেন দে মিগেল। এরপর তিনি স্পেনের আরও আটটি ক্লাবে খেলেছেন। গত বছর তিনি সিডি টেনেরিফে যোগ দেন।
আরও পড়ুন: হাসানের জোড়া আঘাতে স্বস্তি নিয়ে দিন শেষ বাংলাদেশের
শোকবার্তায় ক্লাবটি জানায়, এই কঠিন সময়ে শোকাহত পরিবার, স্বজন এবং টেনেরিফের সমর্থকদের পাশে রয়েছে তারা। তার আকস্মিক মৃত্যুতে স্পেনের বিভিন্ন ক্লাব, খেলোয়াড় ও ফুটবলসংশ্লিষ্ট ব্যক্তিরাও শোক প্রকাশ করছেন।
মাঠে এই মর্মান্তিক দুর্ঘটনায় মাত্র ৩০ বছর বয়সে দে মিগেলের মৃত্যু স্প্যানিশ ফুটবলে গভীর শোকের আবহ তৈরি করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন