প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজবাড়ীর পাংশা পৌরবাসী সীমাহীন নাগরিক দুর্ভোগের সম্মুখীন। পৌরসভা প্রথম শ্রেণির হলেও, অধিকাংশ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কগুলোতে বড় বড় গর্ত ও খানাখন্দের কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ফলে, পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য প্রতিদিন চরম ভোগান্তি হচ্ছে। ছোট-বড় দুর্ঘটনাও প্রায়ই ঘটছে।
১৯৯০ সালে পাংশা ইউনিয়ন পরিষদ পৌরসভার স্বীকৃতি পায়। এরপর ২০১৮ সালে পৌরসভাটি প্রথম শ্রেণিতে উন্নীত হয়। কিন্তু ৯ বছর পার হলেও নাগরিক সেবার কাঙ্ক্ষিত মান নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষ করে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলোর বেহাল দশা স্থানীয়দের দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিনে দেখা যায়, মৈশালা বাজার থেকে মৈশালা বড়গাছি বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কটিতে অসংখ্য বড় গর্ত রয়েছে। এই সড়কের পাশে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি দাখিল মাদ্রাসা ও বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠান অবস্থিত। দক্ষিণাঞ্চলের হাজারো মানুষ প্রতিদিন এই সড়ক দিয়েই শহরে প্রবেশ করে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
পাংশা রেলগেট থেকে টেম্পুস্ট্যান্ড পর্যন্ত সড়কেরও একই অবস্থা। এই সড়কটিতে প্রায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। সড়কটি দিয়ে অসুস্থ গৃহপালিত পশুপাখি নিয়ে পশু হাসপাতালে আসেন জনসাধারণ। পাংশার স্বনামধন্য লিজা হেলথ কেয়ার এখানে অবস্থিত, যেখানে প্রতিদিন শত শত রোগী চিকিৎসাসেবা নেন। পাংশা মহিলা কলেজ, আইডিয়াল গার্লস কলেজ, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ ও কাজী আব্দুল মাজেদ একাডেমির শিক্ষার্থীরা নিয়মিত পাংশা মডেল থানায় যাতায়াত করেন।
টেম্পুস্ট্যান্ড থেকে পাংশা সরকারি কলেজ হয়ে শিল্পকলা মোড় পর্যন্ত সড়কটিতেও বিভিন্ন স্থানে খানাখন্দ ও বড় গর্ত সৃষ্টি হয়েছে। এই সড়কটি পাংশা সরকারি কলেজ, পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়, পাংশা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, উইলিয়াম শেকসপিয়ার কিন্ডারগার্টেন, সৈয়দ বায়তুল্লাহ কিন্ডারগার্টেনসহ অনেক কোচিং সেন্টারের শিক্ষার্থীদের চলাচলের জন্য অত্যন্ত জরুরি। তবে বর্তমানে এই সড়কের অবস্থা শোচনীয়।
পাংশা স্টেশন বাজার সড়কেও অসংখ্য খানাখন্দ রয়েছে। সামান্য বৃষ্টি হলেই এই সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়, যা বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য বিপদজনক। এলাকাবাসী দ্রুত সড়কগুলো সংস্কারের দাবি জানাচ্ছেন।
পাংশা কলেজপাড়ার বাসিন্দা ব্যাংকার শরীফ শাহরিয়ার পলাশ বলেন, “প্রতিদিনের জীবনযাত্রায় এই এলাকার সড়কের বেহাল দশায় সময় যেমন অপচয় হয় তেমনি শারীরিক ক্ষতিও হচ্ছে। আমরা এর থেকে পরিত্রাণ চাই।”
ভ্যান ও অটোরিকশাচালকরা জানান, এসব সড়ক দিয়ে প্রতিদিন যাত্রী ও মালামাল পরিবহন করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয়। গর্তে চাকা পড়ে প্রায়ই উল্টে যাওয়ার উপক্রম হয় এবং বিভিন্ন যন্ত্রাংশের ক্ষতি হয়। যাত্রীদেরও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। সড়কগুলো দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
অটোরিকশাচালক শহিদুল ইসলাম বলেন, “এই রাস্তার অবস্থা এমন হয়েছে যে, এখন আর যাওয়া যায় না। প্রায়ই বিয়ারিং নষ্ট এবং চাকা লিক হয়ে যায়।”
ভ্যানচালক মো. মাসুদ খা বলেন, “এই রাস্তা দিয়ে প্রতিদিন ভ্যান চালাই। রাস্তার মধ্যে এত গর্ত যে যাত্রী নিয়ে চলাচল করা খুবই কষ্টকর। রোগী নিয়ে হাসপাতালে যেতেও চরম দুর্ভোগে পড়তে হয়। একটু অসতর্ক হলেই দুর্ঘটনা ঘটতে পারে। ভাঙাচোরা এই রাস্তা দিয়ে চলাচলের কারণে ঝাঁকুনিতে কোমর ব্যথা হয়ে যায়। বর্তমানে যে টাকা ভাড়া মারি তার অর্ধেক ভ্যান সারতেই চলে যায়।”
তিনি আরও বলেন, “বর্তমানে টাকা দিয়ে পৌরসভার লাইসেন্স করে ভ্যান চালাতে হচ্ছে। কিন্তু রাস্তাগুলোর বেহাল দশা। আমরা চাই, দ্রুত রাস্তাগুলো সংস্কার করা হোক।”
শিক্ষার্থীরা জানান, প্রতিদিন স্কুল-কলেজে যাতায়াতের সময় এসব ভাঙাচোরা সড়ক পেরোতে হয়। বৃষ্টি হলে গর্তে পানি জমে থাকায় কোথায় গর্ত আর কোথায় ভালো রাস্তা বোঝা যায় না। ফলে পোশাক নষ্ট হওয়া থেকে শুরু করে দুর্ঘটনার ঝুঁকিও থাকে। সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতেও তাদের সমস্যা হয়।
আকাশ আহমেদ নামের এক শিক্ষার্থী বলেন, “প্রতিদিন আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করি। কিন্তু রাস্তার অবস্থা এত খারাপ যে ঠিকমতো চলাচল করা যায় না। বৃষ্টি হলে পানি জমে থাকে। আমরা চাই, দ্রুত রাস্তাগুলো মেরামত করা হোক।”
অন্যদিকে স্থানীয় ব্যবসায়ীরা জানান, সড়কের বেহাল অবস্থার কারণে বাজারে আগতদের চলাচলে সমস্যা হচ্ছে। বিশেষ করে বৃষ্টির দিনে পানি জমে থাকায় দোকানে ক্রেতা কমে যায়। পণ্য পরিবহনেও বাড়তি সময় ও খরচ গুনতে হচ্ছে। এতে ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে।
ব্যবসায়ী খায়রুল ইসলাম বলেন, “রাস্তাগুলোর এমন দশার কারণে আমাদের ব্যবসায় অনেক সমস্যা হচ্ছে। ক্রেতারা স্বাচ্ছন্দ্যে বাজারে আসতে পারেন না। পণ্য আনা-নেওয়াও কষ্টকর। পৌর কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, দ্রুত এসব সড়ক সংস্কারের ব্যবস্থা করা হোক।”
পৌরসভার এসব সড়ক ছাড়াও নারায়ণপুর দত্তপাড়া, মৈশালা কর্মকারপাড়া, মৈশালা ঋষিপাড়া সড়কসহ বেশ কয়েকটি সড়ক সংস্কার করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
স্থানীয়দের দাবি, পাংশা পৌরসভার গুরুত্বপূর্ণ এসব সড়ক দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক। পাশাপাশি বৃষ্টির পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পাংশা পৌরসভার প্রশাসক মো. রিফাতুল হক জানান, ইতোমধ্যে তিনটি সড়ক মেরামতের জন্য ঠিকাদারের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। শিগগিরই সড়কগুলোর কাজ শুরু হবে।
পৌরবাসীর প্রত্যাশা, প্রথম শ্রেণির পৌরসভায় যেন শ্রেণি অনুযায়ী সকল সেবা নিশ্চিত করা হয়। নাগরিক দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের প্রয়োজনীয় উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন