ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর


গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা যেকোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি হয়েছে। 

পতিত সরকারের যতই উন্নয়নের বয়ান বলা হোক না কেন, উন্নয়নের সূচকের সঙ্গে বাস্তবতার কোনো মিল খুঁজে পাওয়া যায় না।

অধ্যাপক ড. তিতুমীর বলেন, রাষ্ট্র যখন সহিংস হয়ে ওঠে, তখন পরিবারে সহিংসতা বিদ্যমান থাকে। রাষ্ট্র যখন ভয় দিয়ে চালাতে চায়, তখন তার প্রতিটি পদক্ষেপে ভয়ের সংস্কৃতি তৈরি করে এবং এটাও পরিবারের মধ্যে ছড়িয়ে পড়ে। গত ১৭ বছরে পিতৃতান্ত্রিকতার যে কোনো ধরনের সূচক সবচেয়ে বেড়েছে এবং তার ফলাফল আজকের আলোচকদের কথায় উঠে এসেছে।

আরও পড়ুন: রহিম এনার্জির বিরুদ্ধে ৭০ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকির অভিযোগে কর আদায় আদেশ

আজ বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) আয়োজিত ‘গ্রামীণ বাংলাদেশে ভূমির অধিকার ও নারীর প্রতি সহিংসতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আপনারা জানেন, উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সমস্যার কারণে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে। সেটা আপনারা জীবনের প্রতি মুহূর্তে অনুভব করছেন। কোনো কোনো হিসাবে প্রায় ১ কোটি মানুষ নিম্নবিত্ত থেকে দরিদ্র হয়ে গেছে। বিগত সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি শেষ হওয়ার পর দেখা গেছে, দেশে ১ কোটি দরিদ্র বেড়ে গেছে। অর্থাৎ তারা শুধু উন্নয়নের ফাঁকা বুলি ছড়িয়েছে।

তিনি বলেন, তাই আমরা অতীত থেকে শিক্ষা নিতে চাই। আমরা চাই, প্রতিটি জীবনচক্রে নারী যেন উপকারভোগী হয়। তার শৈশব, মাতৃত্বকালীন সময় এবং শেষ বয়সেও তাকে তার প্রাপ্য অধিকার আমাদের সরকার দিতে চায়।

তিনি বলেন, আন্দোলন-সংগ্রামের বিকল্প কিন্তু কিছু নেই। কারণ এটার মাধ্যমেই আমাদের অধিকার আদায়ের জন্য চেষ্টা করতে হবে এবং রাষ্ট্রকে জবাবদিহির মধ্যে নিতে হবে। যেটা আমাদের প্রধানমন্ত্রী বারবার উল্লেখ করছেন যে, রাষ্ট্রযন্ত্রের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: জুলাই জাদুঘরে ৫৯০ শহীদের স্মারক নিয়ে দেশের বৃহত্তম প্রদর্শনী

স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করা হবে উল্লেখ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় উপজেলা হাসপাতালগুলোকে ২০ শয্যা করা হয়। এরপর বেগম খালেদা জিয়া সেটাকে ৫০ শয্যায় উন্নীত করেন। তবে দুঃখের বিষয়, এখানে আর হাত দেওয়া হয়নি। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এটাকে ১০১ শয্যায় উন্নীত করতে চায়, যাতে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা বলেন, সংবিধানে জাতীয় স্বাস্থ্যব্যবস্থার কথা বলা হয়েছে। সে অনুযায়ী আমাদের ধাপে ধাপে আগামী পাঁচ বছরের মধ্যে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ স্বাস্থ্য খাতে ব্যয়ের দিকে যেতে হবে, যাতে প্রধানমন্ত্রী যে গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণরাষ্ট্রের কথা বলেছেন, তা প্রতিষ্ঠা করা সম্ভব হয়।

দেশবাসীকে আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের ‘এক গ্রাম এক পণ্য’ ধারণাকে বাস্তবায়নে আপনাদের ভূমিকা রাখতে হবে। আপনারা পিকেএসএফের নাম শুনেছেন। সরকারকে এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে উৎসাহিত করতে হবে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), এসএমই ফাউন্ডেশনসহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানকেও এ কাজে যুক্ত করতে হবে।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, আমাদের জীবাশ্ম জ্বালানি নির্ভরতা থেকে বেরিয়ে আসতে হবে। সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে। যারা গ্রামে কাজ করেন, তাদের এ বিষয়ে উৎসাহিত করতে হবে। স্কুলে গিয়ে বলতে হবে, সৌরবিদ্যুৎ ব্যবহার করুন। অফিসে গিয়ে বলতে হবে, সৌরবিদ্যুৎ ব্যবহারে এগিয়ে আসুন।

আরও পড়ুন: রপ্তানির জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশ

সেমিনারে সভাপতিত্ব করেন এএলআরডির চেয়ারপারসন খুশী কবির।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল

ঢাকা, ২৭ আগস্ট ২০২৬ : দুর্দান্ত হ্যাটট্রিক করে কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদকে লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় উপহার দিয়েছেন। বড় জয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে ক্লাবটির কোচ হিসেবে হোসে মরিনহোর ঘরের মাঠে প্রত্যাবর্তনের ম্যাচটিও স্মরণীয় হয়ে থাকল।

ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রও গোল করেছেন। জুড বেলিংহাম দুটি গোলে এ্যাসিস্ট করেছেন। এই তারকা ত্রয়ীর দুর্দান্ত পারফরম্যান্সে মাদ্রিদ বাস্ক অঞ্চলের দলটিকে পুরোপুরি কোণঠাসা করে ফেলে।

গত শনিবার নিজের প্রথম ম্যাচে এস্পানিওলের বিপক্ষে শেষ মুহূর্তে ২-১ গোলের জয় পাওয়া ম্যাচের একই একাদশ মাঠে নামান অভিজ্ঞ পর্তুগিজ কোচ মরিনহো।

মরিনহো বলেছিলেন, দলের সবচেয়ে বড় তিন তারকাকে একই সঙ্গে সেরা ছন্দে খেলানো কঠিন হলেও অসম্ভব নয়। এই ম্যাচ দেখে মনে হয়েছে তিনি সঠিক পথেই এগোচ্ছেন।

এমবাপ্পের প্রশংসা করে মরিনহো বলেন, “এই ছেলেটি অবিশ্বাস্য।” পাশাপাশি রিয়ালের সামগ্রিক পারফরম্যান্সেরও প্রশংসা করেন তিনি, “রিয়াল মাদ্রিদের হয়ে ইতিহাস গড়ার জন্য তাকে সত্যিই ক্ষুধার্ত মনে হচ্ছে। আর আমি এমন একটি দল দেখতে পাচ্ছি, যেখানে কিলিয়ান এমবাপ্পে তার মতোই অসাধারণ হলেও দলটির কথা না বলে পারছি না।”

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ভিনিসিয়াসের শট লক্ষ্যভ্রষ্ট হয়। পোস্টের কাছ থেকে এমবাপ্পের নিচু শট রুখে দেন আলেক্স রেমিরো। অন্য প্রান্তে রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া মিকেল ওইয়ারসাবালের শট দারুণভাবে রুখে দেন।

এমবাপ্পের পাস থেকে ভিনিসিয়সের শটও ঠেকান রেমিরো। রিয়াল সোসিয়েদাদের সার্জিও গোমেজের ভলি পোস্ট ঘেঁষে বাইরে দিয়ে যায়।

বিরতির পাঁচ মিনিট আগে গোলের দেখা পায় মাদ্রিদ। ফেডেরিকো ভালভার্দের পাস পেয়ে বল নিয়ন্ত্রণে নেন এমবাপ্পে। লা লিগায় গত দুই মৌসুমের সর্বোচ্চ গোলদাতা ফরাসি এই ফরোয়ার্ড বুদ্ধিদীপ্তভাবে প্রতিপক্ষের মার্কিং এড়িয়ে বলটি উপরের কোনায় পাঠিয়ে মৌসুমে নিজের প্রথম গোল করেন।

রিয়াল মাদ্রিদ টিভিকে অধিনায়ক ভালভার্দে বলেন, “এটা অসাধারণ, অবিশ্বাস্য, এমবাপ্পেকে পাওয়া সত্যিই দারুণ। তার খেলা আমাদের উপভোগ করতে হবে এবং যতটা সম্ভব তার কাছ থেকে সর্বোচ্চটা নিতে হবে। আমাদের তাকে হাজারটা বল দিতে হবে, যাতে সে স্বাচ্ছন্দ্যবোধ করে, গোল করতে পারে এবং খুশি থাকে।”

তবে গত মৌসুমের কোপা দেল রে চ্যাম্পিয়ন রিয়াল সোসিয়েদাদের বিরতির আগেই সমতায় ফিরে। জব ওচিয়েং বল নিয়ে কিছুটা দেরি করেন এবং তার শট ব্লক হয়ে যায়। তবে বলটি চলে যায় লুকা সুসিচের কাছে। আলভারো কারেরাসের গায়ে লেগে দিক পরিবর্তন করা শটে বল জালে পাঠিয়ে সমতা ফেরান সুসিচ।

ভালভার্দে জানান, দ্বিতীয়ার্ধে প্রেসিংয়ের কৌশলে কিছুটা পরিবর্তন এনেছিল মাদ্রিদ, যার সুফলও তারা পেয়েছে।

উরুগুয়ের এই মিডফিল্ডার বলেন, “তাদের অর্ধে বল ফিরিয়ে আনতে আমাদের বেশ কঠিন লাগছিল... আমরা সেটি সামঞ্জস্য করেছি এবং দ্বিতীয়ার্ধে আমরা অনেক বেশি স্বাচ্ছন্দ্যে খেলেছি।”

দ্বিতীয়ার্ধের শুরুতে আরদা গুলের পাস থেকে এমবাপ্পে বল পান, কিন্তু তার শট ঠেকিয়ে দেন রেমিরো। কিছুক্ষণ পর এমবাপ্পের পরের প্রচেষ্টার সামনে কিছুই করার ছিল না স্প্যানিশ গোলরক্ষকের।

ভালভার্দে ও এরপর বেলিংহামের সমন্বয়ে তৈরি একটি সুন্দর আক্রমণে বেলিংহাম এমবাপ্পেকে বল বাড়িয়ে দেন। এমবাপ্পে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় গোল করেন।

এরপর গোল করেন ভিনিসিয়াস। এতক্ষণ পর্যন্ত নীরব থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে গোলটি পেতে সহায়তা করেন বেলিংহাম। ইংলিশ মিডফিল্ডারের শট ব্লক হলেও তিনি হাল ছাড়েননি। রিয়াল সোসিয়েদাদের বক্সে বলটি পুনরুদ্ধার করে ভিনিসিয়াসের সামনে তুলে দেন। ভিনি সহজেই বল জালে ঠেলে দেন।

গোল করার পর আরও উজ্জীবিত হয়ে ওঠেন ভিনিসিয়াস। নিখুঁত পাসে এমবাপ্পেকে বল বাড়িয়ে দেন তিনি। এমবাপ্পে রেমিরোর মাথার ওপর দিয়ে আলতো করে বল তুলে দিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন।

ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট আগে রেকর্ড মূল্যে রিয়ালে যোগ দেওয়া ইয়ান দিয়োমান্দের জন্য ভিনিসিয়াসকে তুলে নেন মরিনহো। মাঠ ছাড়ার সময় কোচের সঙ্গে আলিঙ্গন করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, দায়িত্ব সফলভাবে শেষ করার তৃপ্তি ছিল তার মুখে।

গত মৌসুমে অক্টোবরে বার্সেলোনার বিপক্ষে ক্লাসিকো জয়ের সময় জাবি আলোনসো তাকে বদলি করায় ক্ষুব্ধ হওয়ার পর থেকেই রিয়ালের মৌসুমের ছন্দ নষ্ট হতে শুরু করেছিল। তবে সম্প্রতি ২০৩২ সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তি বাড়ানো ভিনিসিয়াস এবার ছিলেন হাস্যোজ্জ্বল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায় : স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায় : স্পিকার

সংসদ ভবন, ২৭ আগস্ট, ২০২৬ : রাষ্ট্রপতি নির্বাচনকে বাংলাদেশের সাংবিধানিক ধারাবাহিকতা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

তিনি বলেন, ১৯৯১ সালের পর দীর্ঘ ৩৫ বছর বিরতিতে ২০২৬ সালে রাষ্ট্রপতি নির্বাচন দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।

আজ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম শুরুর আগে দেওয়া বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।

স্পিকার বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের আত্মত্যাগ আজও গণতন্ত্র, ন্যায়, মানবিক মর্যাদা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগায়। সেই প্রেরণার ধারাবাহিকতায় মুক্তিকামী ছাত্র-জনতার বিজয় স্মৃতিবাহী আগস্ট মাস জাতীয় জীবনে বিশেষ তাৎপর্য বহন করে।

তিনি বলেন, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘদিনের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা রেখে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের রাষ্ট্রীয় ও সাংবিধানিক গুরুত্ব তুলে ধরে স্পিকার বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ সাংবিধানিক ধারাবাহিকতা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জাতীয় সংসদের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে তাঁকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানান স্পিকার। একই সঙ্গে তিনি রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।

স্পিকার প্রত্যাশা করেন, রাষ্ট্রপতির নেতৃত্বে রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মর্যাদা ও পারস্পরিক সহযোগিতা আরো সুদৃঢ় হবে এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে।

জাতীয় সংসদকে জনগণের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলনের সর্বোচ্চ গণতান্ত্রিক মঞ্চ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইন প্রণয়ন, নীতি নির্ধারণ এবং রাষ্ট্রীয় কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করা সংসদ সদস্যদের প্রধান দায়িত্ব।

তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে গণতন্ত্র সুদৃঢ়, আইনের শাসন প্রতিষ্ঠিত, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কার্যকর এবং প্রতিটি নাগরিক সমান সুযোগ ও মর্যাদা নিয়ে বসবাস করবে।

জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে এ লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পরমতসহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের পরিবেশে সংসদীয় কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন প্রাণবন্ত ও কার্যকর হয়ে উঠবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে চলনবিলে জব্দকৃত অবৈধ জাল ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


নাটোরে চলনবিলে জব্দকৃত অবৈধ জাল ধ্বংস

নাটোর, ২৭ আগস্ট, ২০২৬ : জেলার চলনবিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ লাখ টাকা মূল্যমানের অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ শেষে ধ্বংস করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সিংড়া উপজেলার নেঙ্গুইন এলাকায় চলনবিলে এ অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।

অভিযানকালে ৬৯ টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম জানান, চলনবিলে দেশীয় মাছের সুরক্ষা প্রদান এবং জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ইরানের পারমাণবিক প্রধান মোহাম্মদ এসলামী

মার্কিন নিষেধাজ্ঞার মুখেও ইরানের পারমাণবিক শিল্প বিশ্বমানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


মার্কিন নিষেধাজ্ঞার মুখেও ইরানের পারমাণবিক শিল্প বিশ্বমানের

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও সামরিক হামলার মুখেও ইরানের পারমাণবিক শিল্প বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর সমপর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন দেশটির পারমাণবিক প্রধান মোহাম্মদ এসলামী।

বুধবার মোহাম্মদ এসলামী বলেন, ‌‘আজকে ইরানের পারমাণবিক শিল্প এই খাতের শীর্ষস্থানীয় দেশগুলোর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাচ্ছে।’

তিনি আরও যোগ করেন, তেহরানের শত্রুরা দেশটিকে দুর্বল করার লক্ষ্যে অভিযোগ তোলে যে ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ নয়। তারা নিজেরাও তা ভালোভাবেই জানে এবং তাদের কর্মকাণ্ডেও তা প্রমাণিত হয়েছে। তাদের মূল উদ্দেশ্য হলো ইসলামি প্রজাতন্ত্র ইরানের অগ্রগতিকে অগ্রগতিকে থামিয়ে দেওয়া।

ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল পারমাণবিক শক্তি উৎপাদনসহ বেসামরিক কাজের জন্য নিবেদিত।

ট্রাম্পের ভাষ্যমতে, তেহরান যাতে তাদের পারমাণবিক কর্মসূচিকে অস্ত্র তৈরির কাজে ব্যবহার করতে না পারে, সেজন্যই তিনি ইসরায়েলের সাথে মিলে ইরানের বিরুদ্ধে এই লড়াই শুরু করেছিলেন। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সিদ্ধান্তে বলা হয়েছিল ইরান পারমাণবিক বোমা তৈরির কোনো পরিকল্পনা করছিল না; অথচ বর্তমানের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এই যুদ্ধের কারণে ইরান হয়তো এখন পারমাণবিক বোমা অর্জনের দিকেই বেশি ঝুঁকে পড়তে পারে।

সূত্র: আল-জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%