০১:১১ এম
রাজধানীর পল্লবী এলাকায় চেকপোস্টের উপস্থিতি দেখে পালানোর চেষ্টা করার সময় পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে। তাদের একজনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং দুই রাউন্ড গুলি। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের নাম মশিউল আজম অরিন এবং শান্ত ইসলাম। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার রাতে পল্লবী থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আরও পড়ুন: বড় ভাইকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৪
ডিসি হাসান মোহাম্মদ বলেন, মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে চেকপোস্টে সন্দেহজনক একটি মোটরসাইকেল থামানোর সংকেত দিলে আরোহীরা তা অমান্য করে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাদের আটক করে তল্লাশি চালায়। এ সময় মশিউল আজম অরিনের কাছ থেকে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গত বছরের ২৮ মে মশিউল আজম অরিনের কাছ থেকে ডিবির মিরপুর বিভাগ একটি অস্ত্র উদ্ধার করেছিল। ওই ঘটনায় পল্লবী থানায় ২০২৫ সালের ২৫ মে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। তার বিরুদ্ধে মিরপুর মডেল থানা, পল্লবী থানাসহ বিভিন্ন এলাকায় ডাকাতি ও দস্যুতার অভিযোগে মোট নয়টি মামলা রয়েছে।
অন্যদিকে, শান্ত ইসলামের বিরুদ্ধে একই ধরনের অভিযোগে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: জ্যোতিকা জ্যোতির পরে এবার আটক বাংলাদেশের টেলিভিশন অভিনেতা তমাল মাহবুব
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন