ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পাথরঘাটায় সড়কে ড্রেজার পাইপে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল নারীর


পাথরঘাটায় সড়কে ড্রেজার পাইপে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল নারীর

পাথরঘাটায় একটি দুর্ঘটনার ফলে মা রাশেদা বেগম (৫০) নিহত হয়েছেন, যখন তিনি তার ছেলেকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় সড়কের ওপর ফেলে রাখা উঁচু ড্রেজার পাইপে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এই ঘটনায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। নিহত রাশেদা বেগম নাচনাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শাহাদাত হোসেনের স্ত্রী ছিলেন।

পরিবারের সূত্রে জানা যায়, সোমবার রাতে পাথরঘাটা হাসপাতালে চিকিৎসা শেষে ছেলে সোয়েবুর রহমানের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রাশেদা বেগম। চৌরাস্তা এলাকায় পৌঁছানোর পর সড়কের ওপর ফেলে রাখা উঁচু ড্রেজার পাইপের ওপর মোটরসাইকেলের চাকা উঠে গেলে তিনি ছিটকে পড়ে যান এবং তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাঁকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে শাহজালাল জানান, সড়কের ওপর ফেলে রাখা ড্রেজার পাইপের আশপাশে রাতে কোনো সতর্কতামূলক সংকেত বা আলোর ব্যবস্থা ছিল না। ফলে অন্ধকারে তারা পাইপটি দেখতে পাননি।

আরও পড়ুন: কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ২

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস ধরে ড্রেজার পাইপের মাধ্যমে বিভিন্ন স্থানে বালু ফেলার কাজ চলছে। এই কারণে সড়কের ওপর উঁচু করে পাইপ ফেলে রাখা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এসব পাইপের কারণে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি বারবার জানানো হলেও পাইপ অপসারণে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাদের।

পাথরঘাটা থানার ওসি মো. আব্দুল আলীম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের ছেলে ও স্বজনদের কোনো অভিযোগ না থাকায় তারা মরদেহ দাফনের জন্য বাড়িতে নিয়ে গেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুক শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুক শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ

শারীরিক অসুস্থতার কারণে কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ওসমান ফারুক পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্রটি পাঠিয়েছেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য তিনি দীর্ঘদিন ধরে আমেরিকায় অবস্থান করছেন। সেখান থেকে তিনি পদত্যাগপত্রটি জমা দেন। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ভোট দিতে পারেননি, কারণ সে সময় তিনি আমেরিকায় ছিলেন। বিষয়টি জানিয়ে তিনি সংসদ সচিবালয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন।

ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক শিক্ষামন্ত্রী হিসেবে পরিচিত। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

ওসমান ফারুক ১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় ও কর্নেল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। বিএনপি সরকারের সময় তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুক্রবার শুরু হচ্ছে অপর্ণা সেনের আলোকচিত্র প্রদর্শনী ‘আমি আর্টস ফেস্টিভ্যাল ২০২৬’-এ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


শুক্রবার শুরু হচ্ছে অপর্ণা সেনের আলোকচিত্র প্রদর্শনী ‘আমি আর্টস ফেস্টিভ্যাল ২০২৬’-এ

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেনের আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘আমি আর্টস ফেস্টিভ্যাল ২০২৬’-এ বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে অভিনেত্রীর ক্যামেরায় তোলা বিশেষ মুহূর্তগুলো, যা এক মাসব্যাপী চলবে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, অপর্ণা সেনের আলোকচিত্র ‘মাই গেজ’ শিরোনামে প্রদর্শিত হবে। উৎসবের আনুষ্ঠানিক সূচনার পূর্বে আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভবানীপুর হাউসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে অভিনেত্রী তার প্রদর্শনী নিয়ে কথা বলবেন।

অপর্ণা সেনের ছবি তোলা বা ফটোগ্রাফি গুণ নতুন কিছু নয়। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি এ বিষয়ে আগ্রহী ছিলেন। তবে এবার তার এ গুণ প্রথমবারের মতো প্রকাশ্যে আসতে চলেছে।

এ প্রসঙ্গে অপর্ণা সংবাদমাধ্যমকে বলেন, "আমি বহু দিন ধরেই ছবি তুলি। ১৯৭৬ সালে প্রথম ক্যামেরা কিনেছিলাম। আমার আলোকচিত্রী বন্ধু সুভাষ নন্দীর কথা বলতে হয়। তিনি আমার ছবি ‘৩৬ চৌরঙ্গী লেন’-এর স্থিরচিত্র তুলেছিলেন। ওর থেকে ক্যামেরা সম্পর্কে কিছুটা জেনেছিলাম। তার পরে পরিচালক গৌতম ঘোষের কাছেও ক্যামেরায় ছবি তোলার খুঁটিনাটি সম্পর্কে জেনেছিলাম।"

ছবি তোলার ক্ষেত্রে আলোর ব্যবহারকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার প্রয়োজন বলে মনে করেন অপর্ণা। তিনি জানান, তার ক্যামেরাবন্দি করা ছবিগুলিতেও আলোর বিশেষ ভূমিকা রয়েছে। তার ভাষায়, "আলোর ব্যবহারটা আয়ত্তে এনে ফেলে ইচ্ছেমতো পরীক্ষানিরীক্ষা করা যায়। এক বার নৈনিতালের চড়া রোদে একটি ছবি তুলেছিলাম। কিন্তু এমন ভাবে ছবিটি তুলেছিলাম, দেখে মনে হত যেন চাঁদনি রাতে তোলা।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যে তুরস্কের প্রভাব নিয়ে ইসরায়েলি গণমাধ্যমের নজর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


মধ্যপ্রাচ্যে তুরস্কের প্রভাব নিয়ে ইসরায়েলি গণমাধ্যমের নজর

কাতারের সঙ্গে গাঢ় সম্পর্ক এবং মিসরের সঙ্গে ক্রমবর্ধমান নৌ-সহযোগিতার কারণে মধ্যপ্রাচ্যে তুরস্কের প্রভাব বৃদ্ধি ইসরায়েলি গণমাধ্যমের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে। বিশ্লেষকরা আঞ্চলিক নিরাপত্তা ও ক্ষমতার ভারসাম্যে এর সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করছেন।

ইসরায়েলি গণমাধ্যমগুলোতে তুরস্কের সম্প্রসারিত কূটনৈতিক ও সামরিক প্রভাবের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। আঙ্কারার সঙ্গে দোহার গভীর কৌশলগত অংশীদারত্ব এবং কায়রোর সঙ্গে ক্রমবর্ধমান নৌ-সহযোগিতাকে এমন একটি অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে, যা আঞ্চলিক নিরাপত্তার সমীকরণ পরিবর্তন করতে পারে।

ইস্তাম্বুলের দোলমাবাহচে প্রাসাদে আঙ্কারা ও দোহার মধ্যে চুক্তি স্বাক্ষরের পর উপসাগরীয় দেশগুলোর সঙ্গে তুরস্কের সম্পর্ক নিয়ে বিশ্লেষণ করেছে ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ। পত্রিকাটি এই অংশীদারত্বকে আঞ্চলিক ভূমিকা বিস্তারে তুরস্কের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে চিহ্নিত করেছে।

গত সপ্তাহে ইস্তাম্বুলে তুরস্ক-কাতার সুপ্রিম স্ট্র্যাটেজিক কমিটির ১২তম বৈঠকে প্রতিরক্ষা, বাণিজ্য, শিক্ষা ও কূটনীতি বিষয়ক পাঁচটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে বাহ্যিক হুমকির বিরুদ্ধে যৌথ নিরাপত্তা সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও অন্তর্ভুক্ত রয়েছে।

চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান তদারকি করার পূর্বে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রেসিডেন্টের দোলমাবাহচে কার্যালয়ে একান্ত ও প্রতিনিধিদল পর্যায়ে বৈঠক করেন।

হারেৎজ-এর বিশ্লেষণে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে আঞ্চলিক দেশগুলো তাদের প্রতিরক্ষা অংশীদারিত্বে বৈচিত্র্য আনতে উৎসাহিত হচ্ছে, যা তুরস্কের জন্য নতুন সুযোগ তৈরি করেছে।

প্রতিবেদন অনুযায়ী, উপসাগরীয় দেশগুলো এখন কেবল প্রথাগত অস্ত্র কেনার গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে প্রতিরোধ ক্ষমতা, সামুদ্রিক নিরাপত্তা এবং আঞ্চলিক ঘটনাবলিতে আরও বেশি প্রভাব বিস্তারের মতো অংশীদারিত্ব খুঁজছে। হারেৎজ যুক্তি দিয়েছে যে তুরস্ক সামরিক সক্ষমতা, প্রতিরক্ষা-শিল্প সহযোগিতা এবং কূটনৈতিক সম্পৃক্ততার যে সমন্বয় দিতে পারে, তা ইসরায়েলের চেয়ে ভিন্ন।

কাতারের লুসাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও কলা অনুষদের শিক্ষক মুহাম্মদ মাজহার শাহিন ডেইলি সাবাহকে বলেন, “তুরস্ক-কাতার সম্পর্ককে প্রথাগত দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের চেয়ে অনেক গভীর এক কৌশলগত অংশীদারত্ব হিসেবে দেখা উচিত।”

শাহিন জোর দিয়ে বলেন, গাজা, সিরিয়া, লিবিয়া, সুদান, সোমালিয়া এবং ইয়েমেনসহ বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে দেশ দুটির দৃষ্টিভঙ্গি অভিন্ন। কাতারে তুরস্কের স্থল, নৌ ও বিমান বাহিনীর উপস্থিতির কথা উল্লেখ করে এই বিশেষজ্ঞ মন্তব্য করেন, আঙ্কারা ও দোহার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা কেবল আনুষ্ঠানিক চুক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি কার্যকর কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন।

পারস্পরিক এই প্রতিরক্ষা চুক্তির লক্ষ্য হলো আঙ্কারা ও দোহার মধ্যে নিবিড় সামরিক সমন্বয়ের মাধ্যমে সম্মিলিত প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা। বৈঠকের পর তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তি উভয় দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার প্রতিশ্রুতির প্রতিফলন। উভয় পক্ষ যৌথ সামরিক মহড়া, প্রতিরক্ষা শিল্পে অংশীদারত্ব এবং সামরিক কর্মীদের প্রশিক্ষণ বিনিময়ের মাধ্যমে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে।

বিবৃতিতে যৌথ প্রতিরক্ষা উৎপাদন, প্রযুক্তি উন্নয়ন এবং সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করার কাঠামো হিসেবে তুরস্ক, কাতার, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার মধ্যে স্বাক্ষরিত 'বদর সমঝোতা স্মারক'-এর কথাও তুলে ধরা হয়।

শাহিন আরও উল্লেখ করেন, তুরস্কের ক্রমবর্ধমান প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা দেশটিকে উপসাগরীয় দেশগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদারে পরিণত করেছে। বিশেষ করে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সামরিক প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে তুরস্কের গুরুত্ব বাড়ছে।

উপসাগরীয় অঞ্চলের সঙ্গে তুরস্কের সম্পর্কের তিনটি মূল দিক—নিরাপত্তা কূটনীতি, অর্থনৈতিক সংহতি এবং সাংস্কৃতিক কূটনীতিকে এই ক্রমবর্ধমান অংশীদারিত্বের প্রধান চালিকাশক্তি হিসেবে চিহ্নিত করেন এই বিশেষজ্ঞ।

নিরাপত্তা কূটনীতি প্রসঙ্গে তিনি বলেন, তুরস্ক উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তার চাহিদা বুঝতে এবং তা মোকাবিলায় বাস্তবসম্মত সমাধান দিতে সক্ষম হয়েছে। অর্থনৈতিক সংহতির বিষয়ে তিনি বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, পরিবহন ও প্রযুক্তিতে পারস্পরিক সহযোগিতার ব্যাপক সুযোগের কথা তুলে ধরেন। এছাড়া সাংস্কৃতিক কূটনীতির গুরুত্ব তুলে ধরে শাহিন বলেন, তুর্কি ভাষা শিক্ষা, বিশ্ববিদ্যালয়ের অংশীদারত্ব, সাংস্কৃতিক বিনিময় এবং অভিন্ন ঐতিহাসিক সম্পর্কের মাধ্যমে দুই অঞ্চলের সমাজের মধ্যেও বন্ধন দৃঢ় হচ্ছে।

নজরে তুরস্ক-মিসর সম্পর্ক

পৃথক এক প্রতিবেদনে ইসরায়েলের চ্যানেল ১২-এর সাথে যুক্ত নিউজ ওয়েবসাইট `মাকো' তুরস্ক ও মিসরের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা, বিশেষ করে যৌথভাবে যুদ্ধজাহাজ নির্মাণ এবং পূর্ব ভূমধ্যসাগরে নৌ-সমন্বয় বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে। আঙ্কারা ও কায়রো প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করায় ইসরায়েলের ওপর এর সম্ভাব্য কৌশলগত প্রভাব নিয়ে প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

আলেকজান্দ্রিয়ায় ‘ফ্রেন্ডশিপ সি-২০২৬’ নৌ-মহড়া চলাকালে তুরস্কের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এরজুমেন্ত তাতলিওলু জানান, উভয় দেশ যৌথভাবে জাহাজ নির্মাণের প্রকল্প নিয়ে ভাবছে। পাকিস্তানের সঙ্গে তুরস্কের 'মিলগেম' যুদ্ধজাহাজ কর্মসূচির আদলে মিসরের সঙ্গেও সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চায় আঙ্কারা। এই সহযোগিতার আওতায় যৌথ উৎপাদন, প্রশিক্ষণ, পরিচালন পরিকল্পনা এবং দুই নৌবাহিনীর মধ্যে নিবিড় সমন্বয় অন্তর্ভুক্ত থাকতে পারে।

গত ৪ থেকে ৯ নভেম্বর আলেকজান্দ্রিয়ার উপকূলে অনুষ্ঠিত ‘ফ্রেন্ডশিপ সি-২০২৬’ মহড়াটি ছিল দীর্ঘ ১৩ বছর যৌথ নৌ-মহড়া স্থগিত থাকার পর তুরস্ক ও মিসরের সামরিক সহযোগিতা পুনরুদ্ধারের আরেকটি বড় পদক্ষেপ। এই মহড়ায় তুরস্ক তাদের বৃহত্তম যুদ্ধজাহাজ 'টিসিজি আনাদোলু'-সহ অন্যান্য নৌ-প্ল্যাটফর্ম এবং বায়রাকতার টিবি-৩ ড্রোনের মতো মনুষ্যবিহীন ব্যবস্থা মোতায়েন করে। মহড়ায় আকাশ প্রতিরক্ষা, সাবমেরিন-বিধ্বংসী যুদ্ধ, সামুদ্রিক নিরাপত্তা অভিযান এবং বিশেষ নৌ-প্রশিক্ষণ অন্তর্ভুক্ত ছিল।

বছরের পর বছর ধরে চলা টানাপোড়েনের পর আঙ্কারা ও কায়রোর মধ্যে কূটনৈতিক ও সামরিক সম্পর্ক জোরদার করার বৃহত্তর প্রচেষ্টারই প্রতিফলন এই ক্রমবর্ধমান সহযোগিতা। ইসরায়েলের জন্য এই ঘটনাগুলো পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের সম্প্রসারিত প্রতিরক্ষা অংশীদারত্বের প্রভাব নতুন করে খতিয়ে দেখার তাগিদ সৃষ্টি করেছে।

অধ্যাপক শাহিন সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের নীতিমালার সমালোচনা করে এগুলোকে ‘সম্প্রসারণবাদী ও আগ্রাসী’ বলে অভিহিত করেন। তিনি যুক্তি দেন, ইসরায়েলের এই নীতি কেবল ফিলিস্তিন নয়, বরং সিরিয়া ও লেবাননসহ বৃহত্তর মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ। সামরিক শ্রেষ্ঠত্ব অর্জনের প্রচেষ্টা, প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘন এবং বারবার নিরাপত্তা সংকট উসকে দেওয়ার মতো কর্মকাণ্ড এই অঞ্চলে স্থায়ী স্থিতিশীলতা আনবে না বলে তিনি মন্তব্য করেন।

এর বিপরীতে তিনি বলেন, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক কূটনীতি, প্রতিরক্ষা সক্ষমতা, অর্থনৈতিক অংশীদারত্ব এবং সাংস্কৃতিক সম্পর্কের সমন্বয়ে একটি বহুমুখী আঞ্চলিক নীতি অনুসরণ করছে। কাতারের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব, সউদী আরব ও পাকিস্তানের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, অর্গানাইজেশন অব তুর্কিক স্টেটস-এর উদ্যোগ এবং আফ্রিকায় কূটনৈতিক উপস্থিতি বিস্তারের মাধ্যমে আঙ্কারার আঞ্চলিক প্রভাব ক্রমাগত বাড়ছে।

সবশেষে তিনি জোর দিয়ে বলেন, “অন্য দেশ দখল করা, নিজেদের ভূখণ্ড বিস্তার করা বা আঞ্চলিক রাষ্ট্রগুলোর ওপর আধিপত্য প্রতিষ্ঠার উচ্চাকাঙ্ক্ষা থেকে তুরস্কের এই উত্থান ঘটেনি। বরং এই অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং রাজনৈতিক স্বাধীনতা রক্ষায় সক্ষম একটি শক্তিশালী আঞ্চলিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার কারণেই তুরস্কের এই অবস্থান তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইপিএলে না খেলার সিদ্ধান্ত জানালেন ট্রাভিস হেড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


আইপিএলে না খেলার সিদ্ধান্ত জানালেন ট্রাভিস হেড

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে ‘ট্রাভিষেক’ জুটির দেখা মিলবে না বলে মনে হচ্ছে। অভিষেক শর্মা থাকলেও উদ্বোধনী জুটিতে তার সঙ্গী হারাতে হচ্ছে। ক্রিকইনফো সূত্রে জানা গেছে, ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে নিজের ওয়ার্কলোড কমানোর উদ্দেশ্যে আগামী মৌসুমে আইপিএলে না খেলার সিদ্ধান্ত হায়দরাবাদকে জানিয়েছেন ট্রাভিস হেড। ফলে, তাকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করছে ফ্র্যাঞ্চাইজিটি।

হেডের এই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত হায়দরাবাদের ব্যাটিং লাইনআপের জন্য একটি বড় ধাক্কা হবে। তবে ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া নিলামের আগে তাদের পার্সে বড় অঙ্কের অর্থ যুক্ত হবে। ২০২৫ সালের মেগা নিলামের আগে ১৪ কোটি রুপিতে ধরে রাখা পাঁচজন চুক্তিবদ্ধ খেলোয়াড়ের মধ্যে হেড একজন ছিলেন। আইপিএল কর্তৃপক্ষ যদি তার ছাড়পত্র অনুমোদন করে, তাহলে ওই অর্থ ফ্র্যাঞ্চাইজিটির নিলাম বাজেটে যুক্ত হবে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ নভেম্বর) খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানানোর শেষ দিন।

হেডের এই সিদ্ধান্ত অবশ্য একেবারে অপ্রত্যাশিত নয়। গত আগস্টে অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ক্রিকইনফোকে জানিয়েছিলেন, ২০২৭ সালে অস্ট্রেলিয়ার সামনে অনেক ‘গুরুত্বপূর্ণ ক্রিকেটীয় অগ্রাধিকার’ রয়েছে, যার কারণে কিছু সিদ্ধান্ত নিতে হবে। ২০ ম্যাচের ব্যস্ত টেস্ট সূচির পাশাপাশি ম্যাকডোনাল্ডের উল্লেখ করা গুরুত্বপূর্ণ সূচির মধ্যে রয়েছে আইপিএলের পরপরই জুনে সম্ভাব্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, এরপর জুন-আগস্টে অ্যাশেজ এবং অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ।

যদি কোনো ফ্র্যাঞ্চাইজি ২০২৫ সালের মেগা নিলামের আগে ধরে রাখা খেলোয়াড়কে ছেড়ে দেয় বা অন্য দলের সঙ্গে বিনিময় করে, সে সময়ের রিটেনশন স্ল্যাব অনুযায়ী তাদের নিলাম বাজেট সমন্বয় করা হয়। হায়দরাবাদের ক্ষেত্রে বাড়তি কোনো অর্থ যোগ বা বিয়োগ হবে না। কারণ, মেগা নিলামের আগে চারজন চুক্তিবদ্ধ খেলোয়াড়কে ধরে রাখার মূল্য ছিল ৬১ কোটি রুপি। তাদের বাকি চারজনের বেতন যোগ করলেও একই অঙ্ক পাওয়া যায়। হেনরিখ ক্লাসেন ২৩ কোটি, প্যাট কামিন্স ১৮ কোটি, অভিষেক শর্মা ১৪ কোটি এবং নীতীশ কুমার রেড্ডি ৬ কোটি রুপি রুপিতে চুক্তিবদ্ধ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%