০৯:৫৩ পি.এম
সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক মন্তব্য করেছেন যে আওয়ামী লীগ নেতাদের ইয়াবা ব্যবসা হাতবদল হয়ে বর্তমানে বিএনপির কিছু নেতার নিয়ন্ত্রণে চলে গেছে।
তিনি বলেন, ইয়াবা ব্যবসার সাথে জড়িত প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে দলের নেতা–কর্মী হলে কোনো ছাড় দেওয়া হবে না।
শনিবার (১১ জুলাই) নোয়াখালীর সেনবাগ উপজেলার কানকিরহাট বহুমুখী উচ্চবিদ্যালয়ে আয়োজিত মফজলুর রহমান মজুমদার স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা জানান।
আরও পড়ুন: শ্বশুরবাড়ির স্বজনরা বের করে দিলেন স্বামীহারা নাদিরাকে, দুই সন্তান নিয়ে দিশেহারা
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সতর্ক করে তিনি জানান, দলের নাম ভাঙিয়ে যারা ইয়াবা ব্যবসার মতো অপরাধে জড়িত হচ্ছেন, তাদের দ্রুত সংশোধন হতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং থানায় সোপর্দ করা হবে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, এর আগে ইয়াবা সংশ্লিষ্টতার কারণে যুবদলের দুই নেতাকে জেলে পাঠানো হয়েছে।
এই সংসদ সদস্য এলাকায় অবৈধভাবে মাটি কেটে গ্রামীণ সড়ক ও অবকাঠামো ধ্বংস করার বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যে গ্রামীণ রাস্তা দিয়ে সর্বোচ্চ দেড় টনের ট্রাক চলার কথা, সেখানে কিছু স্বার্থান্বেষী লোক ২০ টনের ভারী ড্রাম ট্রাক চালিয়ে রাস্তাঘাট ভেঙে তছনছ করছে, এটা কোনোভাবেই বরদাশত করা হবে না।
আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, ভোটের এখনো প্রায় সাড়ে চার বছর বাকি আছে। এই সময়ে যদি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের মন জয় করতে সক্ষম হন, তবে মানুষ নির্বাচনে অবশ্যই বিএনপিকে বিবেচনা করবে।
তিনি আরও জানান, বিএনপি কোনো অবস্থাতেই আওয়ামী লীগের মতো জোর করে বা ভোটকেন্দ্র দখল করে ক্ষমতায় যাওয়ার রাজনীতি করে না।
আরও পড়ুন: রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৪৮৪ জন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন