ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাংলাদেশ পুলিশের আধুনিকায়নে চীন সহায়তা দেবে


বাংলাদেশ পুলিশের আধুনিকায়নে চীন সহায়তা দেবে

বাংলাদেশ পুলিশের প্রযুক্তিগত আধুনিকায়ন, প্রশিক্ষণ এবং সামগ্রিক সামর্থ্য বৃদ্ধিতে চীন সরকারের সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ প্রতিশ্রুতি প্রদান করেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করার পাশাপাশি আইনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন: বাকৃবি শিক্ষার্থী আবরার নোমানের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, চীন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী দিনগুলোতে দুই দেশের বিদ্যমান সুসম্পর্ক আরও নতুন উচ্চতায় পৌঁছাবে।

সাক্ষাৎকালে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন বাংলাদেশ পুলিশের প্রযুক্তিগত আধুনিকায়ন, প্রশিক্ষণ এবং সামগ্রিক সক্ষমতা বৃদ্ধিতে চীন সরকারের সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদসহ ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মুখে কঠোর অবস্থানের কথা বললেও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিফলন নেই: পরওয়ার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আকিজ রিসোর্সের নতুন উদ্যোগে কর্মীদের কল্যাণে কৌশলগত অংশীদারিত্ব

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


আকিজ রিসোর্সের নতুন উদ্যোগে কর্মীদের কল্যাণে কৌশলগত অংশীদারিত্ব

দেশের শীর্ষ শিল্পগ্রুপ আকিজ রিসোর্স স্বাস্থ্যসেবা, শরীরচর্চা, ফ্যাশন ও ডাইনিংসহ বিভিন্ন খাতে পার্টনারশিপের মাধ্যমে কর্মীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য নতুন উদ্যোগ গ্রহণ করেছে।

এই উদ্যোগের আওতায় প্রতিষ্ঠানটি সুখী, ইউনাইটেড হেলথকেয়ার, শান্তা লাইফ, অ্যালাইট ইন জেন, পারসোনা, ওয়েলনেস বাই মুন, জনস ফিটনেস হাব ও ফেব্রিলাইফের সঙ্গে পার্টনারশিপ স্থাপন করছে। এছাড়া, ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট, অ্যাসকট দ্য রেসিডেন্স ঢাকা এবং বিভিন্ন রেস্তোরাঁ ও ক্যাফের সঙ্গেও প্রতিষ্ঠানটি পার্টনারশিপে যুক্ত হয়েছে।

সম্প্রতি আকিজ রিসোর্সের প্রধান কার্যালয়ে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশীদার প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই উদ্যোগের মাধ্যমে আকিজ রিসোর্সের কর্মীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে বিশেষ করপোরেট মূল্য ও ছাড়ে বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নির্বাচিত কিছু সেবায় ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। অন্যদিকে, অংশীদার হোটেলগুলোতে হোটেল রুমের ভাড়ায় ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে।

আকিজ রিসোর্সের কমিউনিকেশন অ্যান্ড পার্টনারশিপ লিড মো. আশরাফুর রহমান মন্তব্য করেন, ‘কর্মীদের দৈনন্দিন জীবনকে আরো সহজ ও সুবিধাজনক করতে আমরা আমাদের অংশীদার ব্র্যান্ডের পরিসর আরো বাড়ানোর পরিকল্পনা করছি। এর মাধ্যমে কর্মীরা আরো বেশি সেবা গ্রহণের সুযোগ পাবেন।’

বিভিন্ন খাতের প্রতিষ্ঠানের সঙ্গে এ অংশীদারত্বের মাধ্যমে কর্মীদের জন্য স্বাস্থ্যসেবা, বিনোদন ও লাইফস্টাইল সংশ্লিষ্ট সেবাগুলো আরো সহজলভ্য করার লক্ষ্য নিয়েছে আকিজ রিসোর্স। কর্মীদের কল্যাণ, কর্মক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ এবং সামগ্রিক সুস্থতা নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির অঙ্গীকারের প্রতিফলন ঘটছে এই উদ্যোগের মাধ্যমে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামের উলিপুরে ট্রেনে কাটা পড়ে ৭১ বছরের বৃদ্ধা বছিরন বেওয়ার প্রাণ গেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


কুড়িগ্রামের উলিপুরে ট্রেনে কাটা পড়ে ৭১ বছরের বৃদ্ধা বছিরন বেওয়ার প্রাণ গেল

কুড়িগ্রামের উলিপুরে রেললাইন পার করার সময় ট্রেনে কাটা পড়ে ৭১ বছর বয়সী বৃদ্ধা বছিরন বেওয়ার মৃত্যু ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার তবকপুর ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

উলিপুর থানার ওসি শওকত আলী সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত বৃদ্ধা ওই এলাকার মৃত নছির উদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বছিরন বেওয়া রেললাইন পার হচ্ছিলেন। এ সময় উলিপুর থেকে ছেড়ে আসা চিলমারী-রমনাগামী একটি লোকাল ট্রেন দ্রুতগতিতে চলে আসে। ট্রেনটি দেখতে পেয়ে তিনি দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলেও রক্ষা পাননি। ট্রেনের নিচে পড়ে তার একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উলিপুর থানার ওসি শওকত আলী সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যেহেতু রেলওয়ে পুলিশের বিষয় রেল পুলিশ বিষয়টি দেখছে।’

লালমনিরহাট রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান হাবিব জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হঠাৎ অরুণাচলে উড়োজাহাজে আনা হলো দাঙ্গা দমন বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


হঠাৎ অরুণাচলে উড়োজাহাজে আনা হলো দাঙ্গা দমন বাহিনী

ভারতের অরুণাচল প্রদেশে প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ সহিংস রূপ ধারণ করায় প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্যটির সিয়াং উপত্যকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। পাসিঘাটে র্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) দুটি কোম্পানি মুম্বাইয়ের নাভি মুম্বাই থেকে আনা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতীয় বিমানবাহিনীর পরিবহন উড়োজাহাজের একাধিক ফ্লাইটে আরএএফসহ অন্যান্য নিরাপত্তা সদস্যদের পাসিঘাট বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে। সিয়াং ও আপার সিয়াং এলাকায় আগে থেকেই আরএএফের কয়েকটি কোম্পানি মোতায়েন রয়েছে।

এছাড়া আসামের ডিব্রুগড়, শিবসাগর, যোরহাট, নগাঁও ও নলবাড়ি থেকে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) সদস্যদের সিয়াং উপত্যকায় পাঠানো হয়েছে। মোট ৩৪টি কোম্পানি সিএপিএফের ওই অঞ্চলে মোতায়েন রয়েছে। আইন ভঙ্গকারীদের মোকাবিলায় নারী সদস্যদের নিয়ে গঠিত আরএএফ দলও সেখানে উপস্থিত রয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অরুণাচল প্রদেশের পূর্ব সিয়াং জেলায় প্রস্তাবিত ১১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার সিয়াং জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে গত ২৩ অক্টোবর বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। এ সময় জাতীয় জলবিদ্যুৎ নিগমের (এনএইচপিসি) স্থানীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়। বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের পাশাপাশি পুলিশের গাড়িতেও আগুন দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা বিধায়কদের বাড়িঘর ভাঙচুর করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

ঘটনার পর পাসিঘাট, মেবো ও রুকসিন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারার অধীনে বিধিনিষেধ জারি রেখেছে কর্তৃপক্ষ।

গত সপ্তাহের সহিংস বিক্ষোভের ঘটনায় একাধিক মামলা দায়ের করেছে অরুণাচল প্রদেশ পুলিশ। এ পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও আটজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

এদিকে সিয়াং উপত্যকার অস্থিরতার মধ্যে অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলাতেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সেখানে প্রস্তাবিত আপার সুবানসিরি জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে ১২ ঘণ্টার বন্ধ কর্মসূচি পালন করেছে টাগিন স্টুডেন্টস ইউনিয়ন।

জেলার সদর দপ্তর দাপোরিজোতে কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সড়কে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

শনিবার রাতে টাগিন স্টুডেন্টস ইউনিয়নের সভাপতির বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে আটক করার চেষ্টা করা হয়েছে— এমন অভিযোগের প্রতিবাদে সংগঠনটি বন্ধ কর্মসূচির ডাক দেয়। একই সঙ্গে ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার প্রস্তাবিত আপার সুবানসিরি জলবিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিও তারা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে যুবদলকর্মী হত্যা মামলায় আসামি বিএনপি নেতা কাঞ্চন মোল্লা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


বরিশালে যুবদলকর্মী হত্যা মামলায় আসামি বিএনপি নেতা কাঞ্চন মোল্লা

বরিশালের উজিরপুরে যুবদলকর্মী কাওছার হাওলাদার হত্যা মামলায় সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাঞ্চন মোল্লাকে এজাহারভুক্ত ৬ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিএনপি তাকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করেছে।

রোববার (২৫ অক্টোবর) উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস. সরফুদ্দিন আহমেদ সান্টু, সিনিয়র সহসভাপতি এসএম আলাউদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান স্বাক্ষরিত পত্রে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মো. কাঞ্চন মোল্লা সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে, দলের নীতি-আদর্শ ও সংহতিবিরোধী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তাকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, কাঞ্চন মোল্লা উজিরপুরের সাতলায় যুবদলকর্মী কাওছার হাওলাদার হত্যা মামলার ৬ নম্বর এজাহারভুক্ত আসামি। তবে তার পক্ষ থেকে বহিষ্কারের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আসামি কাঞ্চন মোল্লার বিষয়ে জানতে চাইলে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, "শুধু ৬নং আসামি নয়, পলাতক সকল আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।"

উল্লেখ্য, শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উজিরপুর উপজেলার প্রত্যন্ত পশ্চিম সাতলায় যুবদলকর্মী কাওছার হাওলাদারকে (৩২) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যাকাণ্ডের পর সন্ত্রাসীরা ঢাকায় পালানোর চেষ্টা করছিল। শুক্রবার রাতেই উজিরপুর মডেল থানা পুলিশ আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় পদ্মা সেতু দক্ষিণ টোল প্লজা এলাকায় মাইক্রোবাসসহ নয়জনকে গ্রেপ্তার করে। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

এর আগে শনিবার (২৪ অক্টোবর) দুই আসামির বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এদিন নিহতের ভাই মোস্তফা হাওলাদার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%