০৩:৩৩ এম
ইউক্রেনের একটি মানবিক সহায়তা কেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় ২৪ জন নিহত হয়েছেন। এ তথ্য জানায় দেশটির জরুরি সেবা সংস্থা।
সোমবার (২ নভেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলের কোমিশুভাখা গ্রামে একটি স্কুলে হামলা চালানো হয়, যা মানবিক সহায়তা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। হামলার ফলে ভবনটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং এতে আরও পাঁচজন আহত হয়েছেন।
জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে উল্লেখ করেছেন, “প্রথম বিমান হামলার পর আরও ৯টি বোমা নিয়ে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। সরাসরি সেই আশ্রয়কেন্দ্রে বোমা ফেলা হয়, যেখানে লোকজন জড়ো হয়েছিলেন।”
আরও পড়ুন: আফগানিস্তানের বহুমাত্রিক সভ্যতার জনপদ: ইতিহাস, ধর্ম ও জাতিসত্তার বৈচিত্র্য
তিনি আরও বলেন, “কোমিশুভাখায় যারা রয়ে গেছেন, তারা প্রতি সপ্তাহেই ওই স্থানে সহায়তা পেতেন। বিষয়টি রাশিয়ার অজানা থাকার কথা নয়। এই হামলা আবারও প্রমাণ করল, রাশিয়া কোনো ধরনের উত্তেজনা প্রশমন বা প্রকৃত ন্যায়বিচার চায় না।”
ইউক্রেনের জরুরি সেবা সংস্থার প্রকাশ করা ভিডিওতে ভবনটিকে ধ্বংসস্তূপে পরিণত হতে দেখা গেছে। সেখানে উদ্ধারকর্মীদের উদ্ধার অভিযান চালাতে দেখা যায়।
আঞ্চলিক গভর্নর মিখাইলো সেমিকিন টেলিগ্রামে জানান, নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা এবং রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থার দুজন উদ্ধারকর্মী রয়েছেন। তিনি আরও জানান, এ ঘটনায় মোট ২৭ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে আরও বলেন, “ওলেশকিতে মানবিক সহায়তা কার্যক্রমের পর এমন একটি মুহূর্ত এসেছিল, যখন পরবর্তী পদক্ষেপগুলো শান্তির পথে অগ্রগতি সম্ভব বলে ইঙ্গিত দিতে পারত। কিন্তু এই হত্যাকাণ্ডের মাধ্যমে রাশিয়া সম্পূর্ণ বিপরীত বার্তা দিচ্ছে।”
আরও পড়ুন: ইরানের অবরোধে উপসাগরে বিমা খরচ বেড়ে গেল, পরিবহন সক্ষমতা কমছে
এদিকে, ইউক্রেনের অন্যান্য এলাকায় ড্রোন হামলায় ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে জরুরি সেবা সংস্থা। পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে এসব হামলায় একটি রেফ্রিজারেশন স্থাপনা, গ্রিনহাউস এবং আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ছাড়া কৃষ্ণসাগর উপকূলের বন্দরনগরী ওদেসায় পাঁচজন আহত হয়েছেন। সেখানে একটি গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয় এবং বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর ইউক্রেনের ২১২টি ড্রোন ভূপাতিত করেছে তাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা।
রাশিয়ার সামারা অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ ফেদোরিশচেভও জানিয়েছেন, স্থানীয় বিমান প্রতিরক্ষাব্যবস্থা একটি আকাশপথে হামলা প্রতিহত করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। সূত্র: আল জাজিরা
আরও পড়ুন: হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন