প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অস্ট্রেলিয়ার ২০১৮ সালের বল টেম্পারিং কাণ্ড নিয়ে নতুন অভিযোগ প্রকাশিত হয়েছে। একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কেপটাউনের সেই বিতর্কিত ঘটনার ছয় মাস পর, ২০১৮ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে দুবাইয়ে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে বলের অবস্থা পরিবর্তনের আরেকটি প্রচেষ্টা নিয়ে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের মধ্যে আলোচনা হয়েছিল।
জেরার্ড হোয়াটলির অনুসন্ধানী প্রতিবেদন, যা এসইএন প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে, পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে বলের অবস্থা পরিবর্তনের জন্য মিন্টস (মিষ্টি বা মিন্টজাতীয় ক্যান্ডি) ব্যবহারের চেষ্টা থেকে খেলোয়াড়দের বিরত রাখতে তৎকালীন অধিনায়ক টিম পেইন ও প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার হস্তক্ষেপ করেছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের প্রথম ইনিংসে বল থেকে কাঙ্ক্ষিত সুইং বা মুভমেন্ট অর্জন করতে ব্যর্থ হওয়ার সময় খেলোয়াড়দের মধ্যে এ নিয়ে আলোচনা হয়। কথার ছলে এক খেলোয়াড়কে বলতে শোনা যায়, 'মিন্টস কার কাছে আছে? আজ বলের কাজ কে করছে?'
তবে দলের নতুন একজন সদস্য এই প্রস্তাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কেপটাউনের ঘটনার পর অস্ট্রেলিয়া দলের সিদ্ধান্ত ছিল, খেলোয়াড়রা মাঠে আর কোনো ললিপপ বা ক্যান্ডি নিয়ে যেতে পারবেন না। পেইনও সাপোর্ট স্টাফদের আশ্বস্ত করেছিলেন যে তার অধিনায়কত্বের সময় খেলোয়াড়দের বলের ওপর এসব ব্যবহার করতে তিনি অনুমতি দেবেন না।
হোয়াটলির অনুসন্ধানী প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, দুবাইয়ের ওই ঘটনাই ছিল ম্যাচ চলাকালে বলের অবস্থা পরিবর্তনের চেষ্টা নিয়ে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের শেষ আলোচনা। কেপটাউনের বিতর্কের পর অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে তৈরি হওয়া উত্তেজনার বিষয়েও নতুন তথ্য উঠে এসেছে এই প্রতিবেদনে।
প্রতিবেদন অনুযায়ী, দলের হোটেলে মিচেল মার্শ ডেভিড ওয়ার্নারের মুখোমুখি হয়েছিলেন। তিনি ওয়ার্নারকে বল টেম্পারিংয়ের পরিকল্পনায় নিজের ভূমিকার দায়িত্ব নিতে বলেছিলেন, যাতে ক্যামেরন ব্যানক্রফটকে একা দোষ বহন করতে না হয়।
এছাড়াও, ঘটনার জন্য পুরো দল সম্মিলিতভাবে দায় স্বীকার করবে কি না, তা নিয়ে খেলোয়াড়দের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিছু খেলোয়াড় এই ধারণার বিরোধিতা করেছিলেন, যা দলের অভ্যন্তরীণ বিভাজন প্রকাশ করে।
নতুন অভিযোগ সামনে আসায় ২০১৮ সালের বিতর্ক আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছে, বিশেষ করে ওই ঘটনার সঙ্গে জড়িত কয়েকজন খেলোয়াড়ের সাম্প্রতিক মন্তব্যের পর।
কী ঘটেছিল ২০১৮ সালের কেপটাউনে?
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে তৃতীয় টেস্ট চলাকালে ক্যামেরায় স্যান্ডপেপার দিয়ে বলের অবস্থা পরিবর্তন করতে দেখা যায় ক্যামেরন ব্যানক্রফটকে। ওই ঘটনা অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় বিতর্কে পরিণত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন