০৮:১৩ এম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধির বিরুদ্ধে আবারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণের এই সিদ্ধান্তকে ‘জনস্বার্থবিরোধী’ হিসেবে উল্লেখ করে অবিলম্বে এই বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি করেছে।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সোমবার এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, "দেশের সাধারণ ও মধ্যবিত্ত মানুষ যখন চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা, তখন রান্নার এই অপরিহার্য উপাদানের দাম বারবার বাড়ানোর সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।" তারা উল্লেখ করেন, গত আট মাসে পাঁচ দফায় এলপিজির দাম বাড়ানো হয়েছে, যা সাধারণ মানুষের ওপর চরম অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে।
আরও পড়ুন: সাভার-আশুলিয়ার গার্মেন্টস শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন
নেতৃবৃন্দ আরও বলেন, "পাইপলাইনের গ্যাসের তীব্র সংকটের কারণে দেশের কোটি কোটি পরিবার এখন এলপিজির ওপর নির্ভরশীল।" তারা অভিযোগ করেন যে, এই নির্ভরশীলতাকে পুঁজি করে আন্তর্জাতিক বাজারের অজুহাতে বারবার দাম বাড়ানো হচ্ছে। নেতৃদ্বয়ের দাবি, "এলপিজি আমদানি ও বাজারজাতকরণে জড়িত অসাধু চক্রের স্বার্থ রক্ষায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জনগণের স্বার্থ উপেক্ষা করছে।"
তারা আরও বলেন, "সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে খুচরা বাজারে বিক্রি হলেও তা নিয়ন্ত্রণে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।" ছাত্রশিবির নেতারা উল্লেখ করেন, এর প্রভাব হোটেল-রেস্তোরাঁসহ সামগ্রিক বাজারে পড়ছে। তারা অবিলম্বে এলপিজির বর্ধিত মূল্য প্রত্যাহার, বাজার মনিটরিং জোরদার এবং অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সাশ্রয়ী মূল্যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন