০৫:৪৯ পি.এম
চাল, ডাল, চিনি, পেঁয়াজ ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার বাজার মনিটরিং, আমদানি শুল্ক ও কর কমানোর মতো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এই তথ্যটি আজ রবিবার জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের লিখিত জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রদান করেন।
মন্ত্রী জানান, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকার সচেষ্ট রয়েছে। নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার প্রশ্নের জবাবে মন্ত্রী সরকারের এই পদক্ষেপগুলো তুলে ধরেন।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ এবং সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হচ্ছে।
আরও পড়ুন: রামিসা হত্যার বিচার দেশের ইতিহাসে নজির স্থাপন করবে
পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী আমদানি শুল্ক ও কর কমানোর পাশাপাশি আমদানি প্রক্রিয়াকে সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া, পণ্যের উৎপাদন, আমদানি, মজুত ও সরবরাহ পরিস্থিতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
নিম্নআয়ের মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হচ্ছে বলেও মন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, টিসিবির ডিলারশিপ কার্যক্রমের আওতায় দরিদ্র ও নিম্নআয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি অব্যাহত রয়েছে।
বাজারে অতিরিক্ত মূল্য আদায়, অবৈধ মজুতদারি ও বাজার কারসাজি প্রতিরোধে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জরিমানা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।
আরও পড়ুন: মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ, ঢাকা ও সন্তোষে কর্মসূচি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন