প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এক সপ্তাহের মধ্যে একজন রোগীর জন্য ৮০০টি সার্জিক্যাল গ্লাভস ব্যবহার করা হয়েছে! এর পাশাপাশি, রোগীর মৃত্যুর তিন মাস পরও তাঁর নামে চিকিৎসার বিল তৈরি করা হয়েছে। হায়দরাবাদের পাঞ্জাগুট্টায় অবস্থিত খ্যাতনামা ‘নিজামস ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস’ (এনআইএমএস)-এর নথিপত্রে এমন অবিশ্বাস্য ও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। এই ঘটনা হাসপাতালের বিলিং ব্যবস্থা এবং চিকিৎসা সরঞ্জাম ব্যবহারের স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।
গত ২৯ অক্টোবর এবং ২ নভেম্বর দুর্নীতি দমন ব্যুরো (এসিবি), খাদ্য নিরাপত্তা বিভাগ, ড্রাগ কন্ট্রোল এবং শ্রম দপ্তরের বিশেষজ্ঞ দলের যৌথ অভিযানে এই ব্যাপক অনিয়ম ধরা পড়ে।
রোগীর মৃত্যুর কয়েক মাস পরেও বিল প্রক্রিয়াকরণ করা হচ্ছে। নথিপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, গত জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে রোগীদের হাসপাতাল থেকে ছুটি দেওয়ার পরও তাঁদের নামে প্রায় ৬৬ লাখ রুপির বিল এন্ট্রি করা হয়েছে। এমনকি কিছু ক্ষেত্রে রোগীর মৃত্যুর তিন মাস পরও বিল পাস করা হয়েছে। বিশেষ করে সরকারি স্বাস্থ্যবীমা প্রকল্প ‘আরোগ্যশ্রী’-র আওতাভুক্ত রোগীদের ক্ষেত্রে এই জালিয়াতি সবচেয়ে বেশি ঘটেছে।
হাসপাতালের পাঁচটি অপারেশন থিয়েটার (ওটি) পরিদর্শনের সময় দেখা যায়, ভেন্ডর বা সরবরাহকারীরা কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই ওটি এবং সাব-স্টোরের আলমারিতে প্রায় ৫ কোটি রুপি মূল্যের ইমপ্লান্ট ও অন্যান্য সরঞ্জাম মজুত করে রেখেছে। অভিযোগ উঠেছে, চিকিৎসক এবং নার্সিং স্টাফরা মূল স্টোরে কোনো চাহিদাপত্র না পাঠিয়েই সরাসরি ভেন্ডরদের কাছ থেকে এসব ইমপ্লান্ট সংগ্রহ করতেন। পরে ভেন্ডরদের ইনভয়েস ও ব্যবহারের সনদ জমা দিয়ে বিল তোলা হতো, যা বড় ধরনের দুর্নীতির সুযোগ তৈরি করেছিল।
এসিবি কর্মকর্তাদের চোখে পড়েছে সার্জিক্যাল সরঞ্জামের অস্বাভাবিক ব্যবহার। নথিতে দেখা যায়, এক সপ্তাহে একজন রোগীর জন্য ৮০০ গ্লাভস খরচ দেখানো হয়েছে। এসব অনিয়মের বেশিরভাগই ‘আরোগ্যশ্রী’ প্রকল্পের রোগীদের ঘিরে আবর্তিত হয়েছে। পাশাপাশি ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত জনবল নিয়োগের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন না করা এবং কর্মী নিয়োগ ও শ্রেণিবিন্যাসেও ব্যাপক অনিয়ম ধরা পড়েছে।
যৌথ অভিযানে হাসপাতালের প্রধান ক্যান্টিনটি অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে চলতে দেখা গেছে। সেখানে মেয়াদোত্তীর্ণ খাবার পাওয়া গেছে এবং ক্যান্টিনটির কোনো ‘এফএসএসএআই’ নিবন্ধন ছিল না। ক্যান্টিনের টেন্ডার প্রক্রিয়ায় দরদাতাদের মধ্যে গোপন আঁতাত বা যোগসাজশের সন্দেহও করছেন তদন্তকারীরা।
এছাড়া হাসপাতালের ওষুধের দোকানগুলোতে বিক্রির বাধ্যতামূলক নথি সংরক্ষণ না করা এবং অনিবন্ধিত কর্মী নিয়োগের প্রমাণ মিলেছে। নিরাপত্তা পরিষেবার ক্ষেত্রে বারবার চুক্তির মেয়াদ বাড়ানো এবং চুক্তির শর্ত ভঙ্গকারী একটি সংস্থার ২৮ লাখ ১৩ হাজার রুপি ব্যাংক গ্যারান্টি বাজেয়াপ্ত না করার মতো গুরুতর গাফিলতিও নজরে এসেছে।
অধিকতর তদন্তের স্বার্থে এসিবি ইতিমধ্যে হাসপাতালের গুরুত্বপূর্ণ ফাইল, চুক্তিপত্র এবং অন্যান্য নথিপত্র জব্দ করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন