শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
১১:৩২ এম
ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৬ : ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি এবং আবেদনকারীদের ভোগান্তি কমানোর জন্য ডিজিটাল পদ্ধতি চালু করেছে। সংস্থাটি লক্ষ্য নির্ধারণ করেছে যে আসন্ন পবিত্র রমজানের আগেই নতুন ডিলার নিয়োগের পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজ বাসসকে জানিয়েছেন, পূর্বে ডিলার নিয়োগের আবেদন ম্যানুয়ালি গ্রহণ করা হতো, তবে এখন থেকে আগ্রহীরা ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন। পাশাপাশি, আবেদনকারীরা আবেদনের অগ্রগতি অনলাইনে জানতে পারবেন।
তিনি আরও বলেন, বিভিন্ন এলাকায় নতুন ডিলার নিয়োগের কার্যক্রম চলছে এবং আবেদনকারীদের তথ্য মাঠপর্যায়ে যাচাই-বাছাই করা হচ্ছে।
নতুন পদ্ধতিতে অনলাইনে জমা দেওয়া আবেদন সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে পাঠানো হচ্ছে। জেলা প্রশাসনের মাধ্যমে আবেদনকারীদের দেওয়া তথ্য যাচাই এবং মাঠপর্যায়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের প্রতিবেদন পরবর্তী মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।
ডিলার নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তিন সদস্যের একটি মূল্যায়ন কমিটি কাজ করছে। এই কমিটিতে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি উপস্থিত রয়েছেন। জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে কমিটি ডিলার নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে।
টিসিবির চেয়ারম্যান জানিয়েছেন, সংশ্লিষ্ট জেলা প্রশাসন থেকে তদন্ত প্রতিবেদন পাওয়ার ওপর নিয়োগ প্রক্রিয়ার অগ্রগতি অনেকাংশে নির্ভর করছে। সব জেলার প্রতিবেদন এখনো পাওয়া যায়নি, ফলে প্রক্রিয়াটি সম্পন্ন করতে কিছুটা সময় লাগছে।
তিনি জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নতুন ডিলারের অন্তত ৫০ শতাংশ নিয়োগ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। বাকি নিয়োগও আসন্ন রমজানের আগেই শেষ করতে চায় টিসিবি।
২০২৬ সালে যেসব ডিলারের লাইসেন্স নবায়নের কথা ছিল, তাদের নবায়নের সময়সীমা তিন মাস বাড়ানোর পর নতুন ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। টিসিবির বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং ডিলার নির্বাচনে তদারকি জোরদার করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
আগের পদ্ধতিতে ডিলার নিয়োগের আবেদন ও সংশ্লিষ্ট কার্যক্রম ম্যানুয়ালি সম্পন্ন করা হতো। নতুন ডিজিটাল ব্যবস্থায় অনলাইনে আবেদন গ্রহণের পর জেলা প্রশাসনের মাধ্যমে মাঠপর্যায়ে তথ্য যাচাই করা হচ্ছে। পরে মূল্যায়ন কমিটি তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে।
টিসিবি মনে করছে, অনলাইন আবেদন, জেলা পর্যায়ে তথ্য যাচাই এবং কমিটির মাধ্যমে মূল্যায়নের সমন্বয়ে নতুন পদ্ধতিতে ডিলার নিয়োগ আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে। একই সঙ্গে রমজানের আগে পণ্য বিতরণ কার্যক্রমের প্রস্তুতি জোরদার করা সম্ভব হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মেরিল্যান্ডের সিনেটর ক্রিস ভ্যান হলেন মার্কিন সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। সিনেটর চাক শুমারের বিকল্প প্রার্থী হিসেবে তার এ প্রতিদ্বন্দ্বিতা দেখা হচ্ছে। তিনি দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অংশীদার দেশগুলোর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের সমালোচনা করে আসছেন।
ভ্যান হলেন, যিনি একজন কূটনীতিকের সন্তান, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘নিয়মিত মিথ্যাবাদী’ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি অধিকৃত পশ্চিম তীরে নয়জন মার্কিন নাগরিকের হত্যার ঘটনা এবং সামরিক হেফাজতে ফিলিস্তিনি শিশুদের প্রতি ইসরাইলের আচরণ নিয়ে ট্রাম্প প্রশাসনের প্রতিবেদন দেওয়ার বাধ্যবাধকতা আরোপের জন্য কংগ্রেসে আইন প্রণয়নের উদ্যোগও নিয়েছিলেন।
একটি সাক্ষাৎকারে আলজাজিরাকে ভ্যান হলেন বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তাহীনতা আরো বাড়িয়ে তুলছে’ বলে তিনি মনে করেন।
এ সপ্তাহে ভ্যান হলেনসহ সিনেটের ১১ জন সদস্য কংগ্রেসের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, বার্ষিক প্রতিরক্ষা নীতিসংক্রান্ত বিলে ইসরাইলের সঙ্গে অস্ত্র উন্নয়ন ও গোয়েন্দা তথ্য বিনিময়ের পরিধি বাড়ানোর প্রস্তাবগুলো যেন বাদ দেওয়া হয়।
সূত্র: আলজাজিরা
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদপুরের হাজীগঞ্জে সাবেক ইউপি সদস্য দুলাল আলম হত্যার ঘটনায় কসাই জাকির হোসেন ও তার স্ত্রী আমেনা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে তাদেরকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে, যেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন তারা। পরে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।
গত বুধবার (১১ নভেম্বর) সকালে হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম নোয়াপাড়া গ্রামের মুন্সী বাড়ির পুকুর থেকে দুলাল আলমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। দুলাল আলম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি ছিলেন।
মরদেহ উদ্ধারের পর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত ও জিজ্ঞাসাবাদের প্রক্রিয়ায় জাকির হোসেন ও আমেনা আক্তারকে হত্যার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার করা হয়।
স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে যে, নারীসংক্রান্ত বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে পুলিশ এখনও হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানায়নি।
এদিকে, তদন্তের স্বার্থে গ্রেফতারকৃত দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়, কিন্তু রিমান্ড মঞ্জুর না হওয়ায় তাদেরকে জেলহাজতে পাঠানো হয়। পুলিশ এই হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি ও ধামা উদ্ধারের বিষয়টিও তদন্ত করছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, ‘বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় দুজনকে আদালতে পাঠানো হয়েছে।’ পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা জানা যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুরের প্রশাসনিক ও রাজনৈতিক ইতিহাসে একটি বিরল ঘটনা ঘটেছে। কালিয়াকৈর উপজেলার তিন কৃতি সন্তান জেলার নীতিনির্ধারণী ও উন্নয়নের তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব গ্রহণ করেছেন। এঁরা হলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল এবং গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী।
কালিয়াকৈরের তিনজনের এই সাফল্যে পুরো উপজেলায় আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে। চায়ের দোকান, হাটবাজার এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ নিয়ে আলোচনা চলছে। অন্যদিকে, গাজীপুর-১ আসনের আওতাধীন বাকি তিনটি মেট্রো থানা- বাসন, কোনাবাড়ী ও কাশিমপুরের বাসিন্দাদের মধ্যে উন্নয়নবঞ্চিত হওয়ার কিছুটা শঙ্কা দেখা দিলেও তিন শীর্ষ নেতার আশ্বাসে তা কাটতে শুরু করেছে।
সংসদ সদস্য মো. মজিবুর রহমান: গাজীপুর-১ আসন চার থানা নিয়ে গঠিত, যার মধ্যে কালিয়াকৈর, বাসন, কোনাবাড়ী ও কাশিমপুর অন্তর্ভুক্ত। তিনি কালিয়াকৈরের বাসিন্দা। আইন প্রণয়ন, উন্নয়ন বরাদ্দ ও অবকাঠামোগত উন্নয়নে তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকার উন্নয়ন নিয়ে তিনি বলেন, "আমি শুধু কালিয়াকৈরের এমপি নই; চার থানারই এমপি। কেউ উপেক্ষিত থাকবে না, উন্নয়নে কোনো বৈষম্য হবে না।"
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল: নগর পরিকল্পনা, ভূমি ব্যবহার, সড়ক, ড্রেনেজ ব্যবস্থা ও শিল্প এলাকার আধুনিকায়নের দায়িত্ব গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের হাতে। নবনিযুক্ত চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুলও কালিয়াকৈরের বাসিন্দা। উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, "গাজীপুরের উন্নয়নের মানচিত্র শুধু কালিয়াকৈর থেকে নয়, পুরো জেলা থেকেই আঁকা হবে। কোনাবাড়ীর যানজট, কাশিমপুরের জলাবদ্ধতা ও বাসনের ভাঙা রাস্তা-সবই আমার মাথায় আছে।"
জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী: জেলার গ্রামীণ অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকারের সমন্বয়ে জেলা পরিষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পদে দায়িত্ব পালন করছেন কালিয়াকৈরের আরেক সন্তান ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী। তিনি বলেন, "আমার বাড়ি কালিয়াকৈর হতে পারে, কিন্তু দায়িত্ব পুরো গাজীপুর জেলার। কোনো এলাকাকে বঞ্চিত করে কালিয়াকৈরকে এগিয়ে নেওয়া হবে না। সবাই সমান সুবিধা পাবে।"
সুষম উন্নয়ন ও শ্রমিকদের দাবি
গাজীপুর-১ আসনের চার থানার যাতায়াত ও অর্থনীতির প্রাণকেন্দ্র ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং কোনাবাড়ী-কাশিমপুর-বাসন সড়ক। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতা ও বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান বলেন, "তিনটি বড় পদ কালিয়াকৈরের হাতে যাওয়া গর্বের বিষয়। তবে এই গর্ব তখনই সার্থক হবে, যখন কোনাবাড়ীর ভাঙা রাস্তা সংস্কার হবে, কাশিমপুরের জলাবদ্ধতা দূর হবে, বাসনের যানজট কমবে এবং কালিয়াকৈরের মহাসড়ক নিরাপদ হবে।" তিনি তিন শীর্ষ নেতাকে পরিবহন শ্রমিকদের সঙ্গে বসে সড়ক, স্ট্যান্ড ও যাত্রী নিরাপত্তায় একটি সুষম পরিকল্পনা নেওয়ার আহ্বান জানান।
কালিয়াকৈরের এক প্রবীণ বাসিন্দা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "একসময় কালিয়াকৈরকে পিছিয়ে পড়া এলাকা বলা হতো। আজ জেলার তিনটি বড় দায়িত্ব এলাকার সন্তানদের হাতে- এটি পরম গর্বের।" তবে পোশাকশিল্প অধ্যুষিত কোনাবাড়ী, কাশিমপুর ও বাসন মেট্রো থানার বাসিন্দাদের কণ্ঠে শোনা গেছে সমান উন্নয়নের দাবি।
কোনাবাড়ীর এক বাসিন্দা বলেন, "সব নেতা কালিয়াকৈরের হওয়ায় তাঁদের এলাকার রাস্তা, জলাবদ্ধতা, যানজট ও গ্যাস-পানির সমস্যার সমাধানে সমান গুরুত্ব দেওয়া জরুরি।" কাশিমপুর ও বাসনের বাসিন্দারাও এলাকাভিত্তিক উন্নয়নের পরিবর্তে পুরো আসনের সমন্বিত উন্নয়নের দাবি জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, তিনটি শীর্ষ পদ একই উপজেলায় আসা কালিয়াকৈরের জন্য যেমন গর্বের, তেমনি এই তিন নেতার জন্য একটি বড় পরীক্ষাও। কাজের মাধ্যমেই তাঁদের প্রমাণ করতে হবে যে তাঁরা কেবল কালিয়াকৈরের নন, পুরো গাজীপুর-১ আসনের অভিভাবক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাবনার ঈশ্বরদী উপজেলা শহরটি মৌসুমী সবজি চাষে বরাবরই জেলার শীর্ষ স্থান অধিকার করে আছে। এ অঞ্চলের কৃষকেরা ফুলকপি, বাধাকপি, শিম, গাজর, মুলা, করলা, বরবটি, পটল, ঝিঙে, কাকরোল, পেঁয়াজ, পেঁপে, লালশাক, পুঁইশাকসহ মৌসুমী সবজির ক্ষেত্রে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে। কৃষকরা কাক ডাকা ভোর থেকে মাঠে কাজ শুরু করেন। এই কাজের জন্য প্রতিদিন বাড়তি শ্রমিকের প্রয়োজন হয়, যা স্থানীয় শ্রমিক দিয়ে পূরণ করা সম্ভব হয় না। সেই কারণে পার্শ্ববর্তী জেলা নাটোরের লালপুর ও স্থানীয় কৃষকদের সমন্বয়ে জমজমাট শ্রমিক বিক্রির হাট বসে। এখানে গৃহস্থরা দরকষাকষির মাধ্যমে তাদের প্রয়োজনীয় শ্রমিক নিতে পারেন।
উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, শহরের রেলওয়ে গেট, সাঁকড়েগাড়ী, বড়ইচরা এবং ভাড়ইমারী আনন্দ বজারে এই শ্রমিক কেনা-বেচার হাট বসে। প্রতিদিন ভোর ৫ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত এখানে কয়েক হাজার শ্রমিকের কেনাবেচা হয়। কাজের প্রকারভেদে শ্রমিকদের শ্রমমূল্য নির্ধারণ করেন শ্রমিক ও গৃহস্থ উভয়েই। এসব হাটে প্রতিদিন বিক্রি হয় কয়েক হাজার শ্রমিক।
শ্রম বাজার থেকে শ্রমিক (দিন মজুর) নিতে আসা কৃষক লুৎফর বিশ্বাস জানান, "মাঠে আমাদের নানা জাতীয় ফসল রয়েছে। এই ফসলের ঠিকঠাক পরিচর্যা করতে প্রত্যহ প্রয়োজন হয় শ্রমিকের। আমাদের এলাকাতে শ্রমিকের সংকট থাকায় আমরা এই বাজার থেকে প্রয়োজন অনুসারে শ্রমিক নিয়ে যাই।"
কৃষক মাহমুদ প্রামানিক বলেন, "এলাকার শ্রমিকদের থেকে শ্রম বাজারে শ্রমিক পাওয়া যায় তুলনামূলক কম দামে। শুধু তাই নয়, এখান থেকে চাহিদা অনুসারে দেখে শুনে শ্রমিক নেয়া যায়। প্রত্যহ পাওয়া যায় বলে চাষাবাদে আমাদের নির্ভরতা বেড়েছে বহুগুণে।"
কাজে আসা শ্রমিক বাবুল আক্তার বলেন, "আমাদের এলাকায় (নাটোর-লালপুর) কাজ কম থাকায় আমরা ঈশ্বরদীতে চলে আসি। হাজিরা প্রতিদিন পরিবর্তন হলেও এখানে প্রতিদিনই কাজ মেলে। গৃহস্থরা খেতে দেন বলে খাবার নিয়েও চিন্তা করতে হয় না।"
শ্রমিক সিরাজুল ইসলাম জানান, "এই বাজারে শ্রম বিক্রির জন্য আমরা বাড়ি থেকে রওনা দিই শেষ রাতের দিকে। এজন্য আমরা রাত ৩ টা থেকেই প্রস্তুতি শুরু করে দিই। সকালে খাবার জন্য চিড়া মুড়ি সঙ্গে নিয়ে বাইসাইকেল যোগে আমরা এখানকার শ্রমিকের বাজারে এসে হাজির হই ভোর ৫ টার সময়।"
শ্রমিক আবু বক্কর বলেন, "কতদিন সন্তান গুলোরে দৌঁড়াতে দেখিনি। কারণ কামের জন্য সেই ভোর রাতে যখন রওনা দিই তখন বাচ্চারা ঘুমায়। আবার সন্ধ্যায় কাম শেষ করে যখন বাড়িতে যাই তখনও তারা ঘুমিয়ে পড়ে।"
ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন বলেন, "সকালের শ্রমিকদের এই হাট নিঃসন্দেহে অত্র আঞ্চলের কৃষকদের জন্য আর্শিবাদ স্বরূপ। কেকনা শ্রমিক সংকটের এই বাজারে অন্য জেলার শ্রমিকদের সমন্বয়ে বসা এই হাটের জন্য আমাদের এলাকার কৃষক ভাইয়েরা সহজেই কাজের জন্য শ্রমিক পাচ্ছে। যেটা তাদের ফসল উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ