প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নতুন বছরে কোথাও ভ্রমণের পরিকল্পনা করছেন? তাহলে বিশ্বের এমন ১০টি জায়গা আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন, যেখানে রয়েছে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্র্যময় সংস্কৃতি ও অনন্য অভিজ্ঞতা। কিছু জায়গায় ঘন জঙ্গল ও বন্যপ্রাণীর হাতছানি রয়েছে, আবার কিছু জায়গায় পাহাড়, সমুদ্র এবং শত বছরের ঐতিহ্য। ২০২৭ সালের ভ্রমণ পরিকল্পনায় এসব গন্তব্য হতে পারে চমৎকার পছন্দ।
১. মাদাগাস্কার
আফ্রিকার দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার। এখানে প্রায় ৯২ শতাংশ স্তন্যপায়ী প্রাণী পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। লেমুর, প্যান্থার গিরগিটি, রেইনফরেস্ট ও পাথুরে গিরিখাত দেশটির অন্যতম আকর্ষণ। প্রকৃতির সঙ্গে সময় কাটানোর জন্য এটি একটি দারুণ গন্তব্য হতে পারে।
২. কুইবেক সিটি, কানাডা
কানাডার ফরাসিভাষী অঞ্চল কুইবেক সিটি ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। পাথরে বাঁধানো পুরনো রাস্তা, ঐতিহাসিক স্থাপনা ও সেন্ট লরেন্স নদীর সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে। শহরের আশপাশে শীতকালীন খেলাধুলা ও প্রকৃতির সঙ্গে সময় কাটানোর সুযোগ রয়েছে।
৩. ইসে-শিমা উপদ্বীপ, জাপান
জাপানের ইসে-শিমা উপদ্বীপে প্রাচীন ধর্মীয় ঐতিহ্য, বন ও সমুদ্রঘেরা উপকূল রয়েছে। ২০২৭ সালে এখানে ২০ বছর পরপর অনুষ্ঠিত ‘ওকিহিকি’ উৎসব দেখার সুযোগ পাবেন পর্যটকরা। এই আয়োজনে স্থানীয়রা বিশাল সাইপ্রেস গাছের গুঁড়ি টেনে মন্দির পুনর্নির্মাণের ঐতিহ্য পালন করেন।
৪. সেন্ট হেলেনা
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের প্রত্যন্ত দ্বীপ সেন্ট হেলেনা। আগ্নেয়গিরির কারণে তৈরি পাহাড়ি ভূপ্রকৃতি, নিরিবিলি পরিবেশ ও ঐতিহাসিক স্থাপনা এ দ্বীপের বিশেষ আকর্ষণ। ২০২৭ সালে এখানে ‘সেন্ট হেলেনা অ্যাডভেঞ্চার উইক’ অনুষ্ঠিত হবে। এতে হাঁটা, কায়াকিং ও খোলা সমুদ্রে সাঁতারের মতো আয়োজন থাকবে।
৫. সালভাদর, ব্রাজিল
ব্রাজিলের উপকূলীয় শহর সালভাদর আফ্রিকান-ব্রাজিলীয় সংস্কৃতি, সংগীত ও ঐতিহ্যের জন্য পরিচিত। এখানকার ঐতিহাসিক পেলোরিনহো এলাকা, পুরনো গির্জা ও রঙিন স্থাপনা পর্যটকদের আকর্ষণ করে। ২০২৭ সালে ফিফা নারী বিশ্বকাপের আয়োজক শহরগুলোর একটি হওয়ায় এটি বাড়তি গুরুত্ব পাচ্ছে।
৬. ওকেফেনোকি জলাভূমি, যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের জর্জিয়া ও ফ্লোরিডা অঙ্গরাজ্যের সীমান্তজুড়ে বিস্তৃত ওকেফেনোকি জলাভূমি উত্তর আমেরিকার সবচেয়ে বড় কালো পানির জলাভূমি। এখানে কুমির, নানা প্রজাতির পাখি, জলজ উদ্ভিদ ও ঘন বন দেখা যায়। নৌকা বা কায়াক নিয়ে জলপথ ঘুরে দেখার সুযোগ রয়েছে।
৭. বুরগুন্ডি, ফ্রান্স
ফ্রান্সের বুরগুন্ডি অঞ্চল আঙুরের বাগান, ঐতিহাসিক গ্রাম ও সরিষার জন্য পরিচিত। ২০২৭ সালে আলোকচিত্রের ২০০ বছর পূর্তি উপলক্ষে অঞ্চলটি বিশেষ আকর্ষণ হয়ে উঠবে। এখানে জাদুঘর ও ঐতিহাসিক স্থানে আলোকচিত্রের শুরুর ইতিহাস জানার সুযোগ পাবেন পর্যটকরা।
৮. মেঘালয়, ভারত
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয় প্রাকৃতিক সৌন্দর্য ও জীবন্ত শিকড়ের সেতুর জন্য বিখ্যাত। খাসি ও জয়ন্তিয়া পাহাড়ের গভীর খাদ ও নদীর ওপর গাছের শিকড় দিয়ে তৈরি এসব সেতু পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। ২০২৭ সালে স্থানীয় মানুষের অংশগ্রহণে পর্যটন বাড়াতে এক হাজার হোমস্টে তৈরি বা উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। নংরিয়াটের ডাবল ডেকার জীবন্ত শিকড়ের সেতুও এখানকার অন্যতম আকর্ষণ।
৯. ঘানা
পশ্চিম আফ্রিকার দেশ ঘানা ২০২৭ সালে স্বাধীনতার ৭০ বছর পূর্তি উদ্যাপন করবে। ১৯৫৭ সালে ইউরোপীয় ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা পাওয়া সাব-সাহারান আফ্রিকার প্রথম দেশ ছিল ঘানা। দেশটির ইতিহাস, সংস্কৃতি, শিল্পকলা ও সংগীত পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ হতে পারে।
১০. ডেইন্ট্রি, অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার ডেইন্ট্রি বিশ্বের প্রাচীনতম গ্রীষ্মমণ্ডলীয় বৃষ্টিবনগুলোর একটি। এখানে ঘন বন, সাদা বালুর সৈকত এবং নানা বিরল প্রাণীর দেখা মেলে। ২০২৭ সালে স্থানীয় আদিবাসীদের পরিচালনায় নতুন ভ্রমণ অভিজ্ঞতা ও সাংস্কৃতিক আয়োজন চালুর পরিকল্পনা রয়েছে। বনভ্রমণের পাশাপাশি স্থানীয় মানুষের ইতিহাস ও জীবনধারা জানার সুযোগও পাবেন পর্যটকেরা।
সূত্র : বিবিসি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন