প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের কন্যা মুনতারিন ফেরদৌস ডরিনকে রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার (২৯ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস জামিন আবেদন নাকচ করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এই তথ্য নিশ্চিত করেছেন।
ডরিনকে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ওয়ারী জোনাল টিমের উপপরিদর্শক মো. শাহাদাত হোসেন নাফিজ।
আসামিপক্ষের আইনজীবীরা জামিনের জন্য শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এ বিষয়ে বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে ডরিনকে গ্রেপ্তার করা হয়। পরে ওইদিন বিকালে আদালত আসামিকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৯ নভেম্বর রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে যাত্রাবাড়ী-ডেমরা সড়কের কাজলা টোল প্লাজার সামনে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং স্বাভাবিক কর্মক্রমে বিঘ্ন ঘটে। আসামিরা পরস্পর যোগসাজশে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নৈরাজ্য ও ত্রাস সৃষ্টি এবং বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে ঘটনাস্থলে একত্রিত হয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়।
এতে আরো উল্লেখ করা হয়েছে, ঘটনাস্থল থেকে ককটেলের পোড়া অংশ, টিনের টুকরা, ১২টি তারকাটা ও একটি ছোট কাঁচের টুকরা উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা আসামি আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য ও সমর্থক এবং দেশের সার্বভৌমত্ব, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিঘ্নিত করার ষড়যন্ত্রে জড়িত। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন