প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক যুদ্ধের নতুন আশঙ্কার প্রেক্ষাপটে ইরান তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতার উন্নতির বিষয়টি তুলে ধরেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রতি একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির ভিডিও সম্প্রচার করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নতুন একটি উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করেছে, যা একসঙ্গে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম।
ইরানের দাবি, এই নতুন উৎক্ষেপণব্যবস্থা পূর্বের সংস্করণের তুলনায় উন্নত। এর মাধ্যমে একই সময়ে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব হবে।
পূর্বে, ইরান একসঙ্গে দুটি কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম দ্বৈত উৎক্ষেপণব্যবস্থা ব্যবহার করত। নতুন ব্যবস্থায় তরল জ্বালানির ব্যবহারকে প্রযুক্তিগত অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ, তরল জ্বালানি তুলনামূলকভাবে অধিক কার্যকর এবং এর মাধ্যমে ক্ষেপণাস্ত্রের গতি ও গতিপথ নিয়ন্ত্রণে পরিচালনাকারীরা কিছুটা বাড়তি সুবিধা পান।
তবে, নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থাটি কোন ভূগর্ভস্থ ঘাঁটিতে উন্মোচন করা হয়েছে, সে বিষয়ে ইরান কোনো তথ্য প্রকাশ করেনি। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওর মাধ্যমে মূলত দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রদর্শনের চেষ্টা করা হয়েছে।
বিশেষ করে, যুক্তরাষ্ট্র অতীতে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করার দাবি করলেও, নতুন এই প্রদর্শনীর মাধ্যমে তেহরান নিজেদের সামরিক সক্ষমতা অক্ষুণ্ণ থাকার বার্তা দিতে চেয়েছে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কার মধ্যে এই প্রদর্শনীকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
নতুন উৎক্ষেপণব্যবস্থা উন্মোচনের অনুষ্ঠানে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মাজিদ মুসাভি উপস্থিত ছিলেন।
তিনি জানান, ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে। যুদ্ধ পরিচালনার কাঠামোর সঙ্গে নতুন কিছু ‘অপ্রত্যাশিত কৌশল’ এবং অত্যন্ত কার্যকর সামরিক সরঞ্জাম যুক্ত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
তেহরানের এই প্রদর্শনী থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও সামরিক সক্ষমতা নিয়ে নিজেদের অবস্থান জোরালোভাবে তুলে ধরতে চাইছে ইরান।
সূত্র: সিএনবিসি
এআরবি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন