বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০১:২০ পি.এম
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে ঘটে গেছে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে এই ঘটনা ঘটে।
মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘সকালে বেশ কিছু লোক মিছিল নিয়ে এমপির বাড়িতে এসে ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও আগুন ধরিয়ে দেয়।’
বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন, আজ সকালে সংসদ সদস্য মো. সেলিমুজ্জামানের বাড়ির সামনে ‘বিক্ষুব্ধ জনতা’ মিছিল নিয়ে অবস্থান নেয়। এ সময় তার বাড়ির দিকে কয়েকটি পেট্রল বোমা নিক্ষেপ করা হয়। একপর্যায়ে হামলা চালিয়ে বাড়িতে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়।
এদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় টহলরত বিজিবি ও এসআরবির গাড়ির দিকে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। তবে এতে কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস মোড় এলাকায় অবরোধকারীদের মিছিল থেকে এফএনএফ নামের একটি সুপারশপে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।
এর আগে, গত রাতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের গোপালগঞ্জ শহরের বাসায় অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। তারও আগে, গত মঙ্গলবার রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বঙ্গোপসাগর থেকে তীব্র গতিতে ভারতের অন্ধ্র ও ওডিশা উপকূলের দিকে এগিয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’। এটি আগামীকাল শুক্রবার দুপুরের দিকে আঘাত হানতে পারে। যদিও বাংলাদেশে কোনো বিপদ নেই, তবে সাগর উত্তাল থাকায় সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে।
এছাড়া, প্রবল এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এই কারণে ঢাকাসহ দেশের ৫টি বিভাগের ওপর দিয়ে আগামী দুই দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলে সর্বোচ্চ ৮৮ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টিপাত হতে পারে।
বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে আজ সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিমি/ ২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (৮৮ মিমির বেশি/ ২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৩টায় আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১১২৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১০৭৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১০১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১০০৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। প্রবল ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল (২০ নভেম্বর) দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র-দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্ব অর্থনীতির সঙ্গে সংগতিপূর্ণভাবে বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য অব্যাহতভাবে সম্প্রসারিত হচ্ছে। এই বৃদ্ধি পাচ্ছে এমন বাণিজ্যিক লেনদেনের জন্য বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার ওঠানামা করছে।
বাজারে চাহিদা অনুযায়ী বৈদেশিক মুদ্রার সরবরাহ থাকা সত্ত্বেও, গত কয়েক দিন ধরে ডলারের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং টাকার মান কমছে। কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মাসের প্রথম দিকে ডলারের দাম ছিল ১২২ টাকা ৭০ পয়সা। তবে চলতি মাসের শুরুতে এটি বেড়ে দাঁড়িয়েছে ১২৪ টাকা ৭৫ পয়সায়।
বাংলাদেশ ব্যাংক এবং দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর তথ্য অনুযায়ী আজকের (১৯ নভেম্বর ২০২৬) সর্বনিম্ন মুদ্রা বিনিময় হারের একটি সার্বিক চিত্র নিচে তুলে ধরা হলো—
মুদ্রার নাম বাংলাদেশি টাকা
ইউএস ডলার : ১২৪ টাকা ৭৫ পয়সা
ইউরো : ১৩৬ টাকা ৮৮ পয়সা
পাউন্ড : ১৬৪ টাকা
কানাডিয়ান ডলার : ৮৭ টাকা ০৬ পয়সা
অস্ট্রেলিয়ান ডলার : ৮৩ টাকা ৭৯ পয়সা
চায়নিজ ইয়েন : ১৮ টাকা ৭০ পয়সা
সিঙ্গাপুরি ডলার : ৯৬ টাকা ৭০ পয়সা
ভারতীয় রুপি : ১ টাকা ৩৩ পয়সা
মালয়েশিয়ান রিঙ্গিত : ৩০ টাকা ২৩ পয়সা
সৌদি রিয়াল : ৩৩ টাকা ১৬ পয়সা
কাতারি রিয়াল : ৩৪ টাকা ১৫ পয়সা
কুয়েতি দিনার : ৩৯৯ টাকা ১৪ পয়সা
আমিরাত দিরহাম : ৩৩ টাকা ৮৮ পয়সা
*মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।
আর্থিক খাতের বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের কঠোর মনিটরিং এবং প্রবাস আয়ের (রেমিট্যান্স) প্রবাহ ইতিবাচক থাকায় খোলাবাজার ও অফিসিয়াল রেটের মধ্যে ব্যবধান সাম্প্রতিক সময়ে অনেকটাই কমে এসেছে।
তবে গত কয়েক দিনে দেশের বৈদেশিক মুদ্রাবাজারে ফের বাড়তি দামে ডলার বিক্রি হচ্ছে। খোলাবাজারে বর্তমানে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১২৯-১৩০ টাকায়। এর ফলে বৈদেশিক মুদ্রাবাজারে নতুন করে অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে।
ব্যাংকিং চ্যানেলে আমদানি দায় পরিশোধে প্রতি ডলারের দর ১২৪ টাকা ৮০ পয়সা থেকে ১২৫ টাকা দিতে হচ্ছে। অর্থাৎ ব্যাংকের তুলনায় খোলাবাজারে প্রতি ডলার ৪ টাকা ২০ পয়সা থেকে ৫ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। চাহিদার সঙ্গে তাল মিলিয়ে সরবরাহ না বাড়ায় বাজারে ডলারের দাম বৃদ্ধি পাচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি আমদানি ব্যয় বৃদ্ধি, শিল্পের কাঁচামাল কেনা এবং আমদানি দায় পরিশোধের চাপের কারণে ডলারের চাহিদা বেড়েছে। যদিও রেমিট্যান্স ও রপ্তানি আয় বৃদ্ধি পাচ্ছে, বাজারে ডলারের সরবরাহ চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে না।
এতে বৈদেশিক মুদ্রাবাজারে নতুন করে অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। ডলারের দাম বাড়লে আমদানি ব্যয়ের পাশাপাশি পণ্যের বাজারেও এর প্রভাব পড়তে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা কলেজের নাম উচ্চারণ করলে আন্দোলন-সংগ্রাম এবং রাজনৈতিক ইতিহাসের পাশাপাশি শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির গৌরবোজ্জ্বল অধ্যায়ের কথা মনে পড়ে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তিনি উল্লেখ করেন, ঢাকা কলেজ শুধুমাত্র দেশের বরেণ্য রাজনীতিবিদ তৈরি করেনি, বরং প্রখ্যাত লেখক, কবি ও শিল্পীদেরও জন্ম দিয়েছে। বহু কীর্তিমান শিক্ষার্থী ও অধ্যক্ষের অবদানে এ প্রতিষ্ঠানের ইতিহাস সমৃদ্ধ হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ র্যালির আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ঢাকা কলেজের নাম শুনলেই আন্দোলন-সংগ্রাম ও রাজনীতির কথা মনে পড়ে। এ প্রতিষ্ঠান শুধু রাজনীতিবিদ তৈরির ক্ষেত্র নয়, বরং দেশের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বহু কীর্তিমান শিক্ষার্থী ও গুণী অধ্যক্ষ এ কলেজকে সমৃদ্ধ করেছেন। তাঁদের অবদানে গড়ে ওঠা মহান ঐতিহ্য আজও মানুষকে আলোকিত ও অনুপ্রাণিত করে।
কলেজের ১৮৬ বছর পূর্তি উপলক্ষে তিনি বলেন, নানা প্রতিকূলতা অতিক্রম করে ঢাকা কলেজ তার ঐতিহ্য ও গৌরব ধরে রেখেছে। ঊনবিংশ শতাব্দীতে অবিভক্ত বাংলায় উচ্চশিক্ষার প্রসারে ঢাকা কলেজসহ কয়েকটি ঐতিহ্যবাহী সরকারি কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এসব প্রতিষ্ঠানের প্রাঙ্গণ ও শ্রেণিকক্ষ থেকে বহু কীর্তিমান মানুষ উঠে এসেছেন, যাঁরা দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন।
মহান মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যাশার কথা তুলে ধরে বিএনপির এ নেতা বলেন, একাত্তরের স্বপ্ন ছিল একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও মতপ্রকাশের স্বাধীনতাসম্পন্ন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কিন্তু বারবার সেই স্বপ্ন বাধাগ্রস্ত হয়েছে। অতীতে পাঠ্যসূচিতে একটি রাজনৈতিক দল ও তার নেতার ইতিহাসকে প্রাধান্য দিয়ে অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অবদান আড়াল করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা এ কে ফজলুল হক ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো জাতীয় নেতাদের ইতিহাসের বইয়ে যথাযথভাবে তুলে ধরা হয়নি। একইভাবে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও পাঠ্যপুস্তকে খাটো করে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। প্রকৃত শিক্ষার উদ্দেশ্য কোনো ব্যক্তি বা দলের ইতিহাস প্রতিষ্ঠা করা নয়; বরং সত্য ও নিরপেক্ষ ইতিহাস তুলে ধরা।
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, অতীতে ভিন্নমতের রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমন করতে গুম, খুন ও ক্রসফায়ারের মতো ঘটনা ঘটানো হয়েছে। তাঁর দাবি, ফ্যাসিবাদী শক্তি আবারও দেশে ফিরে আসার চেষ্টা করছে এবং দেশের বাইরে থেকে ইন্ধন পেয়ে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক সহাবস্থান ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষাঙ্গনে ভিন্নমতের শিক্ষার্থীদের স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ থাকতে হবে। কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর একক প্রভাব নয়, বরং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার জন্য তৎপরতা অব্যাহত রাখা, বাজার সমুহের কমিটি গঠন এবং অনলাইন জুয়া বন্ধের প্রতি গুরুত্ব আরোপ করা হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফজাল হোসেন, মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত আবু বকর, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা রুমানা রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী জয়নুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মন্ডল এবং শত্রুজিৎপুর ইউপির চেয়ারম্যান মুফতি ওসমান গনি। সভায় আইন শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয় এবং সকল প্রকার নৈরাজ্য সৃষ্টিকারীদের ষড়যন্ত্র প্রতিহত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
মাগুরা সদর উপজেলার ১৩ ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন। পরে জঙ্গী তৎপরতা সংক্রান্ত, জন্ম নিবন্ধন, যৌতুক নিরোধ, হাট বাজার ব্যবস্থাপনা, নারী ও শিশু নির্যাতন কমিটির সভা অনুষ্ঠিত হয়। সকল সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ