০২:২১ পি.এম
ঢাকা, ১৬ জুন, ২০২৬ : নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিক্রেতারা জানিয়েছেন যে, আদা, রসুন ও পেঁয়াজসহ বেশ কয়েকটি পণ্যের দাম কমেছে।
তবে ক্রেতাদের মতে, পোলাওয়ের চালের দাম কিছুটা বেড়েছে।
মঙ্গলবার সকালে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম রাজধানীর মহাখালী কাঁচাবাজার ও মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান।
আরও পড়ুন: ত্রিপল মার্ডারের আসামি মোতাহারকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হল
প্রতিমন্ত্রী পরিদর্শনকালে বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে সরবরাহ ও বিপণন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তিনি বাজারে উপস্থিত ক্রেতাদের সঙ্গে কথা বলে সার্বিক মূল্য পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত নেন।
তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বাজার মনিটরিং করছেন উল্লেখ করে বলেন, গতকাল কারওয়ান বাজার পরিদর্শন করেছি এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গেও কথা বলেছি। আজও দুটি বাজার পরিদর্শন করে ভোক্তাদের সন্তুষ্টির চিত্র দেখতে পেয়েছি।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করছে, জনগণের সন্তুষ্টির প্রতি সরকার সব সময় সজাগ থাকবে।’
তিনি আরও বলেন, ‘ব্যবসায় টিকে থাকতে হলে লাভ করতে হবে, তবে অতিরিক্ত দাম বাড়িয়ে ভোক্তার ওপর চাপ সৃষ্টি করা যাবে না।’ ভোক্তাদের স্বার্থ রক্ষায় সরকারের তদারকি ও উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি জানান।
আরও পড়ুন: ইবি ছাত্রদলের বিক্ষোভ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদ
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আরও বলেন, বাজারে অধিকাংশ নিত্যপণ্যের দাম বর্তমানে স্থিতিশীল রয়েছে।
এ সময় বিক্রেতারা জানান, বাজারে পণ্যের সরবরাহ পর্যাপ্ত রয়েছে এবং সাম্প্রতিক সময়ে আদা, রসুন ও পেঁয়াজের দাম কিছুটা কমেছে।
বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিমন্ত্রী প্রতিটি দোকানে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশনা দেন।
পরিদর্শনকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন