মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:৩৬ পি.এম
মেহেরপুরের গাংনীতে জেলা কৃষকদলের সদস্যসচিব মিজানুর রহমানের বাড়ি থেকে ৯৪ লাখ ২৫ হাজার টাকা আনুমানিক মূল্যের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে, উপজেলার হিন্দা গ্রামে মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুষ্টিয়া ৪৭ বিজিবির তেঁতুলবাড়িয়া ক্যাম্পের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া শিবলিঙ্গটির ওজন ৯৪ কেজি ২৫০ গ্রাম। প্রতি কেজি কষ্টিপাথরের আনুমানিক মূল্য এক লাখ টাকা হিসাবে এর মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৪ লাখ ২৫ হাজার টাকা।
গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়েজুর রহমান ফয়েজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কৃষকদলের সদস্যসচিব মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ি থেকে কষ্টিপাথরের শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় কাউকে আটক করা হয়নি জানিয়ে তিনি বলেন, উদ্ধার হওয়া শিবলিঙ্গটি পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নভেম্বর মাসের বেতন বিল সাবমিট করার কার্যক্রম শুরু হয়ে গেছে। তবে নবম পে স্কেলের জন্য পৃথক গেজেট এখনও জারি হয়নি, ফলে শিক্ষকরা আগের স্কেলেই বেতন গ্রহণ করছেন। এর ফলে নবম জাতীয় পে স্কেল অনুযায়ী বেতন পেতে তাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেলের আওতায় বেতন-ভাতা প্রদান করার জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে একটি পৃথক গেজেট বা আদেশ জারি করা প্রয়োজন। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ অর্থ বিভাগে একটি চিঠি পাঠিয়েছে।
এখন পর্যন্ত পৃথক গেজেট প্রকাশিত না হওয়ায় চলতি নভেম্বর মাসের বেতন পুরনো স্কেল অনুযায়ী তুলতে হবে বলে জানিয়েছেন মাউশি কর্মকর্তারা। অর্থ বিভাগ থেকে পৃথক গেজেট জারির পর এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ওই নির্দেশনায় পে-ফিক্সেশন বা বেতন নির্ধারণসহ অন্যান্য প্রক্রিয়া স্পষ্টভাবে উল্লেখ থাকবে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাস থেকেই শিক্ষক-কর্মচারীরা নবম পে স্কেল অনুযায়ী বেতন পেতে পারেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী গণমাধ্যমে জানান, যেহেতু এমপিওভুক্ত জনবলের পে স্কেলের পৃথক গেজেট এখনও জারি হয়নি, সেহেতু চলতি নভেম্বর মাসে পুরোনো স্কেলেই বেতন বিল সাবমিট করতে হবে। পে স্কেলের গেজেট আনুষ্ঠানিকভাবে জারি হওয়ার পর বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর ধানমণ্ডি থানার কিশোর আবদুল মোতালেব হত্যা মামলার প্রেক্ষাপটে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে বহনকারী প্রিজনভ্যানের চারপাশে ঝাড়ু মিছিল ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতে এই দৃশ্য দেখা যায়।
সাঈদ খোকনকে আদালতে হাজির করার প্রেক্ষিতে কয়েকটি মবের ঘটনা সংঘটিত হয়। আইনজীবী ও সাংবাদিকসহ বেশ কয়েকজন মবের শিকার হন। এর মধ্যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোহাগকে মারধর করা হয়। এছাড়া ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের হাতে অন্তত চারজন মবের শিকার হন।
সাঈদ খোকনকে প্রিজনভ্যান থেকে নামানোর সময় ছবি তুলতে ও ভিডিও করতে যান দৈনিক ‘আগামীর সময়’-এর প্রতিবেদক মাসুদ রানা। এ সময় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাকে হেনস্তা করেন এবং বলেন, “ফ্যাসিস্টের সহযোগী, আওয়ামী লীগের দালালি করতে এসেছে।”
ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিএনপিপন্থী আইনজীবীদেরও স্লোগান দিতে দেখা যায়।
আজ সকাল ৭টার দিকে বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে আটক করে ডিবির কাছে সোপর্দ করে এসআরবি। আদালতে হাজির করার খবর পেয়ে দুপুর থেকেই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা আদালতপাড়ায় জড়ো হতে থাকেন। তাদের হাতে ঝাড়ু দেখা যায় এবং তারা স্লোগান দিতে থাকেন, যেমন ‘লীগ ধর, জবাই কর’; ‘লীগ ধর, জেলে ভর’; ‘রশি লাগলে রশি নিয়ে, হাসিনাকে ফাঁসি দে’। তাদের নেতৃত্ব দেন কোতোয়ালি থানা ছাত্রদলের নেতা দ্বীন ইসলাম।
বিকেল সাড়ে ৫টার দিকে সাঈদ খোকনকে বহনকারী গাড়িটি আদালত চত্বরে প্রবেশ করে। এ সময় গাড়িতে ডিম নিক্ষেপ করা হয়। পরে দ্রুততার সঙ্গে গাড়িটি সিএমএম আদালতের হাজতখানায় প্রবেশ করে।
প্রায় ২৫ মিনিট পর সাঈদ খোকনকে পুলিশের একটি প্রিজনভ্যানে করে সিএমএম আদালতের হাজতখানা থেকে ঢাকার সিজেএম আদালতের বারান্দায় আনা হয়। এ সময় প্রিজনভ্যান ঘিরে ঝাড়ু মিছিল করেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সন্ধ্যা ৬টার দিকে তাকে এজলাসে তোলা হয়। মিনিট ছয়েক পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এজলাসে উপস্থিত হন।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, “আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনার একজন অবৈধ এমপি। তাকে যেন চেনা না যায়, এ জন্য চুল-দাড়ি বড় করে রেখেছেন। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে দুদক, মানিলন্ডারিং, হত্যাসহ ৩০টির অধিক মামলা রয়েছে। ঢাকা দক্ষিণের বিভিন্ন নাশকতা, মিছিল, মিটিংয়ে তিনি নেতৃত্বে ছিলেন।”
তিনি আরও বলেন, “এ আসামি হত্যা মামলার এজাহারনামীয় আসামি। পুলিশ দীর্ঘদিন তাকে খুঁজছিল। মামলার তদন্ত করতে গিয়ে তাকে খুঁজে পায়। ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। সর্বোচ্চ রিমান্ড প্রার্থনা করছি।”
সাঈদ খোকনের পক্ষে সিনিয়র আইনজীবী আবু সাঈদ সাগর রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন। তিনি বলেন, “এ আসামি একজন নির্বাচিত সাবেক মেয়র। ঘটনার ২২ দিন পর মামলা। এখানে মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন আছে। রিমান্ড আবেদনটা দেখবেন, রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা আছে কি না? যৌক্তিকতা নেই। জামিন চাই না, তাকে কাস্টডিতে নিয়ে যান। রিমান্ড নামঞ্জুরের প্রার্থনা করছি।”
মামলার যৌক্তিকতা নিয়ে আসামিপক্ষের আইনজীবীর প্রতিউত্তরে প্রসিকিউটর ওমর ফারুক বলেন, “তখন মামলা করার পরিস্থিতি ছিল না। ফ্যাসিস্ট হাসিনার পুলিশরা থানা থেকে চলে গিয়েছিল।”
এ সময় সাঈদ খোকন কথা বলার জন্য হাত তোলেন। তিনি বলতে থাকেন, “মাই লর্ড, কথা বলতে চাই।” তবে কথা বলার অনুমতি মেলেনি তার। পরে আদালত তার ৭ দিনের রিমান্ডের আদেশ দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি বলেন, "কাজী সাহেবরা মুসলিম নর-নারীর নিকাহর মত একটি পবিত্র কাজ সম্পন্ন করে থাকেন।"
তিনি আরও উল্লেখ করেন, "ঐতিহাসিককাল থেকেই বিভিন্ন রাজা-বাদশা ও রাষ্ট্রপ্রধানরা কাজী সাহেবদের মতামতকে মূল্যায়ন করে থাকেন।"
হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, "বিগত আমলে আলেম-ওলামাদের জঙ্গি তকমা দিয়ে তাদের অসম্মানিত করা হতো।"
তিনি সতর্ক করে বলেন, "মিথ্যা কখনো চিরস্থায়ী হয় না। সত্য চিরকাল সত্যই থাকে।"
তিনি আরও বলেন, "আলেম-ওলামারা বর্তমান সরকারের পাশে আছে বলেই ক্ষমতায় আসতে পেরেছে। বর্তমান সরকার ইসলামী মূল্যবোধকে বিশ্বাস করে।"
হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু আলেম-ওলামাদের সতর্ক থাকার আহ্বান জানান, যেন কোনো সন্ত্রাসী গোষ্ঠী রাষ্ট্রের ক্ষমতায় আসতে না পারে।
এ সময় তিনি বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের উপর আক্রমণের তীব্র নিন্দা জানান।
তিনি বলেন, "সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আলেম-ওলামাদের যথেষ্ট সম্মান করে থাকেন।"
তিনি নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্রের জন্য চূড়ান্ত বিধিমালা সুরক্ষার দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলাপ করার কথা জানান এবং তাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে সেটির ব্যবস্থা করার আশ্বাস দেন।
এ সমাবেশে সমিতির সভাপতি, মহাসচিবসহ বিভাগ ও জেলা পর্যায়ের বিভিন্ন সদস্য ও নেতারাও বক্তব্য রাখেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহের সময় বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহেরের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহর বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। রাঙ্গাবালী চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দোলন হাসান সাংবাদিকের দায়ের করা অভিযোগ আমলে নিয়ে মামলাটি দায়ের করেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আদালত সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১৪ নভেম্বর দুপুরে কোড়ালিয়া-বোয়ালিয়া নৌপথে চলাচলকারী যাত্রীবাহী স্পিডবোটে সংবাদ সংগ্রহ করতে গেলে আমিনুর রহমান বিল্লাহ নামের এক ব্যক্তি সাংবাদিক আবু তাহেরকে মারধর করেন। একপর্যায়ে তিনি এলোপাতাড়ি কিল-ঘুষি দিয়ে ওই সাংবাদিকের জামা ছিঁড়ে ফেলেন এবং চলন্ত স্পিডবোট থেকে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করেন। এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে অভিযুক্ত তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। স্পিডবোটে থাকা অন্য যাত্রীদের সহায়তায় প্রাণে রক্ষা পান আবু তাহের। পরে তিনি স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নেন।
এ ঘটনায় আদালত সিআর-৫১২/২৬ নম্বর মামলা রুজু করে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহ পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকার স্থায়ী বাসিন্দা। বর্তমানে তার ঠিকানা রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামে।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানিয়েছেন, ‘সাংবাদিকের ওপর হামলার বিষয়টিকে আমরা গুরুত্বসহকারে দেখছি।’
ঘটনার দিন সাংবাদিক আবু তাহের যাত্রীবাহী স্পিডবোটের বিভিন্ন অনিয়ম এবং যাত্রীদের লাইফ জ্যাকেট না পরানোর বিষয়টি নিয়ে ভিডিও ধারণ করছিলেন। এ সময় তাকে ভিডিও ধারণে বাধা দেওয়া হয় এবং পরে হামলার ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিক তাৎক্ষণিকভাবে রাঙ্গাবালী থানায় অভিযোগ দায়ের করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। রাঙ্গাবালী প্রেস ক্লাব সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ