শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
১১:৩৪ এম
আজ শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩, ৯ জমাদিউস সানি ১৪৪৮। মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে জুমার নামাজের ইমামতি ও খুতবা প্রদান করবেন সৌদি আরবের দুই প্রখ্যাত আলেম। পবিত্র মসজিদুল হারামে জুমার নামাজের ইমামতি করবেন শায়খ ড. ইয়াসির বিন রশিদ আদ-দাওসারি। অন্যদিকে, মসজিদে নববিতে জুমার নামাজের ইমামতি করবেন বিশিষ্ট আলেম ও বিচারক শায়েখ সালাহ আল বুদাইর। অন্যান্য সপ্তাহের মতো আজও দুই পবিত্র মসজিদের জুমার খুতবা ও নামাজ সরাসরি সম্প্রচার করা হবে।
মসজিদুল হারামে ইমামতি করবেন শায়খ ইয়াসির আদ-দাওসারি।
আজ পবিত্র মসজিদুল হারামে জুমার নামাজ পড়াবেন ড. ইয়াসির বিন রশিদ আদ-দাওসারি। তার সুমধুর কণ্ঠে কোরআন তিলাওয়াতের জন্য বিশ্বজুড়ে মুসলিমদের মধ্যে বিশেষ পরিচিতি রয়েছে।
১৯৮০ সালের ৬ আগস্ট সৌদি আরবের আল-খারজ এলাকায় তিনি জন্মগ্রহণ করেন। মাত্র ১৫ বছর বয়সে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেন। পরবর্তী সময়ে রিয়াদের ইমাম মুহাম্মদ বিন সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয়ের শরিয়া অনুষদ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক আইনশাস্ত্রে স্নাতকোত্তর এবং তুলনামূলক ফিকহে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
তার শিক্ষকদের মধ্যে সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শায়েখ আবদুল আজিজ আলে শায়েখ, শায়েখ সালেহ আল-ফাওজান ও শায়েখ আবদুল্লাহ ইবনে জিবরানসহ বিশিষ্ট আলেমরা রয়েছেন। এ ছাড়া বাকরি আল-তারাবিশি ও ইব্রাহিম আল-আখদারের মতো খ্যাতিমান কারিদের কাছেও তিনি কোরআনের কেরাত ও তিলাওয়াতের পাঠ গ্রহণ করেছেন। ১৯৯৫ সাল থেকে রিয়াদের বিভিন্ন মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন শায়েখ আদ-দাওসারি। ২০১৫ সালে পবিত্র মসজিদে হারামে তারাবিহ ও তাহাজ্জুদের নামাজের ইমাম হিসেবে নিযুক্ত হন তিনি। পরে ২০১৯ সালে মসজিদে হারামের স্থায়ী ইমাম হিসেবে নিয়োগ পান।
মসজিদে নববীতে ইমামতি করবেন শায়খ সালাহ আল বুদাইর।
এদিকে, আজ পবিত্র মসজিদে নববিতে জুমার নামাজের ইমামতি করবেন শায়েখ সালাহ আল বুদাইর। তার সুললিত কণ্ঠে কোরআন তিলাওয়াত, ইলমি গভীরতা ও দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে তিনি মুসলিম বিশ্বে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন।
সৌদি আরবের হাফুফ শহরে জন্মগ্রহণ করেন শায়েখ সালাহ আল বুদাইর। ১৯৮৫ সালে হাই স্কুলে অধ্যয়নকালে তিনি নামাজের ইমামতি শুরু করেন। পরবর্তী সময়ে ইমাম মুহাম্মদ বিন সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ইসলামি আইনশাস্ত্রে বিশেষজ্ঞতা লাভ করেন।
বর্তমানে তিনি পবিত্র মসজিদে নববির ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মদিনার হাইকোর্টের বিচারক হিসেবেও কর্মরত রয়েছেন। ইমামতি, বিচারিক দায়িত্ব ও ধর্মীয় জ্ঞানচর্চার মাধ্যমে তিনি সৌদি আরবের ধর্মীয় অঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন।
মুসলিম বিশ্বের কাছে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী অত্যন্ত মর্যাদাপূর্ণ দুই পবিত্র স্থান। প্রতি সপ্তাহে জুমার নামাজে দেশ-বিদেশের অসংখ্য মুসল্লি এসব মসজিদে সমবেত হন। এছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসল্লিরা সরাসরি সম্প্রচার কিংবা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে হারামাইনের জুমার খুতবা ও নামাজের দৃশ্য দেখার এবং ইমামদের তেলাওয়াত শোনার সুযোগ পান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলায় একটি পানের বরজ থেকে শেফালী বেগম (৪২) নামের এক নারীর মরদেহ পুলিশ উদ্ধার করেছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে ওই নারীর মৃতদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। নিহত শেফালী বেগম মোহনপুর উপজেলার করিশা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী।
পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে শেফালী বেগম নিজ ঘরে ঘুমাতে যান। বৃহস্পতিবার রাত আনুমানিক আড়াইটার দিকে বাড়ির পাশে শব্দ শুনে তার ছেলে ঘুম থেকে উঠে যান। ঘর থেকে বের হওয়ার সময় তিনি লক্ষ্য করেন, বাড়ির বাইরের গেট বন্ধ এবং তার মা ঘরে নেই। এরপর মাকে খুঁজতে শুরু করেন তিনি। একপর্যায়ে বাড়ির পাশের পানের বরজে গিয়ে তার মাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
মোহনপুর থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারীর মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।’
তিনি আরও বলেন, ‘মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২০ নভেম্বর) গভীর রাতে উপজেলার দেহেরগতি ইউনিয়নে তার নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের সূত্র অনুযায়ী, ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে কামাল হোসেনকে গ্রেপ্তার করে। বরিশাল বিমানবন্দর থানায় দায়ের করা নাশকতার অভিযোগসংক্রান্ত একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ঢালে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুর্বৃত্তরা। এ সময় জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে সড়কের ওপর টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ এবং যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর বাজারে নতুন আলু এসেছে, যা ক্রেতাদের মধ্যে ব্যাপক চাহিদা তৈরি করেছে। তবে, এই আলুর দাম সাধারণ ক্রেতাদের জন্য অনেকটা উচ্চ। কৃষক থেকে শুরু করে খুচরা বিক্রেতা সবাই চড়া দামে আলু বিক্রি করছেন। রাজধানীর বিভিন্ন বাজারে নতুন আলু ১৫০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বর্তমান বাজারে শীতকালীন বিভিন্ন সবজি সহজলভ্য হলেও নতুন আলুর দাম সবকিছুর উপরে রয়েছে।
বগুড়া ও দিনাজপুরের কৃষকরা আগাম জাতের এই আলু মানভেদে মাঠে বিক্রি করছেন ৫০ থেকে ৭০ টাকা কেজি দরে। এর মানে হলো, কৃষকের দর থেকে খুচরা ক্রেতার দরের মধ্যে প্রতি কেজিতে ব্যবধান ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত পৌঁছাচ্ছে।
রাজধানীর কারওয়ান বাজারে পাইকারি দামে প্রতি কেজি নতুন আলু ১২৫ থেকে ১৫০ টাকা বিক্রি হচ্ছে, কিন্তু খুচরা বাজারে এই দাম ২০০ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে।
আমার দেশ-এর নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি জানিয়েছেন, কিশোরগঞ্জের কৃষকরা কারেজ ও সেভেন জাতের আগাম আলু তুলছেন। তারা আলু রোপণের মাত্র ৫৫ দিনের মাথায় আলু তুলছেন এবং প্রতি কেজি ৫০ থেকে ৭০ টাকা দরে বিক্রি করছেন। পাইকাররা ক্ষেত থেকেই আলু সংগ্রহ করছেন। অপরদিকে, গত মৌসুমে উৎপাদিত পুরোনো আলু ২২ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা বিভাগের প্রধান শন কেয়ার্নক্রসকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশটিতে ব্যাপক প্রযুক্তিগত সেবা বিপর্যয়ের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই থেকে উদ্ভূত নিরাপত্তা ঝুঁকির কারণে উদ্বেগ বৃদ্ধি পাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
বৃহস্পতিবার এএফপির কাছে হোয়াইট হাউসের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেয়ার্নক্রসের বরখাস্তের সিদ্ধান্তে পূর্ণ সমর্থন দিয়েছেন। প্রশাসনের মতে, তার দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ছিল না।
কেয়ার্নক্রসের স্থলাভিষিক্ত হিসেবে আপাতত দায়িত্ব পালন করবেন প্রতিরক্ষা দপ্তরের বর্তমান প্রধান তথ্য কর্মকর্তা কার্স্টেন ডেভিস। সূত্রের দাবি, ডেভিসের এই পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা রয়েছে এবং সিনেটও তার নিয়োগ অনুমোদন করেছে।
গত কয়েক দিন ধরে যুক্তরাষ্ট্রে একাধিক বড় ধরনের প্রযুক্তিগত সেবা বিপর্যয় ঘটেছে। এর ফলে অসংখ্য মানুষ ভ্রমণ, যোগাযোগ ও অনলাইন কেনাকাটাসহ বিভিন্ন ই-কমার্স সেবা ব্যবহারে ভোগান্তিতে পড়েছেন।
এমনকি দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অত্যন্ত গোপনীয় অভ্যন্তরীণ যোগাযোগ নেটওয়ার্কও এসব বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতীয় সাইবার পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার আগে শন কেয়ার্নক্রস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
এর আগে, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে রিপাবলিকান ন্যাশনাল কমিটির (আরএনসি) প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ