০৩:৪৩ পি.এম
রংপুরের পীরগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের সেচ ও শিল্প মিটার চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। মিটার চুরি হওয়ার পর চোরচক্রের সদস্যদের পক্ষ থেকে টাকা দাবি করার অভিযোগ উঠেছে। এর ফলে বিদ্যুৎ গ্রাহকরা একদিকে হয়রানির শিকার হচ্ছেন, অন্যদিকে মিটার ফেরত পেতে অতিরিক্ত অর্থ খেসারত দেওয়ার চাপ সৃষ্টি হচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ, থানায় অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করলেও তারা কোনো প্রতিকার পাচ্ছেন না।
উপজেলার পানেয়া গ্রামের সোলেমান আলী জানান, গত শুক্রবার রাতে পানেয়া কদমতলী এলাকা থেকে দুটি শিল্প মিটার চুরি হয়েছে। এ ঘটনায় তিনি পীরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি অভিযোগ করেন, এলাকায় প্রায়ই সেচ ও শিল্প মিটার চুরির ঘটনা ঘটলেও প্রশাসন এখন পর্যন্ত কোনো চোরকে আটক করতে পারেনি।
ভুক্তভোগীরা অভিযোগ করছেন, মিটার চুরির পর ঘটনাস্থলে একটি মোবাইল ফোন নম্বর লিখে রেখে যায় চোরচক্রের সদস্যরা। ওই নম্বরে যোগাযোগ করলে চুরি হওয়া মিটার ফেরত দেওয়ার বিনিময়ে টাকা দাবি করা হয়। এতে বিদ্যুতের গ্রাহকরা বিপাকে পড়েছেন।
আরও পড়ুন: নার্সিং ও মিডওয়াইফারিকে বৈশ্বিক কর্মসংস্থানের খাতে নেওয়া হবে : জিয়াউদ্দিন হায়দার
অভিযোগ রয়েছে, চোরচক্রের সদস্যরা নিজেদের ব্যবহৃত মোবাইল ফোন নম্বর চালু রেখে প্রকাশ্যে ঘোরাফেরা করলেও তারা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। ফলে একের পর এক মিটার চুরির ঘটনা ঘটলেও চোরচক্রকে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
মিটার চুরির ঘটনায় স্থানীয় শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। মিটার চুরি হওয়ার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকছে, যা ব্যবসা-বাণিজ্য, সেচ কার্যক্রম ও স্বাভাবিক কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটাচ্ছে। নতুন মিটার সংগ্রহ ও সংযোগ চালু করতে গিয়ে গ্রাহকদের অতিরিক্ত ভোগান্তিতে পড়তে হচ্ছে।
ভুক্তভোগীরা দ্রুত মিটার চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা, চুরি হওয়া মিটার উদ্ধার এবং গ্রাহকদের হয়রানি বন্ধে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি -১ পীরগঞ্জ সাব স্টেশনের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) রবিউল ইসলাম জানান, তাঁর কার্যালয়ের আওতাধীন এলাকায় অনেক মিটার চুরির ঘটনা ঘটেছে। মিটার চুরির ঘটনায় গ্রাহকরা সাধারণত সংশ্লিষ্ট থানায় জিডি করে থাকেন।
আরও পড়ুন: ২১ বছর পর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চোরদের মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করে টাকা দাবি করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "চোরদের কোনো ধরনের টাকা দেওয়া যাবে না।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন