০৪:৪৩ পি.এম
ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এই সৌজন্য সাক্ষাৎটি আজ জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্তব্য করেন, বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে সম্পর্ক অত্যন্ত উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, সিঙ্গাপুর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার।
আরও পড়ুন: চকরিয়ায় বন্য হাতির আক্রমণে ৬০ বছর বয়সী বৃদ্ধের প্রাণ গেল
তিনি বলেন, লি কুয়ান ইউ-এর দূরদর্শী নেতৃত্বের কারণে সিঙ্গাপুর বিশ্বের অন্যতম সমৃদ্ধশালী দেশে পরিণত হয়েছে।
স্পিকার আরও বলেন, ‘২৪-এর জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছে এবং এদেশে পুনরায় গণতান্ত্রিক অগ্রযাত্রা সূচিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এদেশের ইতিহাসে অন্যতম অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন।
তিনি উল্লেখ করেন, বিগত ১৭ বছরের স্বৈরাচারী শাসনে এদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ব্যাহত হয়েছে। স্পিকার বলেন, বাংলাদেশের বিনিয়োগ প্রক্রিয়ায় সিঙ্গাপুর গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
হাইকমিশনার ডেরেক লো বলেন, বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কারিগরি শিক্ষার প্রসারে প্রাধান্য দেয়া উচিত। তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার তুলনায় কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও প্রসারের মাধ্যমে এদেশের কর্মক্ষম তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব হবে। তিনি বলেন, সিঙ্গাপুর জাহাজ ও বিভিন্ন ধরনের নৌযান নির্মাণের মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে যাচ্ছে। বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্পের প্রসার ও ড্রাই ডক স্থাপনের মাধ্যমে অর্থনৈতিকভাবে বাংলাদেশ সুফল লাভ করতে পারে।
আরও পড়ুন: পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা
সাক্ষাৎকালে তারা উভয়েই দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য, তৈরি পোশাক শিল্পের প্রসার, দ্বিপাক্ষিক সংসদীয় সফর বিনিময়, সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন এবং পাবলিক পরীক্ষা ও সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষার বিষয়ে মত বিনিময় করেন।
এ সময় স্পিকার ভোলাসহ বাংলাদেশের সমুদ্র উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনের জন্য সিঙ্গাপুরের বিভিন্ন কোম্পানিকে আমন্ত্রণ জানান।
বৈঠকে সিঙ্গাপুর দূতাবাসের প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জাতীয় উন্নয়ন পরিকল্পনায় স্থানিক পরিকল্পনা অন্তর্ভুক্তির আহ্বান বিআইপির সেমিনারে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন