০৪:০৪ পি.এম
দেশের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের প্রতি বৈষম্য দূরীভূত করা, নিরাপত্তা নিশ্চিত করা, ক্ষমতায়ন করা এবং অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
এ লক্ষ্যে, সরকার ক্রীড়ানুরাগী পাঁচজন বিশিষ্ট নারীকে নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করেছে। কমিটি গঠনের তথ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা স্বাক্ষরিত গত মঙ্গলবার (২ জুন) জারি করা এক আদেশে জানানো হয়েছে।
আরও পড়ুন: আইইবি নির্বাচনে চমক দেখালো এ্যাব, প্রেসিডেন্ট নির্বাচিত হলেন খান মনজুর মোর্শেদ
এই কমিটির আহ্বায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক জাতীয় টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনুকে। অন্য সদস্যরা হলেন— জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি সারওয়াত সিরাজ (শুক্লা), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিকসের অধ্যাপক নাসরিন সুলতানা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব উম্মে ইসরাত।
মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, কমিটি ক্রীড়াঙ্গনে নারী প্রতিভার সুরক্ষা, নিরাপত্তা, অংশগ্রহণ, বিকাশ ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় কর্মকৌশল প্রণয়ন করবে। পাশাপাশি, ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ এবং নেতৃত্ব প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
আরও পড়ুন: চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১
এ ছাড়াও, তৃণমূল পর্যায় থেকে উঠে আসা সম্ভাবনাময় নারী ক্রীড়াবিদদের প্রশিক্ষণ, প্রাতিষ্ঠানিক ও আইনগত সহায়তা প্রদান, স্বাস্থ্য, পুষ্টি এবং মানসিক বিকাশ নিশ্চিতকরণ এবং তাদের সামাজিক অবস্থান সুদৃঢ় করার বিষয়েও কাজ করবে এই কমিটি।
কমিটি ইতিমধ্যেই নারী ক্রীড়ায় বিদ্যমান বিনিয়োগ ঘাটতি দূর করার কার্যক্রম শুরু করবে, সম-আর্থিক সুবিধা নিশ্চিত করবে, নারী অধিকার ও ক্ষমতায়নে ক্রীড়াকে কার্যকর মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করবে এবং ক্রীড়াঙ্গনে নারীদের প্রতি সকল ধরনের বৈষম্য দূর করে নিরাপত্তা ও সমতা নিশ্চিত করবে।
আরও পড়ুন: বিএনপির জাতীয় কর্মশালায় ছাত্রদল নেতাদের সঙ্গে ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে আলোচনা
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, কমিটিকে প্রতি দুই মাস অন্তর তাদের কার্যক্রম এবং অগ্রগতির প্রতিবেদন লিখিতভাবে সরকারের কাছে জমা দিতে বলা হয়েছে। এছাড়া, প্রয়োজন হলে কোনো বিশেষজ্ঞ ব্যক্তিকে সদস্য হিসেবে কো-অপ্ট করার ক্ষমতাও এই কমিটিকে দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন