০১:৪০ এম
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের চার লেন প্রকল্পের কাজ চলাকালে টাঙ্গাইলের এলেঙ্গা এলাকায় গ্যাস সঞ্চালন লাইনের মূল পাইপলাইনে ফাটল দেখা দিয়েছে। এ ঘটনায় এলেঙ্গা-টাঙ্গাইল-চন্দ্রা রুটের ছয়টি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে টাঙ্গাইলের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় আন্ডারপাস নির্মাণকাজের পাইলিং করার সময় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: বিশ্বম্ভরপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
সংশ্লিষ্ট সূত্র জানায়, চার লেন প্রকল্পের অংশ হিসেবে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় আন্ডারপাস নির্মাণের জন্য ভারী যন্ত্র দিয়ে গভীর পাইলিংয়ের কাজ চলছিল। এ সময় মাটির নিচে থাকা গ্যাস সঞ্চালন লাইনের অবস্থান সঠিকভাবে চিহ্নিত না হওয়ায় পাইলিং যন্ত্রের আঘাতে মূল পাইপলাইনে ফাটল সৃষ্টি হয়।
ফাটলের পর উচ্চচাপের গ্যাস দ্রুত বের হতে শুরু করলে বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গ্যাসের তীব্র শব্দ ও গন্ধে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়।
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) হারুন অর রশিদ বলেন, আন্ডারপাসের পাইলিংয়ের সময় গ্যাসের মূল পাইপলাইন ফেটে যায়। ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্যাস কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতের কাজ চলছে।
আরও পড়ুন: ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ খান রাজ গ্রেপ্তার
ঘটনার পর এলেঙ্গা বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
তিতাস গ্যাসের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী প্রকৌশলী রমজান আলী বলেন, ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতে সারারাত লেগে যেতে পারে। এ কারণে এলেঙ্গা-টাঙ্গাইল-চন্দ্রা রুটের ছয়টি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তবে অন্য সব গ্যাস সংযোগ স্বাভাবিক রয়েছে।
কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার বলেন, ক্ষতিগ্রস্ত গ্যাস সংযোগ দ্রুত সচল করতে মেরামতের কাজ চলছে।
আরও পড়ুন: নোয়াখালী-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধের পথে, যাত্রীদের দুর্ভোগ বাড়ছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন