প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়ার পেছনে বৈভব সূর্যবংশী নিজের ‘আইডল’ যুবরাজ সিংয়ের সঙ্গে আধঘণ্টার ফোনালাপকে কৃতিত্ব হিসেবে উল্লেখ করেছেন। ১৫ বছর বয়সী এই ব্যাটিং বিস্ময় দোহায় রাইজিং স্টার্স এশিয়া কাপের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ৫৩ বলে ২০৪ রান করেছেন। তার ইনিংসে ২৮টি ছক্কা ছিল।
সাম্প্রতিক সময়ে সূর্যবংশী নিজের ফর্ম নিয়ে উদ্বিগ্ন ছিলেন। যুবরাজের সঙ্গে কথা বলার সময় তিনি কিছু টেকনিক্যাল পরামর্শ পেয়েছেন। এই পরামর্শগুলো তার ব্যাটিংয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে বলে জানান তিনি।
বিসিসিআইয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে সূর্যবংশী বলেন, ‘গতকাল আমি চারজনের সঙ্গে কথা বলেছিলাম... মাত্র চারজনের সঙ্গে। একজন অবশ্যই আমার বাবা। একজন আমার শৈশবের কোচ মনীশ ওঝা। আরেকজন আমার বন্ধু, অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকে যে আমার সঙ্গে আছে, প্রথম জাচক। চতুর্থজন যুবরাজ স্যার। তার সঙ্গে প্রায় আধঘণ্টা কথা বলেছি। ব্যাটিং নিয়ে তিনি আমাকে অনেক কিছু বলেছেন।’
যুবরাজের সঙ্গে খোলামেলা আলোচনা করে নিজের সমস্যাগুলো তুলে ধরেছেন সূর্যবংশী। তিনি বলেন, ‘আমি খুব চিন্তিত ছিলাম। তাকে খোলাখুলিভাবে বলেছিলাম, ব্যাট করতে নামলে কী কী সমস্যায় পড়ছি। তিনি আধঘণ্টা ধরে খুব সুন্দরভাবে সব বুঝিয়ে দিয়েছেন। বলেছেন, আমি যদি ২০টি বল খেলতে পারি, তাহলে স্কোরটা অন্য রকম হবে। আরও অনেক কারিগরি বিষয় নিয়ে কথা বলেছেন, যা আজ আমাকে দারুণ সাহায্য করেছে।’
দোহায় চলমান টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে নেপালের বিপক্ষে ২৬ এবং পাকিস্তান ‘এ’-এর বিপক্ষে ১১ রান করেছিলেন সূর্যবংশী। এর আগে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে বিহারের হয়ে সৌরাষ্ট্রের বিপক্ষে ১৮ রান করেছিলেন।
টানা রান না পাওয়ার কারণে মানসিকভাবে কিছুটা বিচলিত হয়ে পড়েছিলেন তিনি। সূর্যবংশী বলেন, ‘এটা সহজ ছিল না। এখানে প্রথম দুই ম্যাচে, এমনকি তার আগে ঘরোয়া ক্রিকেটের এক-দুই ম্যাচেও রান করতে পারিনি। তাই মাথায় নানা চিন্তা আসছিল, কী হচ্ছে বুঝতে পারছিলাম না। কিন্তু যুবরাজ স্যারের সঙ্গে কথা বলেছি।’
যুবরাজকে নিজের আদর্শ হিসেবে উল্লেখ করে সূর্যবংশী বলেন, ‘তিনি আমার আইডল। নিজের আইডলের সঙ্গে কথা বললে স্বাভাবিকভাবেই সবকিছু মনোযোগ দিয়ে শোনা হয়। আমিও তার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছি। তিনি একেকটি বিষয় ধরে বুঝিয়েছেন। পরে নিজের ব্যাটিংয়ের ভিডিও দেখেও বুঝতে পেরেছি, কোথায় ভুল করছিলাম। আজ সেই ভুলগুলো না করার চেষ্টা করেছি। তার বলা এক-দুটি বিষয় কাজে লাগিয়েছি, তাতেই অনেক সাহায্য পেয়েছি।’
ম্যাচের আগে দীর্ঘ সময় ব্যাট করার পরিকল্পনা ছিল সূর্যবংশীর। আগের দুই ম্যাচেও একই চেষ্টা করেছিলেন তিনি। তবে উইকেটের আচরণ বুঝে নিজের খেলার ধরন পরিবর্তন করেন।
সূর্যবংশী বলেন, ‘আইপিএল শেষ হওয়ার পর আহমেদাবাদে এক সাক্ষাৎকারে বলেছিলাম, আমি তিন ফরম্যাটেই খেলতে পারি এবং পরিস্থিতি অনুযায়ী নিজের খেলার ধরন বদলাতে পারি। নিজের খেলায় আমার সেই নিয়ন্ত্রণ আছে। আগের দুই ম্যাচে একইভাবে খেলার চেষ্টা করছিলাম। দীর্ঘ ফরম্যাট হলে ম্যাচও দীর্ঘ হবে, তাই বেশি সময় ব্যাট করার চেষ্টা করছিলাম। আজও একই মানসিকতা নিয়ে মাঠে গিয়েছিলাম, উইকেট কেমন সেটা দেখতে। কয়েকটি বল খেলে বুঝলাম, উইকেট থেকে খুব বেশি সহায়তা পাওয়া যাচ্ছে না। বল সুন্দরভাবে ব্যাটে আসছিল। তাই নিজের স্বাভাবিক খেলাটা খেলেছি এবং নিজের শক্তির ওপর ভরসা রেখেছি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন