প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৬ নভেম্বর ২০২৬ : শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী তিনটি অর্জনের মাধ্যমে সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।
নতুন ন্যূনতম মজুরি ঘোষণা, মালয়েশিয়ার শ্রমবাজারের পুনরায় চালু হওয়া এবং জাতীয় পর্যায়ে সফল খামারির স্বীকৃতি পাওয়ার মাধ্যমে দিনটি আরিফুল হক চৌধুরীর কর্মজীবনে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
শ্রম ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বাসসকে জানান, "আজকের দিনটি আমার ব্যক্তিগত ও কর্মজীবনের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের। তবে এই আনন্দ আমার একার নয়, এটি দেশের খেটে খাওয়া মেহনতি মানুষ এবং আমাদের প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদেরও।"
তিনি আরও জানান, দেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য তৈরি পোশাকশ্রমিক ও প্রবাসীরা অন্যতম প্রধান শক্তি। একই দিনে দেশে ও বিদেশে কর্মরত শ্রমজীবী মানুষের কল্যাণে ভূমিকা রাখতে পারা তাঁর জন্য পরম প্রাপ্তি।
দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জীবনমান উন্নয়নে নিম্নতম মজুরি বোর্ডের সুপারিশ অনুযায়ী নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হয়েছে। এতে প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা থেকে চতুর্থ গ্রেডে ১৭ হাজার টাকা পর্যন্ত নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়েছে। এই মজুরি বৃদ্ধির হার বছরওয়ারি আনুপাতিক বৃদ্ধির হিসাবে অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি।
রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সভাকক্ষে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী নতুন মজুরি কাঠামোর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
অন্যদিকে, প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর আজ পুনরায় উন্মুক্ত হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে প্রথম ধাপে ১১২ জন কর্মী বৃহস্পতিবার সন্ধ্যায় মালয়েশিয়ার উদ্দেশ্যে দেশত্যাগ করেছেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের আনুষ্ঠানিক বিদায় জানান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, "আমাদের নির্বাচনী ও সরকারি প্রতিশ্রুতি অনুযায়ী সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানোর মহাপরিকল্পনা হাতে নিয়েছিলাম। বোয়েসেলের মাধ্যমে আজ ১১২ জন কর্মীর যাত্রার মধ্য দিয়ে সেটির আনুষ্ঠানিক বাস্তবায়ন শুরু হলো। অভিবাসন ব্যয় শূন্যের কোঠায় নামিয়ে আনার এই যাত্রা আমাদের জন্য বড় একটি মাইলফলক।"
একই দিনে দুই মন্ত্রণালয়ের এই অর্জন আগামী দিনের কর্মকাণ্ডে কতটা উৎসাহ জোগাবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "আজকের এই অর্জন আমাদের দায়িত্ববোধকে আরও বহুগুণ বাড়িয়ে দিল এবং সামনের দিনগুলোতে কাজ করার ক্ষেত্রে এক বিশাল অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।"
আরিফুল হক চৌধুরী বলেন, মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর সফল সূচনা ভবিষ্যতে অন্যান্য শ্রমবাজারেও স্বচ্ছতা ও কম খরচে কর্মী পাঠাতে সাহস জোগাবে।
পাশাপাশি পোশাকশ্রমিকদের সম্মানজনক মজুরি নিশ্চিতের মাধ্যমে মালিক ও শ্রমিকদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, তা উৎপাদনশীলতা বৃদ্ধি ও শিল্পাঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখবে।
এদিকে, দুই মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য অর্জনের দিনেই সফল খামারি হিসেবে জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছেন আরিফুল হক চৌধুরী। সিলেট নগরীর এয়ারপোর্ট রোডের লাখাউরায় তাঁর প্রতিষ্ঠিত ‘আফসা হক ডেইরি ফার্ম’-এর মাধ্যমে এ অর্জন এসেছে।
রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্য মেলার মাঠে বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সেরা খামারির সম্মাননা স্মারক, স্বর্ণপদক ও নগদ অর্থের চেক গ্রহণ করেন তিনি।
আগামী দিনের কর্মপরিকল্পনা প্রসঙ্গে আরিফুল হক বলেন, "এই সফলতা আমাদের প্রমাণ করে দিয়েছে যে, সদিচ্ছা এবং সঠিক পরিকল্পনা থাকলে যেকোনো চ্যালেঞ্জ জয় করা সম্ভব। সামনের দিনগুলোতে এই গতি অব্যাহত রেখে শ্রমজীবী ও প্রবাসী কল্যাণে আরও যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটি আমাদের পাথেয় হয়ে থাকবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন