০৭:০৩ পি.এম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মো. ফারুক হোসেন নামক এক যুবককে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে তার স্বজন ও এলাকাবাসী সোমবার (৯ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।
মহাসড়ক অবরোধের ফলে সাময়িকভাবে যানবাহন চলাচল ব্যাহত হয়। প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু বিচারের আশ্বাস দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে।
মৃত ফারুক হোসেন উপজেলার ললাটি এলাকার মৃত সিরাজ উদ্দিনের পুত্র।
আরও পড়ুন: সিলেট নগর ছাত্রলীগ নেতা ওয়াহিদ নিজ বাড়ীতে আটক
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর বিকেলে ললাটি এলাকার আমিনুল ভেন্ডার ও তার ভাগিনা অমিত হাসানসহ কয়েকজন ফারুক হোসেনকে তার নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে জনতা বাজার এলাকায় যান। সেখানে আমিনুল ভেন্ডারের বাড়ির বৈদ্যুতিক তার চুরির অভিযোগে তাকে আটকে রাখা হয়।
একপর্যায়ে, জনসম্মুখে চুরির অপবাদ দিয়ে ফারুকের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। এলোপাতাড়ি মারধরের ফলে ফারুক গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে ১০ দিন লাইফ সাপোর্টে থাকার পর গত শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মারধরের ঘটনায় আগেই মামলা দায়ের করা হয়েছিল। পুলিশ এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। ফারুকের মৃত্যুর পর মামলাটিকে হত্যা মামলায় রূপান্তর করার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: স্বেচ্ছাসেবকদল নেতাকে হত্যাচেষ্টা মামলায় রুদ্র কারাগারে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন