১০:৫১ পি.এম
ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ : টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর নির্ভর না করে পানি, শিক্ষা, সমাজকল্যাণ ও স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে নিয়ে সমন্বিত পরিকল্পনা এবং যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য শুধুমাত্র ওষুধ বা সিরিঞ্জই যথেষ্ট নয়, বরং এর জন্য সর্বাগ্রে রোগ প্রতিরোধে (প্রিভেনশন) জোর দিতে হবে।
রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়ন ও পর্যালোচনা সম্পর্কিত জাতীয় সম্মেলনে আজ তিনি এই কথা বলেন।
আরও পড়ুন: অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকছেন নেতানিয়াহু
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, 'শিক্ষা, আইনশৃঙ্খলা ও জেন্ডার বৈষম্য কমানোর পাশাপাশি এসডিজি গোল-৩ অর্জনের জন্য স্বাস্থ্য খাতের সঙ্গে পানি, শিক্ষা ও সমাজকল্যাণের মতো খাতগুলোকে একত্রিত করতে হবে। শুধুমাত্র ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি গোল অর্জন করা সম্ভব নয়; এর মূল ভিত্তি রোগ প্রতিরোধ, যার ওপর প্রধানমন্ত্রী সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন।'
গ্রামাঞ্চলের স্যানিটেশন ব্যবস্থা তুলে ধরে তিনি বলেন, 'বিশুদ্ধ পানি নিশ্চিত করতে এবং রোগ প্রতিরোধে মানুষকে সচেতন করতে হবে। বাজারঘাট বা অন্যান্য স্থানগুলোতে ময়লা হাত দিয়ে স্পর্শ করার পর সেই হাত এবং টাকার মাধ্যমেও লেনদেন করা হচ্ছে। আমাদের এই অস্বাস্থ্যকর অভ্যাস এবং জীবনযাত্রা পরিবর্তন করা অত্যন্ত জরুরি।'
উপকূলীয় এলাকার পানির সংকট নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সুপেয় পানির তীব্র সংকট ও লবণাক্ততার কারণে মানুষ হলুদ পানি পান করতে বাধ্য হচ্ছে। গত মাসে প্যারিস কনফারেন্সে আমি এই বিষয়টি উত্থাপন করেছি, যেখানে আন্তর্জাতিক সহযোগিতার আশ্বাস পাওয়া গিয়েছে। পাশাপাশি, শিশুদের অতিরিক্ত মোবাইল বা স্ক্রিন আসক্তি এবং জাঙ্ক ফুড বা ফাস্টফুডের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় অভিভাবকদের সচেতন হতে হবে।'
পরিকল্পনা কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, 'শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর এককভাবে দায়িত্ব চাপালে এসডিজি অর্জন সম্ভব নয়। পানী, স্বরাষ্ট্র, সমাজকল্যাণ এবং স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে নিয়ে একটি সমন্বিত পরিকল্পনা তৈরি করতে হবে। অন্তত প্রতি দুই মাসে একবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বৈঠকে বসে যৌথভাবে তা বাস্তবায়ন করতে পারলেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হবে।'
আরও পড়ুন: আ.লীগের প্রকৃত রূপ বুঝতে আর কত রক্ত, আগুন ও সন্ত্রাসের ঘটনা ঘটতে হবে?
তিনি বাল্যবিবাহ রোধ, মায়েদের সচেতনতা, বুকের দুধ খাওয়ানোর গুরুত্ব এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে শাকসবজি ও পুষ্টির প্রচলনের ঐতিহাসিক দিকগুলো তুলে ধরেন। তিনি আরও বলেন, 'বিচ্ছিন্নভাবে কোনো উদ্যোগ নয়, সব মন্ত্রণালয়ের যৌথ কর্মপদ্ধতি ও বাস্তবায়নের মাধ্যমেই এসডিজি লক্ষ্য অর্জন করতে হবে।'
সেন্টার ফর পলিসি ডায়ালগ-এর সম্মানিত ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং গেস্ট অব অনার হিসেবে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আন্না মিনজ বক্তৃতা করেছেন।
এছাড়া অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীমসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ককটেল বিস্ফোরণে জড়িত অভিযোগে ঢাবির কর্মচারী সাময়িক বরখাস্ত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন