০৫:৪৫ পি.এম
নোনা পানির সংকটের সমাধান করতে খুলনার নগরবাসীর জন্য নিরাপদ সুপেয় পানি সহজলভ্য করার উদ্দেশ্যে পানি এটিএম বুথের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। খুলনা ওয়াসা এবং ড্রিংকওয়েলের মধ্যে তিন বছরের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে নগরীর বিভিন্ন স্থানে ৯৮টি নতুন পানি এটিএম স্থাপন করা হবে। বর্তমানে চালু থাকা দুটি বুথসহ মোট ১০০টি এটিএমের মাধ্যমে স্বল্পমূল্যে পানি সরবরাহের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
গত সোমবার দুপুরে খুলনা ওয়াসা ভবনে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই সমঝোতা স্মারক সই হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন যে, নতুন বুথ চালু হলে বিশেষ করে নিম্নআয়ের মানুষের জন্য নিরাপদ খাবার পানি সংগ্রহ করা আরো সহজ হবে।
সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ শাহ্, নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, ড্রিংকওয়েলের পরিচালক ইমতিয়াজ মহসিন, সার্ভিস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. আব্দুস সাত্তার এবং মানবসম্পদ বিভাগের প্রধান ফারহানা রহমানসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
আরও পড়ুন: রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন
অনুষ্ঠানে ফিরোজ শাহ্ বলেন, "নোনা পানিপ্রবণ খুলনা অঞ্চলে নিরাপদ পানির চাহিদা পূরণে পানি এটিএমের পরিসর বাড়ানোর উদ্যোগকে স্বাগত জানায় ওয়াসা। এ কার্যক্রম বাস্তবায়নে সংস্থাটির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।"
ড্রিংকওয়েলের পরিচালক ইমতিয়াজ মহসিন মন্তব্য করেন, "নতুন চুক্তির ফলে খুলনাবাসীর স্বল্পমূল্যে সুপেয় পানি পাওয়ার সুযোগ বাড়বে। ২০২৪ সাল থেকে খুলনা ওয়াসার সহযোগিতায় খুলনা সিটি করপোরেশন এলাকায় দুটি পানি এটিএম বুথ পরিচালনা করছে ড্রিংকওয়েল।"
প্রতিষ্ঠানটির সার্ভিস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. আব্দুস সাত্তার জানান, "২০১৫ সালে যাত্রা শুরু করে ড্রিংকওয়েল। বর্তমানে ঢাকায় ৩৫০টি পানি এটিএমের মাধ্যমে ২০ লাখের বেশি মানুষকে স্বল্পমূল্যে নিরাপদ খাবার পানি সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া ঢাকা, রাজশাহী, খুলনা, নারায়ণগঞ্জ ও ফরিদপুরে প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে।"
চুক্তি অনুযায়ী, নতুন বুথ স্থাপনের আগে খুলনা ওয়াসার সরবরাহ করা পানির গুণগত মান এবং প্রয়োজনীয় শোধনব্যবস্থা মূল্যায়ন করবে ড্রিংকওয়েল। প্রয়োজন হলে অতিরিক্ত পানি শোধনের ব্যবস্থাও নেওয়া হবে।
আরও পড়ুন: টিকটকে পরিচয়, প্রেমের টানে যুবকের বাড়িতে কিশোর, বিয়ের দাবিতে অনড় দুই তরুণ
পানি সরবরাহে আরএফআইডি কার্ডভিত্তিক প্রযুক্তি ব্যবহার করা হবে। প্রাথমিক পর্যায়ে বুথ স্থাপনের জন্য প্রয়োজনীয় জায়গা দেবে খুলনা ওয়াসা ও খুলনা সিটি করপোরেশন। যন্ত্রপাতি সরবরাহ, মূলধনি বিনিয়োগ, নকশা প্রণয়ন, বুথ স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে ড্রিংকওয়েল।
নতুন ৯৮টি বুথ স্থাপনের মাধ্যমে নগরীর বিভিন্ন এলাকায় নিরাপদ পানির সরবরাহ বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন