ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান


প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান

বিএনপি নেতা রাশেদ খান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন, যা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় হয়েছে।

এরই মধ্যে রবিবার (১৯ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মো. রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তবে এ নিয়োগ পাওয়ার জন্য তাকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। এই নিয়োগ প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) কার্যকর হবে।

আরও পড়ুন: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি

এছাড়া, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। মো. রাশেদ খাঁন ব্যক্তিগতভাবে আজ সোমবার (২০ জুলাই) ফেসবুকে এক পোস্টে বিজ্ঞপ্তিটি শেয়ার করেছেন।

তিনি সেখানে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী আমাকে তার সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন।’

এছাড়া তিনি জানান, ‘অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিমূর্তি, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। আমি যাতে আস্থা ও বিশ্বাসের সহিত আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি, এজন্য সবার দোয়া ও ভালবাসা চাই। নতুন জীবনের এই পথচলায় সবার সহযোগিতা প্রত্যাশা করছি।’

আরও পড়ুন: মায়ের ওষুধ কিনে ফেরার পথে নিষিদ্ধ লীগের ককটেল হামলায় আহত শিক্ষার্থী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাত সকালে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১১:৪৬ এম


সাত সকালে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইরান

পুনরায় ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরান। দেশটির পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে সোমবার সকালের স্থানীয় সময়ে ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল কুজারান এলাকার নিকটবর্তী।

সংবাদমাধ্যম আল জাজিরার খবরে উল্লেখ অনুযায়ী, তেহরান বিশ্ববিদ্যালয়ের ইরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ভূপৃষ্ঠের প্রায় ৮ কিলোমিটার গভীরে ছিল।

সকাল ৭টা ১৩ মিনিটে এই কম্পনটি অনুভূত হয়। কম্পনের উপকেন্দ্র কুজারান থেকে প্রায় ১৭ কিলোমিটার এবং কেরমানশাহ প্রাদেশিক রাজধানী থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত ছিল।

একদিন আগেই রবিবার (১৯ জুলাই) সকালে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের সারান্দ এলাকায় আরেকটি ভূমিকম্প ঘটে যার মাত্রা ছিল ৫। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের প্রায় ১২ কিলোমিটার গভীরে ছিল।

ভূতাত্ত্বিক অবস্থানের কারণে ইরান হলো বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটি আরবীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত, ফলে প্লেট দুটির ক্রমাগত গতিশীলতার কারণে সেখানে নিয়মিতভাবে ভূমিকম্প অনুভূত হয়।

বিশেষজ্ঞদের মন্তব্য অনুসারে, কেরমানশাহ, খুজেস্তান এবং হরমোজগানের মতো পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলো তুলনামূলকভাবে অধিক ঝুঁকিতে রয়েছে। অধিকাংশ ভূমিকম্পের তীব্রতা অনেক বেশি না হলেও, অগভীর গভীরতায় উৎপন্ন কম্পন জনবসতিপূর্ণ এলাকায় অধিক অনুভূত হবে এবং এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে ককরোচ জনতা পার্টির সমর্থকদের ‘সংসদ চলো’ কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১১:৫২ এম


ভারতে ককরোচ জনতা পার্টির সমর্থকদের ‘সংসদ চলো’ কর্মসূচি

শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর আহ্বানে হাজার হাজার শিক্ষার্থী, অভিভাবক, কর্মী ও রাজনৈতিক নেতা ভারতীয় সংসদের দিকে পদযাত্রা করার জন্য প্রস্তুত রয়েছেন। বিক্ষোভকারীদের মধ্যে অন্যতম প্রধান দাবি হচ্ছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।

গতকাল রবিবার (১৯ জুন) থেকে বিক্ষোভকারীরা দিল্লির নির্ধারিত প্রতিবাদস্থলে জড়ো হতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীতে বিপুল সংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এর আগে শনিবার উত্তেজনা সৃষ্টি হয়েছিল, যখন সিজেপি-সমর্থিত আন্দোলনের অংশ হিসেবে ২১ দিন ধরে অনশনরত শিক্ষাবিদ ও কর্মী সোনম ওয়াংচুককে জোর করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে গিয়ে তিনি অনশন চালিয়ে যাচ্ছেন।

অভিজিৎ দীপকের প্রতিষ্ঠিত ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) প্রশ্নপত্র ফাঁস ও বিভিন্ন পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে চলতি বছরের মে মাসে একটি অনলাইন ব্যঙ্গাত্মক আন্দোলন হিসেবে যাত্রা শুরু করে। খুব অল্প সময়ের মধ্যেই এটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। আন্দোলনকারীরা নিজেদের ‘ককরোচ’ বা তেলাপোকা বলে পরিচয় দিচ্ছেন।

গত এক মাস ধরে তারা দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের সঙ্গে কয়েকটি ছাত্র সংগঠনের সদস্যরাও যোগ দিয়েছেন। আন্দোলনের অংশ হিসেবে শিক্ষাবিদ ও কর্মী সোনম ওয়াংচুক এখনও অনশন চালিয়ে যাচ্ছেন। দিল্লির তীব্র গরমের মধ্যেও তিনি শুধু পানি ও লবণ খেয়ে অনশন অব্যাহত রেখেছেন। এতে তার ওজন ৯ কেজির বেশি কমে গেছে এবং তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন।

শারীরিক অসুস্থতা সত্ত্বেও সোনম ওয়াংচুক সংসদ অভিমুখে পদযাত্রায় অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। সমর্থকদের উদ্দেশে তিনি রসিকতা করে বলেছেন, প্রয়োজনে মৃত্যুর পরও তার আত্মা এই আন্দোলনের সঙ্গে থাকবে।

তবে শনিবার সকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার কিছু আগে কয়েক ডজন পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য অনশনস্থলে প্রবেশ করেন। পরে তারা অনশনরত ওয়াংচুককে সেখান থেকে হাসপাতালে নিয়ে যান।

এ সময় তাকে নিয়ে যাওয়া ঠেকাতে আন্দোলনকারীরা বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। ঘটনাটি বিক্ষোভ স্থলে উত্তেজনা সৃষ্টি করে। মঞ্চ থেকে নামানোর আগে পুলিশ সোনমকে একটি চাদর দিয়ে ঢেকে দেয়। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে নয়াদিল্লির সরকারি সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়। তার স্ত্রী গীতাঞ্জলি আংমো জানান, হাসপাতালে থেকেও সোনম অনশন চালিয়ে যাচ্ছেন এবং খাবার বা পানীয় গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

রবিবার গীতাঞ্জলি বলেছেন, ‘সংসদের অধিবেশনে শিক্ষা খাতে জবাবদিহিতার বিষয়টি প্রধান আলোচ্য হবে, এমন আশ্বাস রাজনৈতিক নেতারা হাসপাতালে এসে দিলে তবেই সোনম তার অনশন ভাঙবেন।’

ওয়াংচুক মিছিলে অংশ নিতে না পারলেও আন্দোলন থেমে থাকবে না বলে জানিয়েছেন দিপকে। তিনি বলেন, সোমবারের মিছিল পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে। দিপকের ভাষায়, ‘ওয়াংচুককে সরিয়ে দিলেই আন্দোলন শেষ হয়ে যাবে, এমনটা যদি কেউ ভেবে থাকে, তাহলে তারা ভুল করছে। আমরা এখানেই থাকব এবং ২০ জুলাই সংসদের দিকে মিছিল করব।’

ওয়াংচুকের পরিবর্তে দিপকে শনিবার থেকে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন। তিনি জানান, বিক্ষোভকারীদের প্রতি সংহতি প্রকাশ করতে হাজার হাজার মানুষ এই মিছিলে অংশ নেবেন। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষা বাতিল হওয়ার প্রতিবাদে সিজেপির নেতৃত্বে এই আন্দোলন চলছে।

মে মাসের শুরুতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে একটি গুরুত্বপূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল হয়। এতে পরীক্ষায় অংশ নেওয়া প্রায় ২২ লাখ ৮০ হাজার শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হন। পরে ২১ জুন আবার পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে বিক্ষোভকারীদের দাবি, এই ঘটনার চাপ ও অনিশ্চয়তার কারণে ২০ জনের বেশি শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

বিক্ষোভকারীদের অন্যতম প্রধান দাবি হলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। তাদের মতে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার নৈতিক দায়ভার নিয়ে তাঁর পদত্যাগ করা উচিত। অন্যদিকে ধর্মেন্দ্র প্রধান সিজেপি ও তাদের সমর্থকদের ‘বিশৃঙ্খলা সৃষ্টিকারী শক্তির বি-টিম’ হিসেবে মন্তব্য করেছেন। এ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার বিক্ষোভকারীদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনায় বসেনি।

শনিবারের ঘটনার পর সিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিও জানিয়েছে। আন্দোলনের নেতা দীপকে বলছেন, ‘এতকাল আমরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছিলাম। কিন্তু এই ঘটনার পর আমরা এখন নরেন্দ্র মোদীর পদত্যাগও দাবি করব।’

ওয়াংচুকের বিরুদ্ধে নেওয়া এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন বিভিন্ন বিরোধী দলের সংসদ সদস্যরা। তারা ঘটনাটিকে ‘চমকপ্রদ জবরদস্তিমূলক রাষ্ট্রীয় সহিংসতা’ ও ‘গণতন্ত্রের ওপর আঘাত’ বলে অভিহিত করেছেন।

সাম্প্রতিক দিনগুলোতে বিক্ষোভকারীদের সঙ্গে সরকারের আলোচনার দাবিতে বিরোধী দল ও সুশীল সমাজের নেতাদের চাপ ক্রমেই বাড়ছিল। এ সময় অনেক রাজনৈতিক ও সামাজিক নেতা অনশনরত ওয়াংচুকের সঙ্গে দেখা করেন। তাদের মতে, বিক্ষোভকারীদের দাবিগুলো যৌক্তিক এবং তাদের উদ্বেগ ও অভিযোগগুলোর গুরুত্ব সহকারে বিবেচনা করতে সরকারের উচিত দ্রুত আলোচনায় বসা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেনের জয় উদযাপন করলো ফিলিস্তিনিরা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৬ এম


স্পেনের জয় উদযাপন করলো ফিলিস্তিনিরা

আর্জেন্টিনাকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে স্প্যানিশরা দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে। তাদের এই সাফল্য উদযাপন করেছেন গাজার শত শত ফিলিস্তিনি।

ইসরায়েলের পরিচালিত গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার দুই বছরেরও বেশি সময় পর, ধ্বংসস্তূপে পরিণত হওয়া বিভিন্ন এলাকায় শত শত মানুষ একত্রিত হয়ে এই উদযাপনে অংশ নেন।

ফিলিস্তিনিরা স্পেন জাতীয় দলের জয় উপলক্ষে স্বাগত ও আনন্দধ্বনি দেন। অন্যদিকে, স্পেনেও বিজয় উদযাপনের সময় অনেক সমর্থক ফিলিস্তিনকে স্মরণ করতে ভোলেননি।

স্পেনের বিভিন্ন স্থানে বিজয়োৎসবের সময় সমর্থকদের ফিলিস্তিনের পতাকা উড়াতে এবং ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিতে দেখা যায়।

এর আগে, স্পেন জাতীয় দলের তারকা লামিন ইয়ামাল ২০২৫–২৬ মৌসুমে তার ক্লাব বার্সেলোনার স্থানীয় লিগ শিরোপা উদযাপনের সময় ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলেন।

এই পদক্ষেপটি ফিলিস্তিনিদের কাছ থেকে প্রশংসা পেলেও, ইসরায়েলিদের একটি অংশের পক্ষ থেকে স্পেনের এই তারকার বিরুদ্ধে সমালোচনা করা হয়।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লিকে ঢাকার চিঠি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের প্রত্যর্পণে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১২:০০ পি.এম


দিল্লিকে ঢাকার চিঠি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের প্রত্যর্পণে

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়ে বাংলাদেশ চিঠি পাঠিয়েছে। এ উদ্দেশ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে ওই চিঠিটি পাঠানো হয়েছে।

সোমবার (২০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রে আরও জানা গেছে, সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দিয়ে আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে চিঠি ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের কপিও ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামি করা হয়েছিল।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করে। ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করে। রায়ে বলা হয়, তারা ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’ (ঊর্ধ্বতন কমান্ডের দায়) নীতির আওতায় নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ডের জন্য দায়ী। এরপর ট্রাইব্যুনাল ৪৫৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে, যেখানে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের রাষ্ট্রীয় অনুকূলে সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%